বৈদেশিক টেলিযোগাযোগ: অর্ধেক দামে বিদেশ থেকে টেলিফোন কল, দিনে সরকারের ক্ষতি ৫ কোটি টাকা, জড়িত প্রভাবশালীদের পাঁচ প্রতিষ্ঠান
বৈধ লাইসেন্সে অবৈধ ব্যবসা
সদ্য লাইসেন্স পাওয়া গেটওয়ে প্রতিষ্ঠানগুলোই এবার বিদেশি টেলিফোন কল আনা-নেওয়ার অবৈধ ব্যবসা করছে। এদের মধ্যে কমপক্ষে পাঁচটি ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) প্রতিষ্ঠান বিটিআরসির নির্ধারিত দামের অর্ধেকে বিদেশ থেকে কল আনছে। এর ফলে প্রতিদিন গড়ে পাঁচ কোটি টাকা করে মাসে ১৫০ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। অন্যদিকে নির্ধারিত দামের চেয়ে কম দামে বিদেশি কল বাংলাদেশে আনায় ক্ষতিগ্রস্ত হচ্ছে এ খাতের অন্যান্য প্রতিষ্ঠান। অবৈধ টেলিযোগাযোগ ব্যবসা বা অবৈধ ভিওআইপি বন্ধ করতে বর্তমান সরকার চলতি বছরের শুরুতেই টেলিযোগাযোগ খাতের তিন বিভাগে মোট ৮২টি গেটওয়ে লাইসেন্স দেয়। লাইসেন্সগুলো বিভিন্ন নামে নেওয়া হলেও প্রায় প্রতিটির পেছনে কোনো না কোনো রাজনৈতিক বা অবসরপ্রাপ্ত সামরিক-বেসামরিক প্রভাবশালী-ক্ষমতাধর ব্যক্তি রয়েছেন। এ ছাড়া একাধিক মন্ত্রী-সাংসদ নিজে কিংবা আত্মীয়ের নামেও লাইসেন্স নিয়েছেন। অবৈধ ব্যবসার সঙ্গে এসব প্রতিষ্ঠানই বেশি জড়িত বলে দুদক ও বিটিআরসি সূত্রে জানা গেছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (বিটিআরসি) নীতিমালা অনুযায়ী, বিদেশ থেকে দেশে টেলিফোন কল আসা-যাওয়া করবে গেটওয়ে বা আইজিডব্লিউর মাধ্যমে। নীতিমালায় তিন স্তরবিশিষ্ট অবকাঠামো তৈরি করা হয়েছে, যাতে কোনোভাবেই বিদেশি কল অবৈধ পথে আসা-যাওয়া না করে। ভয়েসের জন্য প্রথম স্তর আইজিডব্লিউ ও দ্বিতীয় স্তর ইন্টারকানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স) এবং ডেটা বা তথ্য পরিবহনের জন্য ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি)। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে নীতিমালা তৈরি করে ২০০৮ সালে নিলামের মাধ্যমে তিনটি বেসরকারি প্রতিষ্ঠানকে আইজিডব্লিউ, দুটি আইসিএক্স এবং একটি প্রতিষ্ঠানকে আইআইজি লাইসেন্স দেওয়া হয়। এর বাইরে একমাত্র সরকারি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) সব কটি গেটওয়ে লাইসেন্সের একটি করে পায়। এর পরে বর্তমান সরকার আসার পর কোনো নিলাম ছাড়াই দেওয়া হয় ৮২টি লাইসেন্স। প্রতি মিনিট বিদেশি (ইনকামিং) কল গ্রাহক পর্যায়ে পৌঁছানোর জন্য বিটিআরসির নির্ধারিত দাম তিন সেন্ট। অধিকাংশ আইজিডব্লিউ প্রতিষ্ঠান এর অর্ধেক বা তার চেয়েও কম দামে বিদেশের ক্যারিয়ারদের কাছ থেকে কল নিচ্ছে। বিষয়টি সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত দক্ষিণ এশীয় ক্যারিয়ার সম্মেলনে প্রকাশ হয়ে পড়ে। সেখানে অবৈধ কল টার্মিনেশনকে বৈধতা দেওয়ার অভিযোগে চিহ্নিত করা হয় পাঁচটি আইজিডব্লিউ প্রতিষ্ঠানকে। অনুসন্ধানে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে রাতুল টেলিকম লিমিটেড, টেলেক্স লিমিটেড, অ্যাপল নেটওয়ার্ক লিমিটেড, ভিশনটেল লিমিটেড ও ডিজিকন লিমিটেডের বিরুদ্ধে কম দামে বিদেশি কল দেশে এনে ব্যবসার প্রমাণ পেয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গত ১৬ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত ছয় দিনের কল টার্মিনেশন লিস্টে দেখা গেছে, দেশের নতুন-পুরোনো মিলিয়ে মোট ২৮টি আইজিডব্লিউ প্রতিষ্ঠান দেশে কল এনেছে ৬৪ কোটি ৯২ লাখ ৪৪ হাজার ৩৭০ মিনিট। দিনে গড়ে তিন কোটি নয় লাখ ১৬ হাজার ৩৯৯ মিনিট। টেলিযোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে দিনে গড়ে ১১ কোটি কলমিনিট বিদেশি কল আসে। কিন্তু এর অধিকাংশই আসে অবৈধ পথে। চলতি বছরের শুরুতে নতুন ২৪টি