বৈধ ১০, অবৈধ ৩৯!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উপ-অঞ্চলের এক কর্মকর্তার দপ্তরে পাওয়া গেল মাদকাসক্ত ও মনোরোগ চিকিৎসাকেন্দ্র ‘দিশারী’র প্রচারপত্র। দিশারী পরিচালনা করছে যাত্রাবাড়ী যুবকল্যাণ সংস্থা। ৫৫/১ উত্তর যাত্রাবাড়ীতে এর চিকিৎসাকেন্দ্র। মাদকাসক্তের চিকিৎসা করার জন্য তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে অনুমোদন (লাইসেন্স) নেয়নি। দিশারীর পরিচালক আবু সায়েম জানান, অক্সিজেন সিলিন্ডার ও ভবনে লিফট না থাকায় অনুমোদনের জন্য তাঁদের আবেদন জমা নেয়নি অধিদপ্তর। তাঁরা সব শর্ত পূরণে উদ্যোগ নিয়েছেন। অথচ ২০০১ সাল থেকে প্রতিষ্ঠানটি কার্যক্রম চালাচ্ছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উপ-অঞ্চলের তালিকা অনুযায়ী, ঢাকা মহানগরে এখন অনুমোদনবিহীন বেসরকারি মাদকাসক্তি নিরাময়কেন্দ্র আছে ৩৯টি। আর অনুমোদিত নিরাময়কেন্দ্রের সংখ্যা মাত্র ১০। অনুমোদন নিতে আবেদন করতে এসেছে এমন নিরাময়কেন্দ্র এবং কিছু এলাকায় জরিপের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে এ তালিকা করা হয়েছে। বাস্তবে অনুমোদনবিহীন নিরাময়কেন্দ্রের সংখ্যা আরও বেশি।অনুমোদনবিহীন নিরাময়কেন্দ্র বন্ধ করা হচ্ছে না কেন—জানতে চাইলে অধিদপ্তরের (ঢাকা মেট্রো উপ-অঞ্চল) উপ-পরিচালক মুজিবুর রহমান পাটোয়ারী জানান, ২০০৫ সালে বিধিমালা প্রণয়নের আগেই ঢাকায় বেশির ভাগ নিরাময়কেন্দ্র গড়ে উঠেছে। পরে তাদের কাছে একাধিক চিঠি দেওয়া হয়েছে, যাতে তারা অনুমোদন নিয়ে কেন্দ্র চালায়। তিনি দাবি করেন, কেন্দ্রগুলো বন্ধ করে দিলে অনেক মাদকাসক্ত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে। এ জন্য অনুমোদনবিহীন নিরাময়কেন্দ্রগুলোকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. ইউসুফ আলী মনে করেন, অনুমোদনবিহীন মাদকাসক্তি নিরাময়কেন্দ্র বন্ধ করা উচিত। অধিদপ্তরের ঢাকা মেট্রো উপ-অঞ্চলের সহযোগিতা পেলে তাঁরা বিধিমালার আলোকে এগুলো বন্ধ করে দিতে পারেন।বিধিমালা প্রয়োগে গড়িমসি: ২০০৫ সালের ২ জুলাই গেজেট হওয়া বেসরকারি পর্যায়ে মাদকাসক্তি পরামর্শকেন্দ্র, মাদকাসক্তি নিরাময়কেন্দ্র ও মাদকাসক্ত পুনর্বাসনকেন্দ্র প্রতিষ্ঠা ও পরিচালনা বিধিমালাটি বছর তিনেক অকার্যকর ছিল। অথচ গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নিরাময়, পরামর্শ ও পুনর্বাসনকেন্দ্রের অনুমোদনের জন্যে অধিদপ্তরে আবেদন করার কথা বিধিতেই বলা আছে। সময়মতো আবেদনের সব শর্ত পূরণ করতে না পারলে, শর্ত পূরণের জন্য ১৮০ দিন (ছয় মাস) সময় দেওয়ার সুযোগ রাখা হয় বিধিমালায়। কিন্তু ২০০৮ সালের জুন পর্যন্ত ঢাকা মহানগরে কোনো বেসরকারি মাদকাসক্তি নিরাময়কেন্দ্র অনুমোদন নেয়নি।২০০৮-এর জুন থেকে ২০০৯-এর নভেম্বর পর্যন্ত সময়ে ১০টি বেসরকারি মাদকাসক্তি নিরাময়কেন্দ্রের লাইসেন্স দেওয়া হয়। এগুলো হলো—মধ্যবাড্ডার সেতু, এলিফেন্ট রোডের সেবা, উত্তর গোড়ানের প্রশান্তি, মোহাম্মদপুর ইকবাল রোডের ক্রিয়া, মিরপুর-১-এর ঘরে ফেরা, উত্তরার লাইট হাউস, খিলক্ষেতের দিশা, গুলশান-২-এর মুক্তি, মণিপুরিপাড়ার হাইটেক ও বারিধারার প্রত্যয়।অনুমোদনবিহীন নিরাময়কেন্দ্রের হাল: ঢাকা মেট্রো উপ-অঞ্চল অনুমোদনবিহীন মাদকাসক্তি নিরাময়কেন্দ্রের তালিকায় উল্লেখ করা হয়েছে, অনুমোদনবিহীন নিরাময়কেন্দ্রগুলোকে অনুমোদন নেওয়ার জন্য অন্তত দুটি পত্র ও তাগিদপত্র দেওয়া হয়েছে। তখন অনেকে আবেদন করতে চাইলেও শর্ত পূরণ করতে না পারায় তাদের আবেদন জমা নেয়নি অধিদপ্তর।অধিদপ্তরের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, বেশির ভাগ কেন্দ্র বিধিমালার ৪ নম্বর বিধির উপবিধি ক, খ, গ ও ঘ পূরণ করতে পারেনি। এ উপবিধিগুলোতে বলা হয়েছে, মাদকাসক্তি নিরাময়কেন্দ্র আবাসিক এলাকায় সুরক্ষিত পাকা বাড়িতে করতে হবে। তাতে পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা থাকতে হবে। নিরাময়কেন্দ্র বহুতল ভবনের তৃতীয় তলা বা তার ওপরে হলে ওঠানামার জন্য লিফট থাকতে হবে। দশ শয্যার একটি নিরাময়কেন্দ্রে দুটি অক্সিজেন সিলিন্ডার (ফ্লো-মিটার ও মাস্কসহ) থাকতে হবে। রোগীর তথ্য সংরক্ষণে যথাযথ ব্যবস্থা থাকতে হবে। মাদকাসক্তের রক্ত, কফ, মলমূত্র প্রভৃতির পরীক্ষা করার জন্য কোনো ডায়াগনস্টিক সেন্টার বা প্যাথলজিক্যাল ল্যাবরেটরির সঙ্গে সংযুক্ত থাকতে হবে।বিধিমালায় থাকা কিছু শর্ত বাস্তবসম্মত নয় বলে স্বীকার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. ইউসুফ আলী। তিনি জানান, এ জন্য অনেকেই নিরাময়কেন্দ্রের অনুমোদন নেওয়ার জন্য আবেদন করতে পারছে না। কিছু শর্ত বাস্তবসম্মত করতে বিধিমালা সংশোধনের চেষ্টা চালানো হচ্ছে।অধিদপ্তরের ঢাকা মেট্রো উপ-অঞ্চলের চলতি বছরের এক প্রতিবেদন থেকে জানা যায়, অনুমোদনবিহীন বেসরকারি মাদকাসক্ত নিরাময়কেন্দ্রের মধ্যে উত্তরার দ্বীপ জ্বেলে যাই, পশ্চিম যাত্রাবাড়ীর হাদী মাদকতা হ্রাস কমপ্লেক্স, বাড্ডার ক্লিন লাইফ, এভারগ্রীন, নবজন্ম মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসনকেন্দ্র এবং রামপুরার সমর্পণ মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসনকেন্দ্র কার্যক্রম বন্ধ রেখেছে।ওই প্রতিবেদনে বলা হয়, খিলগাঁওয়ের তালতলায় (বাড়ি- ৫১৮) গিয়ে পাওয়া যায়নি আশার আলোর দপ্তর। আবার চালু থাকলেও মোহাম্মদপুরের জীবনের ঠিকানা, মিরপুর-১ কলওয়ালাপাড়ার গোল্ডেন লাইফ, গোলারটেকের নবস্বপ্ন পুনর্বাসন ও সমাজকল্যাণ সংস্থা, ইস্কাটন গার্ডেন রোডের সারডা, মালিবাগের হলি লাইফ বিধিমালার কোনো শর্তই যথাযথভাবে পালন করছে না। পূর্ব রামপুরার স্নেহনীড়, গ্রীনরোডের লাইফ অ্যান্ড লাইট হসপিটাল ও পশ্চিম যাত্রাবাড়ীর নতুন জীবন অনুমোদন নিতে অধিদপ্তরে আবেদন করা হয়েছে। এ কয়েকটি কেন্দ্রকে অনুমোদন দেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। অনুমোদনবিহীন বেসরকারি মাদকাসক্তি নিরাময়কেন্দ্রের তালিকায় উল্লেখ করা হয়েছে, লালবাগের বি সি দাস লেনের ক্রিয়া মধুমতি প্রকল্প বিনা মূল্যে মাদকাসক্তদের চিকিৎসাসেবা দিচ্ছে। সে ক্ষেত্রে তাদের অনুমোদন (লাইসেন্স) লাগবে কি না সেই সিদ্ধান্ত দিতে পারছে না অধিদপ্তরের ঢাকা মেট্রো উপ-অঞ্চল। তারা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে এ বিষয়ে সিদ্ধান্ত চেয়েছে।জানতে চাইলে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. ইউসুফ আলী বলেন, বর্তমান বিধিমালা অনুযায়ী বেসরকারি উদ্যোগে অনুমোদনবিহীনভাবে মাদকাসক্তি নিরাময়কেন্দ্র পরিচালনার কোনো সুযোগ নেই। সে জন্য কোনো নিরাময়কেন্দ্র বিনা মূল্যে মাদকাসক্তদের সেবা দিলেও তাদের অধিদপ্তরের অনুমোদন নিতে হবে।