রোহিঙ্গাদের মধ্যে মিয়ানমারের বৈধ নাগরিক চিহ্নিত করতে শক্তিশালী আইনের শাসন এবং নাগরিকত্ব আইনের ওপর গুরুত্ব দিতে হবে। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি ইউরোপ সফর শেষে ফ্রান্সের রাজধানী প্যারিসে গত বৃহস্পতিবার দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।সু চি বলেন, ‘নাগরিকত্ব আইন অনুযায়ী রোহিঙ্গাদের অনেকে মিয়ানমারের নাগরিক। এ ব্যাপারে আমি নিশ্চিত। তবে প্রকৃত নাগরিকদের চিহ্নিত করার সামর্থ্য আমাদের থাকতে হবে। সাম্প্রদায়িক বিরোধ ও অনৈক্যের মূলে রয়েছে সংস্কৃতি ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি। এ সমস্যা সমাধানে সময় লাগবে। তবে আইনের শাসন বাস্তবায়নের মাধ্যমে তাৎক্ষণিক সংকট কাটানো যেতে পারে।’গণতন্ত্রপন্থী এই নেত্রী দাবি করেন, ‘মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে অনেক ফাঁকফোকর রয়েছে। সেখানকার অভিবাসন কর্তৃপক্ষ দুর্নীতিমুক্ত নয়। তা ছাড়া মিয়ানমার থেকে বাংলাদেশে চলে যাওয়া লোকজনকে বাংলাদেশ সব সময় মিয়ানমারের নাগরিক বলে থাকে। অন্যদিকে বাংলাদেশ থেকে আসা লোকজনকে মিয়ানমার কখনো নিজেদের বলে মেনে নেয় না। তাই এটি একটি সমস্যা। নাগরিকত্বের বিষয়টিও আরেকটি সমস্যা। আমাদের স্বচ্ছ ও শক্তিশালী নাগরিকত্ব আইন প্রয়োজন। আন্তর্জাতিকভাবে যাচাই-বাছাই করেই এই আইন প্রণয়ন করতে হবে।’বাংলাদেশ সীমান্তসংলগ্ন মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গায় চলতি মাসে অন্তত ৮০ জন নিহত হয়েছে।সাক্ষাৎকারে রোহিঙ্গা প্রসঙ্গ ছাড়াও সু চি বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করেন। নিজ দেশের নেতৃত্ব দিতে প্রস্তুত রয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ রকম সম্ভাবনার জন্য গণতন্ত্রে বিশ্বাসী সব দলের নেতাদের প্রস্তুতি থাকা উচিত।’সম্প্রতি ইউরোপের পাঁচটি দেশ সফরকালে উষ্ণ অভ্যর্থনা পাওয়ায় সু চি আনন্দ প্রকাশ করেন। শান্তিতে নোবেলজয়ী সু চি ২৫ বছর পর এই প্রথম ইউরোপ সফরে যান। দুই সপ্তাহব্যাপী সুইজারল্যান্ড, নরওয়ে, আয়ারল্যান্ড, ব্রিটেন ও ফ্রান্স সফর শেষে গতকাল শুক্রবার দেশে ফেরেন ৬৭ বছর বয়সী এই নেত্রী। সামরিক জান্তার শাসনামলে তাঁকে বছরের পর বছর ধরে অন্তরীণ রাখা হয়েছিল।সাক্ষাৎকারে সু চি বলেন, ‘বিশ্বের বিভিন্ন অঞ্চলের অসংখ্য মানুষ জানেন, আমরা কিসের লক্ষ্যে বার্মায় লড়াই করছি। আমাদের প্রতি এসব মানুষ যে সংহতি প্রকাশ করেছেন, তা সত্যিই বিস্ময়কর।’ মিয়ানমারে বর্তমান বেসামরিক সরকারের অধীনে ২০১৫ সালে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। এতে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) প্রতিদ্বন্দ্বিতা করবে। এ ব্যাপারে সু চি বলেন, কঠিন কাজটি এখনই শেষ করতে হবে। পরিস্থিতি কেমন হয়, তা দেখার জন্য ২০১৫ সাল পর্যন্ত অপেক্ষা করা চলবে না। ওই সময় কী হবে, আগামী তিন বছরেই তা নির্ধারিত হবে। এএফপি।