আইজিডব্লিউ লাইসেন্স দেওয়ার আগেও বাংলাদেশের বৈধ পথে গড়পড়তা পাঁচ কোটি কলমিনিট বিদেশি কল ঢুকত। যার রাজস্ব আয়ের ৬৭ শতাংশ পেত সরকার। কিন্তু গত তিন মাসের হিসাব অনুযায়ী, এখন ২৮টি আইজিডব্লিউ মিলেও দিন প্রতি গড় কলমিনিট চার কোটিতে উন্নীত করতে পারেনি। টেলিকম ইনফ্রাস্ট্রাকচার ওনার্স অব বাংলাদেশের (টিআইওবি) সভাপতি মীর নাসির প্রথম আলোকে বলেন, নতুন প্রতিষ্ঠানগুলোর অনেকেই কম দামে কল বাংলাদেশে আনছে, যা মোটেও ভালো কথা নয়। এতে অন্য প্রতিষ্ঠানগুলোর ব্যবসাও নষ্ট হচ্ছে। অভিযুক্ত পাঁচ প্রতিষ্ঠান: বিটিআরসি সূত্রে দেখা গেছে, গত ১৬-২০ নভেম্বর পর্যন্ত রাতুল টেলিকমের ইনকামিং কলের মিনিটের হার ছিল যথাক্রমে ৫৪ লাখ, ৫১ লাখ, ৫৫ লাখ, ৪৮ লাখ মিনিট। কিন্তু বিটিআরসির হঠাৎ নজরদারির কারণে ২০ নভেম্বর তা ২৮ লাখ কলমিনিট হয়ে বন্ধ হয়ে গেছে। এর পর থেকে রাতুলের পক্ষ থেকে কল আনা বা টার্মিনেট করা হয়নি। জানা গেছে, রাতুল টেলিকম নিউইয়র্কসহ বিভিন্ন দেশ থেকে বিদেশি (ইনকামিং) কল বাংলাদেশে নিয়ে আসে ১ দশমিক ৭৫ থেকে দেড় সেন্টে। এই প্রতিষ্ঠানটির মালিক মাহির আলী খান। এর সঙ্গে একজন প্রতিমন্ত্রী জড়িত আছেন। টেলেক্স লিমিটেডের মূল মালিকানা আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটেকের। ডিজিটেকের বিরুদ্ধে সম্প্রতি বিটিসিএলের বকেয়া না দেওয়া, অর্থ আত্মসাৎ এবং অবৈধ ভিওআইপির অভিযোগে মামলাও করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১৪ আগস্ট থেকে এটি বাণিজ্যিকভাবে কল টার্মিনেশনের কাজ শুরু করেই কম দামে সিঙ্গাপুর থেকে কল আনছে বাংলাদেশে। কলমিনিট দেড় সেন্ট করে। অ্যাপল নেটওয়ার্ক লিমিটেড গত ১৬ নভেম্বর পাঁচ লাখ, ১৭ নভেম্বর ২৫ লাখ, ১৮ নভেম্বর সাড়ে ৩৭ লাখ, ১৯ নভেম্বর ৪৪ লাখ, ২০ নভেম্বর ৩৬ লাখ, ২১ নভেম্বর ২২ লাখ মিনিট কল বাংলাদেশে এনেছে। এই আইজিডব্লিউ প্রতিষ্ঠানটির পেছনের শক্তি হচ্ছে বিটিসিএলের সাবেক সদস্য মোহাম্মদ তৌফিক এবং আইএসপি লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান অপটিম্যাক্স। অপটিম্যাক্সের চেয়ারম্যান একজন প্রভাবশালী কর্মকর্তা। ইতিমধ্যে অবৈধ ভিওআইপির সঙ্গে জড়িত থাকা ও ২০৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মোহাম্মদ তৌফিকের বিরুদ্ধে মামলা করেছে দুদক।ভিশনটেল লিমিটেডের মূল মালিক ছিলেন একজন প্রতিমন্ত্রীর ছেলে। পরে এই প্রতিষ্ঠানের শেয়ার হস্তান্তর করেন সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের দুই মেয়ে ও তাঁর বন্ধু সিঙ্গাপুরপ্রবাসী মো. বদিউজ্জামানের কাছে। এঁদের শেয়ারের পরিমাণ ৬০ শতাংশ বলে বিটিআরসি সূত্রে জানা গেছে। বর্তমানের ব্যবস্থাপনা পরিচালক মো. শরিফুল ইসলাম ও তাঁর স্ত্রীর নামে রয়েছে ১০ ভাগ শেয়ার। ডিজিকন টেলিকমিউনিকেশনস বাণিজ্যিকভাবে কোনো ব্যবসা শুরু না করলেও ২০-২৫ দিন ধরে কম দামে প্রচুর কল টার্মিনেট করছে। বিটিআরসির হিসাবে তা প্রায় এক কোটি কলমিনিট। কনফিডেন্স গ্রুপের এই প্রতিষ্ঠানের পেছনে রয়েছেন আওয়ামী লীগের একজন প্রভাবশালী সাংসদ। সরকারের রাজস্ব ক্ষতি: আইজিডব্লিউগুলো তিন সেন্টে একটি কল টার্মিনেট করলে টেলিযোগাযোগ আইন অনুযায়ী তার ৬৭ শতাংশ সরকারকে রাজস্ব (প্রফিট শেয়ারিং) দিতে হয়। হিসাব অনুযায়ী ওই পাঁচটি প্রতিষ্ঠানের মাধ্যমে দৈনিক গড়ে ৫০ লাখ মিনিট কল টার্মিনেট হচ্ছে। ফলে সরকারের লোকসান হচ্ছে দৈনিক অন্তত পাঁচ কোটি টাকা। মাসে দেড় শ কোটি টাকা। এ বিষয়ে বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস বলেন, ‘আমরা সরাসরি এখনো কাউকে কিছু বলিনি। তবে প্রতিটি অপারেটরকে সতর্ক করে দেওয়া হয়েছে যে, অন্যায়ের প্রমাণ পেলেই লাইসেন্স বাতিল করা হবে।’