বৈদ্যুতিক খুঁটি নিয়ে বেড়াবাসীর দুর্ভোগ
পাবনার বেড়া উপজেলার বিভিন্ন বাজারসহ কিছু সড়কে অপরিকল্পিতভাবে স্থাপন করা বৈদ্যুতিক খুঁটিগুলোর কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। এ ছাড়া খুঁটিগুলোর কারণে মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটছে। জানা গেছে, বেড়া উপজেলায় বিদ্যুৎ সরবরাহের জন্য খুঁটি স্থাপন, তার টানানোসহ যাবতীয় বৈদ্যুতিক অবকাঠামো স্থাপনের দায়-দায়িত্ব পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর। সরেজমিনে ঘুরে দেখা গেছে, অনেক স্থানে বিশেষ করে উপজেলার বাজার এলাকাগুলোয় বৈদ্যুতিক খুঁটিগুলো স্থাপন করা হয়েছে সড়কের খানিকটা দখল করে। এসব খুঁটির অনেকই কম উচ্চতাবিশিষ্ট হওয়ায় এগুলো থেকে টানানো তার বেশ কিছু স্থানে ঝুঁকিপূর্ণ উচ্চতায় রয়েছে। বৈদ্যুতিক খুঁটি থেকে সড়ক পার হয়ে বাড়ি ও দোকানগুলোয় উঁচু ‘রোড ক্রসিং পাইপ’-এর মাধ্যমে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার নিয়ম থাকলেও তা কোথাও মানা হয়নি। ফলে রাস্তা ও সড়ক পার হওয়া বিদ্যুৎ সংযোগের তারগুলো বেশির ভাগ স্থানেই রয়েছে স্বল্প ও ঝুঁকিপূর্ণ উচ্চতায়। উপজেলার বিভিন্ন এলাকায় সড়কের ওপর খুঁটি থাকায় এবং বৈদ্যুতিক তার স্বল্প ও ঝুঁকিপূর্ণ উচ্চতায় হওয়ায় এলাকাবাসীকে শুধু দুর্ভোগই পোহাতে হচ্ছে না, মাঝেমধ্যে ঘটছে দুর্ঘটনা। বছর তিনেক আগে বেড়া পৌর এলাকার শম্ভুপুর মহল্লার সড়কে ট্রাকে চড়ে যাওয়ার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে দুজন শ্রমিক নিহত ও আটজন আহত হয়। এ ছাড়া প্রায়ই উপজেলার বিভিন্ন বাজার এলাকায় পণ্যবাহী ট্রাকের সঙ্গে জড়িয়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ছে। বেড়া বাজারের ইলেকট্রিক ব্যবসায়ী মো. মিকাইল বলেন, ‘মাসখানেক আগে আমার দোকানের সামনে দিয়ে ট্রাক যাওয়ার সময় এর সঙ্গে জড়িয়ে আমার দোকানসহ কয়েক দোকানের তার ছিঁড়ে যায়। ওই সময় আমার বৈদ্যুতিক মিটার বোর্ডসহ ছিটকে এসে রাস্তায় পড়ে টুকরো টুকরো হয়ে যায়। সেদিন অল্পের জন্য কয়েকজন পথচারী বেঁচে যায়। ট্রাকের ধাক্কায় তার ছিঁড়ে যাওয়ার মতো ঘটনা এ বাজারে প্রায়ই ঘটে।’বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসানুল মতিন বলেন, ‘উপজেলার বেশ কিছু স্থানে সড়কের ওপর বৈদ্যুতিক খুঁটি রয়েছে। এই স্থানগুলো যানবাহন চলাচলের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। আমি নিজেও এমন সড়কে চলতে গিয়ে দুর্ঘটনা থেকে কোনো রকমে বেঁচে গেছি। সড়কের ওপর থেকে খুঁটিগুলো সরানোর জন্য পল্লী বিদ্যুৎ সমিতিকে বলা সত্ত্বেও তারা এগুলো সরানোর উদ্যোগ নিচ্ছে না।’ পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বেড়া কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী হরেন্দ্রনাথ বর্মণ বলেন, ‘আমরা ইতিমধ্যেই দুর্বল ও নিচু খুঁটি পাল্টানোর কাজে হাত দিয়েছি। পর্যায়ক্রমে এ কাজটি চলতে থাকবে। আর কিছু স্থানে সড়কের ওপরে যে খুঁটিগুলো রয়েছে, সেগুলো সরানোর ব্যাপারে সড়ক ও জনপথের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। সওজ খুঁটি সরানোর ব্যয় বহন করলে আমরা দ্রুত খুঁটিগুলো সরিয়ে দেব।’