বৈদেশিক সাহায্য থেকে বঞ্চিত হবে বাংলাদেশ
পদ্মা সেতুর দুর্নীতির কারণে বাংলাদেশ ভবিষ্যতে বৈদেশিক সাহায্য থেকে বঞ্চিত হবে বলে আশঙ্কা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।আজ রোববার ‘পদ্মা সেতুর ঋণচুক্তি বাতিল ও সরকারের ভূমিকা’ শীর্ষক এক মুক্ত আলোচনায় মোশাররফ হোসেন এ আশঙ্কা প্রকাশ করেন। জাতীয় প্রেসক্লাবের সামনে হূদয়ে বাংলাদেশ নামের একটি সংগঠনটি এ আলোচনার আয়োজন করে।খন্দকার মোশাররফ বলেন, বিশ্বব্যাংককে অন্যান্য দাতাগোষ্ঠী ও সংস্থা অনুসরণ করে। এরই মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে এসেছে। দাতা সংস্থাগুলোর বৈঠক বাতিল হয়েছে। বাংলাদেশে বিশ্বব্যাংকের আরও ছয়টি প্রকল্প হুমকির মুখে পড়েছে।পদ্মা সেতুর দুর্নীতির সঙ্গে জড়িতদের নাম প্রকাশ করা এবং বিশ্বব্যাংকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, নিশ্চয়ই এমন স্পর্শকাতর ব্যক্তিরা এখানে জড়িত আছেন, যাঁদের নাম বলা যাবে না। এ জন্য সরকার চিঠির বিষয়বস্তু প্রকাশ করছে না বলে তিনি অভিযোগ করেন।বিশ্বব্যাংক পদ্মা সেতু বিষয়ে এখনো এক টাকাও ছাড় দেয়নি, তাহলে দুর্নীতি কীভাবে হলো প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে খন্দকার মোশাররফ বলেন, বাংলাদেশে যখন কোনো টেন্ডার হয়, তখন ঠিকাদারেরা অগ্রিম ঘুষ দিয়ে টেন্ডার গ্রহণ করেন। এটা সবাই জানে। জনগণকে বিভ্রান্ত করার জন্য প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী এসব কথা বলছেন।কারা, কোথায় দুর্নীতি করছে—এটি প্রধানমন্ত্রী ও সরকারই জনগণের চেয়ে ভালো জানে মন্তব্য করে মোশাররফ বলেন, প্রধানমন্ত্রী যে নিজের ফোন নম্বর ও ই-মেইল ঠিকানা দিয়েছেন, এটি একধরনের ধোঁকাবাজি।