বৈমানিকের কর্মব্যস্ত একটি দিন
৫ মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফার্স্ট অফিসার ফারিয়েল আহমেদের ডিউটি ছিল ঢাকা-চট্টগ্রাম-ঢাকা। সকাল থেকেই তাঁর এই যাত্রাপথে ঢাকা থেকে চট্টগ্রামে গিয়ে ফিরে এসে সারা দিন সঙ্গে ছিলেন তৌহিদা শিরোপা ও আলোকচিত্রী খালেদ সরকারএকটু দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস। কিন্তু ফ্লাইট থাকলে তাঁর কোনো উপায় নেই। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে হয়। স্বামীর সঙ্গে চা খেয়ে তৈরি হতে থাকেন। গাড়ি এলে বেরিয়ে পড়েন বিমানবন্দরের উদ্দেশে। চ্যালেঞ্জিং এই পেশাকে খুব উপভোগ করেন তিনি। বিমান বাংলাদেশ এয়ারলাইনস এফ-২৮-এর ফার্স্ট অফিসার ফারিয়েল আহমেদের কথা বলছিলাম। পরিবারের অনেকে বৈমানিক হওয়ায় এর সঙ্গে পরিচয় ঘটেছে ছেলেবেলায়। সে কারণে এই জীবন যাপনের সঙ্গে সখ্য আছে তাঁর। স্বামী জাহিদ হোসেনও একজন বৈমানিক।ফারিয়েল আহমেদের কর্মব্যস্ত একটি দিন দেখতে সকালে হাজির হলাম তাঁর উত্তরার বাসায়। সকালের চা পর্ব শেষ। বৈমানিকের নির্দিষ্ট পোশাক পরে এবং সঙ্গে একটি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নির্ধারিত গাড়িতে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। গাড়িটি থামে বিমান অপারশেন বিল্ডিংয়ের সামনে। দিনের প্রথম কাজটি শুরু হয় এখান থেকে। হাজিরা খাতায় সই করে ব্রিফিং নেন। সেদিনের ফ্লাইট ছিল অভ্যন্তরীণ রুটে। ঢাকা-চট্টগ্রাম-ঢাকা। ফলে সেদিনের আবহাওয়া কেমন, বাতাসের বেগ, আর্দ্রতা, চট্টগ্রাম বিমানবন্দরে নামতে অসুবিধা হলে অন্য কোথায় বিমান অবতরণ করবে, বিশিষ্ট কোনো ব্যক্তি এই বিমানে যাচ্ছেন কি না—নানা বিষয়ে ব্রিফিং নিয়ে নেন ফারিয়েল। এরপর ডোমেসটিকে অপেক্ষা করতে থাকেন নির্ধারিত গাড়ির জন্য। সেই গাড়ি তাঁকে নিয়ে যাবে বিমানের কাছে। সকালের ব্রিফিং অনুযায়ী ককপিটের সবকিছু সেট করতে থাকেন। সেদিনের যাত্রীসংখ্যা, মোট লাগেজে-ফুয়েলের পরিমাণসহ মোট ওজন জেনে নেন। এগুলো এক জায়গায় লিপিবদ্ধ করাকে ট্রিমশিট বলে। এসব অনুযায়ী বিমানটি কত গতিতে যাবে, তা নির্ধারণ করা হয়। পুরোপুরিভাবে একাধিকবার পর্যবেক্ষণ করেন। ককপিট ও কেবিন প্রস্তুত হলেই যাত্রীদের আসার ঘোষণা দেওয়া হয়। সকাল নয়টায় চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে বিমানটি। ককপিটে ফার্স্ট অফিসার ফারিয়েলের সঙ্গে মূল নেতৃত্বে ছিলেন আরেকজন বৈমানিক। ১৫ হাজার ফুট উচ্চতায় বিমানটি যাত্রা শুরু করে। এর আগে রানওয়েতে একবার বিমানটিকে ঘুরিয়ে চেক করে নেওয়া হয়। ককপিটে বসে ফারিয়েল তাঁর নির্ধারিত কাজ করতে থাকেন। আধা ঘণ্টা পর বিমানটি চট্টগ্রামে এসে পৌঁছায়। এর মধ্যে কত ফুয়েল খরচ হয়েছে তাসহ আনুষঙ্গিক সবকিছু লিখে রাখতে হয়। আধা ঘণ্টা বিরতি দিয়ে আবার ঢাকার পথে যাত্রা। বেলা ১১টায় ঢাকায় অবতরণ করে বিমানটি। যাত্রী নেমে যাওয়ার পর এয়ারটাইম, ব্লকটাইম লগবুকে লিখে রাখেন ফারিয়েল। এই যাত্রার যাবতীয় হিসাব বুঝিয়ে দিয়ে তবেই নামেন তিনি। সেখান থেকে আবার বাসা। সকালের গাড়িতে করেই ফেরেন। সেদিনের মতো যাত্রা শেষ—এ রকম একটি খাতায় সই করে দেন। অনেকেই ভাবেন, এত অল্প সময় কাজ করেন! অন্যান্য পেশার থেকে কম সময় দিতে হলেও আসলে কাজটি কত গুরুত্বপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। বললেন ফারিয়েল।বাসায় ফেরেন দুপুরের আগেই। তাঁর স্বামীর সেদিন কোনো ফ্লাইট না থাকায় দুপুরের খাবার একসঙ্গে সেরে ফেলেন। খুব ক্লান্ত না থাকলে ফারিয়েলই রান্না করেন। রান্না করতে তাঁর খুব ভালো লাগে। ফ্লাইট থাকলে বেশ খানিকটা সময় বিশ্রাম নিতে হয়। বিকেলের দিকে দুজন বেরিয়ে পড়েন। ফারিয়েল বলেন, ‘আমরা দুজনেই ঘুরতে ভালোবাসি। জীবনটাকে উপভোগ করছি। আর জাহিদের সমর্থন ও সহযোগিতার কারণে সবকিছুই সহজে হয়। একই পেশায় থাকায় পরস্পরকে বুঝি আমরা। আমাদের বোঝাপড়াটা অনেক ভালো।’ সন্ধ্যায় এক ঘণ্টা নিয়ম করে হাঁটেন দুজনে। মাঝে মধ্যে বন্ধুদের সঙ্গে আড্ডাও দেন। রাতে পড়াশোনা নিয়ে বসেন ফারিয়েল-জাহিদ। নয়টার মধ্যে রাতের খাবার খেয়ে ফেলেন। এরপর নিজেদের মতো করে কাজ করতে থাকেন। সকালের কাজ রাতেই কিছুটা এগিয়ে রাখেন। হাতের কাছে প্রিয় কোনো চলচ্চিত্র থাকলে দেখতে বসে যান। সব মিলিয়ে ভীষণ সুখী এই বৈমানিক দম্পতি। এই পেশায় কাজ করতে পেরে তাঁরা গর্বিত। ফারিয়েল বলেন, ‘এখানে নারী-পুরুষ ভেদাভেদ নেই। যোগ্যতা প্রমাণ করেই এগিয়ে যেতে হয়।’