বৈমানিকদের বয়সসীমা বাড়িয়ে, মুক্তিযোদ্ধাদের না বাড়িয়ে বিপাকে বিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান নির্বাহী আদেশে তার বৈমানিকদের চাকরির বয়সসীমা বাড়িয়েছে। কিন্তু বৈমানিকেরা ওই আদেশ বাতিলের দাবিতে আন্দোলনে যাচ্ছেন। আবার সরকার মুক্তিযোদ্ধা গণকর্মচারীদের চাকরির বয়স দুই বছর বাড়িয়েছে। কিন্তু বাংলাদেশ বিমানে তা এখনো বাস্তবায়িত হয়নি। ফলে মুক্তিযোদ্ধারা দ্বারস্থ হচ্ছেন আদালতের। বিমান সূত্র জানায়, গত ৯ সেপ্টেম্বর বিমানের এক প্রশাসনিক আদেশে বৈমানিকদের চাকরির বয়স পাঁচ বছর বাড়িয়ে ৫৭ থেকে ৬২ বছর করা হয়। কিন্তু অধিকাংশ বৈমানিক এই আদেশের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তাঁদের অভিযোগ, তাঁদের সংগঠন বাংলাদেশ এয়ারলাইনস পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) সঙ্গে আলোচনা না করে চাকরির বয়সসীমা বাড়ানো হয়েছে এবং তাতে যেসব শর্ত দেওয়া হয়েছে, তা বৈমানিকদের জন্য সম্মানজনক নয়। বেশ কয়েকজন বৈমানিক প্রথম আলোর কাছে অভিযোগ করেন, বৈমানিকদের বিষয়ে বিমানের সঙ্গে বাপার চুক্তি রয়েছে। এই চুক্তির আওতায় তাঁদের চাকরি, পদোন্নতি, বেতন-ভাতা, অবসর—সবকিছু নির্ধারিত হয়। কিন্তু বয়স বাড়ানোর বিষয়টি নিয়ে বাপার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি।ক্ষুব্ধ বৈমানিকদের পক্ষে ক্যাপ্টেন মাকসুদ প্রথম আলোকে বলেন, ‘বিমান কর্তৃপক্ষ যদি মনে করে বৈমানিক দরকার এবং এ জন্য চাকরির বয়সসীমা বাড়ানো দরকার, তাহলে সেটা নিশ্চয়, সবাই চাইব। কিন্তু সেটা হতে হবে সম্মানজনকভাবে।’ তিনি বলেন, বাপার সঙ্গে বিদ্যমান চুক্তি অনুযায়ী বয়স বাড়ানোর বিষয়টি দ্বিপক্ষীয় বিষয়। এ বিষয়ে বাপার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত হওয়ার কথা। কিন্তু তা না করে কর্তৃপক্ষ একটা প্রশাসনিক আদেশ দিয়ে মুখের ওপর সিদ্ধান্ত ছুড়ে দিয়েছে।’আরও কয়েকজন জ্যেষ্ঠ বৈমানিক অভিযোগ করেন, এ ক্ষেত্রে বাপার কার্যকরী কমিটি বা সদস্যদের সম্পূর্ণ অবজ্ঞা করে কতিপয় ব্যক্তির স্বার্থে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে। বৈমানিকদের অভিযোগ বাপার সভাপতির বিরুদ্ধেও। ৫ অক্টোবর বাপা বিশেষ সাধারণ সভা করে সভাপতি আশরাফ খানের বিরুদ্ধে অনাস্থা দেন ১০৫ জন বৈমানিক। এরপর বাপার কার্যকরী পরিষদের সিদ্ধান্তে সভাপতির পদ শূন্য ঘোষণা এবং আশরাফ খানের সদস্যপদ সাময়িকভাবে বাতিল করা হয়। বাপার সাধারণ সম্পাদক ক্যাপ্টেন মাহতাব এর সত্যতা স্বীকার করেছেন। জানতে চাইলে আশরাফ খান প্রথম আলোকে বলেন, ‘হ্যাঁ, এ রকম একটা কিছু চলছে।’বাপার আরেক সদস্য জানান, বয়স বাড়ানোর প্রশাসনিক আদেশ বাতিল করার দাবি করছেন বৈমানিকেরা। না হলে তাঁরা আন্দোলনে যাবেন। ২০ অক্টোবর বাপার সাধারণ সভায় এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।