বৈদেশিক আয় দিয়ে ব্যয় মিটছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাল দেওয়া যাচ্ছে না বৈদেশিক খাত। আয় দিয়ে ব্যয় মিটছে না। তাই হিসাব মেলাতে হিমশিম খেতে হচ্ছে সরকারকে।প্রতিদিনই কমছে বিদেশি মুদ্রার মজুদ (রিজার্ভ)। বাড়ছে ডলারের দাম। আর এর প্রভাবে মূল্যস্ফীতির ওপর চাপ বাড়ছে।গত ছয় বছরের বেশি সময় ধরে চলতি খাতের আয়-ব্যয়ে ছিল উদ্বৃত্ত। কিন্তু গেল অক্টোবর মাসের হিসাবে দেখা যাচ্ছে, সেখানেও এখন ঘাটতি। এতে অস্বস্তিতে পড়েছেন নীতিনির্ধারকেরা।বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খানের (সদ্য সাবেক বাণিজ্যমন্ত্রী) নেতৃত্বে একদল ব্যবসায়ী গত জুনে আফ্রিকায় কৃষিজমি কিনতে মূলধন আকারে দেশ থেকে বিদেশি মুদ্রা নিয়ে যেতে ব্যাপক তৎপরতা চালিয়েছিলেন। তখন বলা হচ্ছিল, বাংলাদেশ ব্যাংক নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে বসে আছে। কিন্তু কয়েক মাসেই পরিস্থিতি উল্টে গেছে। রিজার্ভ নেমে এসেছে ৯২৫ কোটি (৫ ডিসেম্বরের দিন শেষের হিসাবে) ডলারে। এ দিয়ে মাত্র ৭০-৭২ দিনের আমদানি ব্যয় মেটানো সম্ভব। সাধারণভাবে বলা হয়, অন্তত তিন মাসের আমদানি ব্যয়ের পরিমাণ রিজার্ভ থাকা প্রয়োজন।বৈদেশিক খাতের এই ভারসাম্যহীনতায় সামষ্টিক অর্থনীতিতে সংকট দেখা দিয়েছে। রপ্তানি-আয়ে প্রবৃদ্ধি হলেও তার চেয়ে বেশি হারে বেড়েছে আমদানি। এত দিন এই বাণিজ্য ঘাটতি মেটানো হতো প্রবাসীদের পাঠানো আয় (রেমিট্যান্স) দিয়ে। কিন্তু বিশ্ব-অর্থনীতিতে মন্দার পাশাপাশি মধ্যপ্রাচ্যজুড়ে রাজনৈতিক অস্থিরতায় এ খাতে প্রবৃদ্ধি আর আগের মতো নেই। আবার আশানুরূপ বৈদেশিক সাহায্যও মিলছে না, কিন্তু ব্যয় পরিকল্পনা আগের মতোই। এরই মধ্যে পুরো বছরের ব্যয় মেটানোর অর্থ ইতিমধ্যেই সরকার ব্যাংক খাত থেকে ধার করে নিয়েছে। প্রকল্প সাহায্যের বৈদেশিক মুদ্রা না এলেও স্থানীয় মুদ্রার বিনিময়ে তা আমদানি করা হয়েছে। এতে সাম্প্রতিক সময়ে বৈদেশিক লেনদেনের ভারসাম্যে বড় ধরনের চাপ তৈরি হয়েছে।আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি মিশন দেশে অবস্থান করছে। বাংলাদেশকে ১০০ কোটি ডলারের ঋণসহায়তা দেওয়া যায় কি না, তার বিচার-বিশ্লেষণ করছে দলটি। সরকারি সূত্রগুলো জানাচ্ছে, আইএমএফের দৃষ্টিভঙ্গি হলো, সাশ্রয়ী মূল্যে ঋণ পেতে হলে অর্থনীতির নানা ক্ষেত্রে শৃঙ্খলা থাকতে হবে।সামগ্রিক বিষয় নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, বহুমাত্রিক চ্যালেঞ্জের মধ্যে পড়েছে দেশের অর্থনীতি। এত দিন অভ্যন্তরীণ ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ ছিল, কিন্তু এখন আন্তর্জাতিক পরিস্থিতি তার সঙ্গে যুক্ত হয়েছে। তিনি পরামর্শ দেন, এখনই সরকারকে এসব স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ব্যয় সংকোচনের পাশাপাশি অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো ভালো ব্যবস্থাপনায় আনতে এবং বিদেশ থেকে অর্থ আনতে সঠিক পদক্ষেপ নিতে হবে।লেনদেন-পরিস্থিতি: গত অক্টোবর মাসে চলতি হিসাবে ঘাটতি হয়েছে ৩৭ কোটি ২০ লাখ ডলার। নভেম্বর মাসে এই ঘাটতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। কেননা এই সময়ে প্রবাসী-আয় কমেছে, তৈরি পোশাক খাতেও রপ্তানি-আয় কমবে বলে মনে করা হচ্ছে।চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে রপ্তানি-আয় হয়েছে ৮১৮ কোটি ডলার বা প্রবৃদ্ধি ২১ দশমিক ৪২ শতাংশ। এ সময়ে আমদানি ব্যয় হয়েছে এক হাজার ১২৮ কোটি ডলার বা ৩১ দশমিক ৭৮ শতাংশ। তাই বাণিজ্য ঘাটতি ৩১০ কোটি ডলার। এর সঙ্গে সেবা খাতে আয়-ব্যয়, বিদেশি বিনিয়োগের মুনাফা স্থানান্তরের অঙ্কটা অনেক বড়। বিপরীতে প্রবাসী-আয় হয়েছে ৪০১ কোটি ডলার বা প্রায় ১২ শতাংশ।অন্যদিকে অক্টোবর পর্যন্ত মূলধনি আয় হয়েছে সামান্য। এতে সামগ্রিক লেনদেন ঘাটতি হয়েছে ৩৮ কোটি ৪০ লাখ ডলার। এ সময়ে নেট বৈদেশিক আয় হয়েছে মাত্র ৮৮ লাখ ডলার।আমদানিতে নজরদারি: পরিস্থিতি সামলাতে বাংলাদেশ ব্যাংক আমদানি ব্যয়ের বিভিন্ন ক্ষেত্রে নজরদারি বাড়ানোর পদক্ষেপ নিচ্ছে। বিশ্লেষণ করা হচ্ছে তথ্য-উপাত্ত। কয়েকটি ক্ষেত্রে হঠাৎ অতিরিক্ত আমদানিও নজরে এসেছে।সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় কেন্দ্রীয় ব্যাংকের কাছে অপ্রয়োজনীয় আমদানি পণ্যের তালিকা চেয়েছিল। কিন্তু বাংলাদেশ ব্যাংক বলছে, তাদের কাছে অপ্রয়োজনীয় পণ্য বলে কোনো তালিকা নেই।মুদ্রানীতির পদক্ষেপ: সূত্র বলছে, গেল সপ্তাহে ব্যাংক খাতে কিছুটা অতিরিক্ত তারল্য সৃষ্টি হয়েছিল। আন্তব্যাংক মুদ্রা বাজারে কলমানির সুদের হারও ছিল বেশ নিম্নমুখী, ৬-৭ শতাংশ।এই তারল্যের কারণে আমদানি বাড়ার প্রবণতা এবং আরেক দফা মূল্যস্ফীতির আশঙ্কা থেকে যায়। এ বিবেচনায় ডিসেম্বরের শুরুতে বাংলাদেশ ব্যাংক ট্রেজারি বিলের রেপো নিলামে সুদের হার কিছুটা বাড়ানোর চিন্তা করেছিল। লক্ষ্য ছিল ‘টাকা সস্তা’ ভাবটি আটকে দেওয়া। এতে কলমানি ও ব্যাংকঋণের সুদহার কিছুটা বেড়ে আমদানি প্রবণতা কমবে। কিন্তু, শেয়ারবাজারের ক্রমহ্রাসমান পরিস্থিতিতে দোদুল্যমানতায় ছিল কেন্দ্রীয় ব্যাংক। শেষ পর্যন্ত গত বুধবার থেকে রেপো নিলামে অর্থ ছাড় বা ব্যাংকগুলোকে তারল্যসহায়তা কমিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ খবরে কলমানির সুদ বেড়ে হয় ১৪-১৫ শতাংশ, আর বৃহস্পতিবার তা হয়েছে ২২ শতাংশ। এদিন এক দিনের শর্তে ডলার-টাকা বিনিময় (সেল-বাই সোয়াপ) ও আন্তব্যাংক রেপোর সুদ হয় ৩৫ শতাংশ।বিদেশ থেকে বেসরকারি খাতের ঋণ চেষ্টা: বাজেটে ব্যাংকঋণের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও সরকারের অর্থের চাহিদা এখনো মেটেনি। আবার বিদেশি মুদ্রারও জোগান প্রয়োজন। এসব কারণে সার্বভৌম ঋণ নেওয়ার পরিকল্পনা চলছে। যদিও ইতালি সম্প্রতি বন্ড ছেড়ে যে ঋণ নিয়েছে, তার সুদহার ছিল সাড়ে ৭ শতাংশ। এ পরিস্থিতিতে বাংলাদেশের মতো ছোট ও দুর্বল অর্থনীতির দেশ বন্ড ছাড়লে বিদেশিদের কাছে তা আকর্ষণীয় হবে কি না, সে প্রশ্নও রয়েছে। আবার বাংলাদেশে বিদেশি মুদ্রার রিজার্ভও কম। এই অবস্থায় বন্ডের সুদও বেশি হবে।মালয়েশিয়া থেকে বন্ড ছেড়ে সস্তায় অর্থ সংগ্রহ করা হবে বলে সরকারের বিভিন্ন পক্ষ থেকে বলা হচ্ছে। এ নিয়ে সমালোচনাও রয়েছে। কেননা, মালয়েশিয়ায় সারা বিশ্বের অনেক কালোটাকা (অবৈধ আয়) জমা আছে, যার মধ্যে বাংলাদেশিদেরও অর্থ রয়েছে। অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানো অর্থ দেশে ঢোকাতেই এজাতীয় ঋণ নিতে কেউ কেউ উৎসাহ দিচ্ছে কি না, সে প্রশ্নও উঠেছে।