বৈদ্যুতিক খুঁটি কেনা ও পোঁতা বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর
নতুন করে বৈদ্যুতিক খুঁটি কেনা ও পোঁতা নিষিদ্ধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত দেন। বৈঠকে উপস্থিত একাধিক নির্ভরযোগ্য সূত্রে এ খবর জানা গেছে। সূত্র জানায়, প্রধানমন্ত্রী নতুন করে বৈদ্যুতিক খুঁটি কেনার খবরে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন। তিনি এ বিষয়ে বিদ্যুৎপ্রতিমন্ত্রী এনামুল হকের কাছে কৈফিয়ত চান। প্রধানমন্ত্রী বলেন, দেশের যেসব জায়গায় লাইন আছে, সেসব জায়গায়ই বিদ্যুৎদেওয়া যাচ্ছে না। এ রকম পরিস্থিতিতে নতুন করে বৈদ্যুতিক খুঁটি কেনা ও পোঁতায় জনগণকে ভুল ধারণা দেওয়া হচ্ছে। উত্পাদনে ঘাটতি থাকায় নতুন করে বিদ্যুৎসরবরাহের সুযোগ তো এ মুহূর্তে নেই। কারা বৈদ্যুতিক খুঁটি কিনছে এবং পোঁতার কাজ করছে, তাদের শনাক্ত করে শিগগিরই বিস্তারিত জানানোর জন্য বিদ্যুৎমন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, গত ২১ মার্চ প্রথম আলোয় ‘তবু ৫১ হাজার খুঁটি ক্রয়’ শিরোনামে একটি সংবাদ পরিবেশিত হয়। ‘পল্লী বিদ্যুতায়ন বোর্ড’ (আরইবি) প্রায় ৫১ হাজার খুঁটি কিনছে। গত বছরের জুলাই মাসে এর দরপত্র আহ্বান করা হয়।