জানতে চাইলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাকিউল ইসলাম প্রথম আলোকে বলেন, সার্বিক অবস্থা বিবেচনা করেই পরিচালনা পর্ষদ বৈমানিকদের বয়স বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে সবাই লাভবান হবেন। তিনি বলেন, এ সংক্রান্ত আদেশ বাতিল বা বৈমানিকদের দাবি সম্পর্কে তিনি অবহিত নন। তবে এই আদেশের বিরুদ্ধে বৈমানিকেরা আদালতে গিয়ে তিন মাসের স্থগিতাদেশ পেয়েছেন বলে তিনি জানান। এদিকে আরেক সংকট দেখা দিয়েছে মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীদের চাকরির বয়স না বাড়ানো নিয়ে। গত বছর ৩১ ডিসেম্বর ‘মুক্তিযোদ্ধা গণকর্মচারীদের চাকরি হতে অবসর গ্রহণের বয়স বৃদ্ধি’ শীর্ষক সংস্থাপন মন্ত্রণালয় থেকে জারি হওয়া পরিপত্রে মুক্তিযোদ্ধাদের চাকরির বয়সসীমা ৫৯ বছর করা হয়। তাঁদের মধ্যে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) থাকা গণকর্মচারীদের পুনরায় নিয়োগের বিধান করা হয়। এর আগে গণকর্মচারী অবসর আইন ১৯৭৪ সংশোধন করে জাতীয় সংসদে আইন পাস করা হয়। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় সূত্র জানায়, এ ব্যাপারে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরিপত্রটি মন্ত্রণালয় থেকে বাংলাদেশ বিমানের সিইওর কাছে পাঠানো হয়েছে গত ২৭ জানুয়ারি।বিমানের মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের অনেকে অভিযোগ করেছেন, তাঁদের অবসরের বয়সসীমা বাড়ানোর ব্যাপারে বিমান কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত এখনো নেয়নি। এর মধ্যে ৫৭ বছর চাকরি শেষে শিগগির অবসরে যাবেন, এমন চারজন হাইকোর্টে রিট আবেদন করে স্থগিতাদেশও পেয়েছেন। পর্যায়ক্রমে বাকিরাও আদালতে যাবেন বলে তাঁরা জানিয়েছেন।সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বর্তমানে বিমানের নিজেদের মুক্তিযোদ্ধা দাবি করা কর্মকর্তার সংখ্যা ৬৩। তাঁদের মধ্যে মুক্তিযোদ্ধা হিসেবে সনদ আছে ২৬ জনের। জানতে চাইলে বিমানের সিইও জাকিউল ইসলাম প্রথম আলোকে বলেন, মুক্তিযোদ্ধা কর্মকর্তারা আবেদন করেছেন। কিন্তু বিমান এখন পাবলিক লিমিটেড কোম্পানি (পিএলসি)। তাই বয়সসীমা বাড়ানোর ওই সরকারি আদেশ বিমানের জন্য প্রযোজ্য কি না, এ নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। এ ব্যাপারে পরিচালনা পর্ষদ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে উপমহাব্যবস্থাপক পদমর্যাদার এক মুক্তিযোদ্ধা কর্মকর্তা বলেন, পাবলিক লিমিটেড কোম্পানি (পিএলসি) হলেও বিমানের শতভাগ মালিকানা সরকারের হাতে। তা ছাড়া বিমানের সবাই সরকারি নিয়মানুযায়ী যদি পেনশন পেতে পারেন, সে ক্ষেত্রে বয়সসীমা বাড়ানোর সরকারি সিদ্ধান্ত কেন এখানে কার্যকর হবে না।