বৈশাখী উৎসবে বিপুল প্রাণের উচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশির প্যাঁ পোঁ, ঢোল-ডুগডুগির ডুমডুম বেতাল বাজনা, গানের সুর আর জনকলরবের বিপুল ঐকতানে উচ্চ নিনাদময় দিনমান। ভোর থেকে ঢাকা নগরের পথে পথে মিছিলের মতো সুসজ্জিত মানুষের স্রোত। রমনা থেকে চানখাঁরপুল, পল্টন থেকে নীলক্ষেত আনন্দের ঊর্মিমুখর জনসমুদ্র। রূপ-রস, বর্ণে-গন্ধে তাতে উঠে এসেছিল বাংলার চিরন্তন লোকসংস্কৃতির বৈচিত্র্যময় উপাদান সম্ভার। স্বতঃস্ফূর্ত প্রাণের আবেগে বৃহস্পতিবার আমজনতা আপন ঐতিহ্যের উদ্যাপনে মেতে উঠেছিল বৈশাখী উৎসবে।কখন, কত ভোরে পথে নেমেছিল ভোরের প্রতীক্ষায় থাকা মানুষ! ছায়ানটের প্রভাতি অনুষ্ঠান শুরু হয় ভোর ছয়টায়। কিন্তু এর আগেই তো রমনা জনতায় সয়লাব। পথে পথে আনন্দের যাত্রীদল। বরাবরের মতোই ধারণা ছিল, তাপসনিঃশ্বাসবায়ে সুয্যি মামা জ্বালাতনের চূড়ান্ত করে ছাড়বে। কিন্তু এবার বোধ হয় অন্য রকম ছিল তার ভাবনা। সকাল থেকেই দেখা গেল, ওর বেশ প্রশান্ত মেজাজ। আকাশেও জলভরা মেঘের আনাগোনা। নিরুত্তাপ ফিকে রোদের আলোয় উদ্ভাসিত চরাচর। বিনোদনপিয়াসীদের আর পায় কে। ছুটির দিনে পথে যানচলাচল কম। ওদিকে নিরাপত্তারক্ষীরা উৎসবের কেন্দ্রীয় এলাকায় যানবাহনের প্রবেশ বন্ধ করে দিয়েছেন। অতএব হাঁটতে থাকো, ছুটতে থাকো হাতে হাত ধরাধরি করে। মনের সুখে ফুঁকে যাও ফুটপাতের পসরা থেকে কেনো মোহন বাঁশি। রসনার তৃপ্তি মেটাতে কিনে খাও কাসুন্দি দিয়ে কাঁচা আমের ভর্তা বা ফালি ফালি করে কাটা কচি শসা। মুড়ি-মুড়কি, খাজা-গজা, বাতাসা, চিনির ছাঁচ সবই হাতের নাগালে। বিক্রেতারা বোতলে ভরা ঠান্ডা পানি নিয়ে প্রস্তুত তেষ্টা মেটাতে। নগরবাসীর হাঁটার অভ্যাস বিলুপ্তপ্রায়। তাই শখের হাঁটা হাঁটতে গিয়ে মাঝেমধ্যে ক্লান্তি ভর করে। গাছের তলা, সারা ফুটপাত, সড়কদ্বীপ, পথের বিভাজক হয়ে উঠেছিল অবারিত আসন। ক্লান্তি বোধ হলেই নির্দ্বিধায় বসে গেছে যে যেখানে পেরেছে। মাথায় কাগজের রোদ এড়ানোর টুপি, গালে-বাহুতে বৈশাখী নকশা। লাল-সাদা বