লেফটেন্যান্ট কর্নেল এম এ তাহেরের গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের ওপর ২২ মার্চ রায়ের দিন ধার্য রাখা হয়েছে। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ গতকাল রোববার শুনানি গ্রহণের পর রায়ের জন্য এ দিন ধার্য করেন।পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলোকে বলেন, ‘আদালত ২২ মার্চ রায়ের দিন ঘোষণা করেছেন। চারটি রিট আবেদন রয়েছে। আমার কিছু বক্তব্য আছে। আদালত শুনানি নিয়ে ওই দিন রায় দেবেন।’এদিকে গতকাল এই বেঞ্চসহ দুটি বেঞ্চের বিচারিক এখতিয়ারে পরিবর্তন আনা হয়েছে। আইনজীবীরা জানান, সাধারণত এখতিয়ার পরিবর্তনের ফলে বেঞ্চ কোন ধরনের মামলা শুনবেন, সেই ক্ষেত্র পরিবর্তন হয়। তবে প্রধান বিচারপতির অনুমতিসাপেক্ষে এখতিয়ার পরিবর্তনের পূর্বে ওই বেঞ্চে বিচারাধীন যেকোনো মামলার রায় বেঞ্চ পরে দিতে পারেন।তাহেরের গোপন বিচার প্রশ্নে রিটের চূড়ান্ত শুনানিতে গতকাল আদালতে অ্যামিকাস কিউরি হিসেবে আইনজীবী এম জহির এবং এম আই ফারুকী বক্তব্য দেন। রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।জানা যায়, চূড়ান্ত শুনানিতে মতামত দিতে ইতিমধ্যে আইনজীবী ড. কামাল হোসেন, এম আমীর-উল-ইসলাম, এম জহির, ইউসুফ হোসেন হুমায়ুন, আক্তার ইমাম, এ এফ এম মেসবাউদ্দিন, আবদুল মতিন খসরু, জেড আই খান পান্না ও এম আই ফারুকীকে অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) নিয়োগ দেওয়া হয়। তাঁরা গত বুধবার থেকে আদালতে বক্তব্য দেওয়া শুরু করেন। ১৪ মার্চ মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলজ, এর আগে ঢাকার তৎকালীন (বিচার চলাকালীন) জেলা প্রশাসক এম এম শওকত আলী, বর্তমান জেলা প্রশাসক মো. মহিবুল হক আদালতে বক্তব্য দেন। যুক্তরাষ্ট্র থেকে লিখিত বক্তব্য পাঠান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নূরুল ইসলাম শিশু। গোপন বিচারে তাহেরের সঙ্গে সহ-অভিযুক্ত কয়েকজনও আদালতে বক্তব্য দেন।গতকাল মধ্যাহ্ন বিরতির পর শুনানিতে অংশ নিয়ে এম জহির বলেন, পঞ্চম সংশোধনী মামলার রায়ে যেসব ক্ষেত্রে নাগরিকের অধিকার ক্ষুণ্ন হয়েছে সেসব ক্ষেত্রে মার্জনা দেওয়া হয়নি। তাই তাহেরের বিচারের বিষয়টিও মার্জনা দেওয়া হয়নি। এ বিষয়টি নিষ্পত্তি করার এখতিয়ার আদালতের রয়েছে। তাহেরের সাজা হয়েছিল দণ্ডবিধির ১২১(এ) এবং মার্শাল ল রেগুলেশন (সামরিক আইন প্রবিধান)-১৩ অনুযায়ী। ফৌজদারি দণ্ডবিধির ওই ধারায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড নয়। তাই তাহেরকে যে সাজা দেওয়া হয়েছিল, তা অবৈধ। এ মামলার বিচারের নথি নষ্ট করা হয়েছে। কারণ যাঁরা বিচারটি করেছেন, তাঁরা জানতেন এতে ত্রুটি আছে।এর আগে এম আই ফারুকী বলেন, সংবিধানের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় তাহের সংগ্রাম করেছিলেন। তবে ষড়যন্ত্রের মাধ্যমে তাঁর কণ্ঠস্বর রুদ্ধ করতে বিচারের নামে প্রহসন করা হয়েছে। তখনকার ক্ষমতাসীন কর্তৃপক্ষ সচেতনভাবে সংবিধানের ভবিষ্যৎ সংশোধনীর আশায় এটা করেছিল। বিচারের নামে এটা ছিল ঠান্ডা মাথার খুন, যা কেন্দ্রীয় কারাগারে কঠোর গোপনীয়তার সঙ্গে অনুুষ্ঠিত হয়।রোকনউদ্দিন মাহমুদ বলেন, পঞ্চম সংশোধনীর রায়ে ১৯৭৫ ও ’৭৬ সালের সামরিক শাসন অবৈধ ঘোষণা করা হয়। আপিল বিভাগ তা বহাল রাখেন। ফলে ১৯৭৬ সালের মার্শাল ল-এর অধীনে গঠিত ট্রাইব্যুনাল থাকে না। তাই তাহেরের মৃত্যুদণ্ড ও ইনুসহ অন্যদের দেওয়া সাজা অবৈধ হয়ে গেছে। এ রিটে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য বিবেচনায় নেওয়ার এখতিয়ার আদালতের রয়েছে। ওই বিচার কোনো ঘটনাগত বিতর্কের বিষয়ও নয়।প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার তাহেরসহ ১৭ জনকে বিশেষ সামরিক ট্রাইব্যুনালের গোপন বিচারে ১৯৭৬ সালের ১৭ জুলাই সাজা দেওয়া হয়। ২১ জুলাই ভোররাতে তাহেরের ফাঁসি কার্যকর করা হয়। তাঁর গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে তাঁর ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আনোয়ার হোসেন, তাহেরের স্ত্রী লুৎফা তাহের এবং ওই বিচারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের স্ত্রী ফাতেমা ইউসুফ গত বছরের আগস্টে হাইকোর্টে রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ২৩ আগস্ট তাহেরের বিচারের জন্য সামরিক আইনের মাধ্যমে জারি করা আদেশ এবং এর আওতায় গোপন বিচার ও ফাঁসি কার্যকর করাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। ওই গোপন বিচারের মুখোমুখি অন্য ছয়জনের করা তিনটি রিটের পরিপ্রেক্ষিতেও আদালত রুল জারি করেন। ওই ছয়জন হলেন: জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সহসভাপতি রবিউল আলম, অবসরপ্রাপ্ত মেজর জিয়াউদ্দিন, হাবিলদার আবদুল হাই মজুমদার, করপোরাল শামসুল হক ও আবদুল মজিদ।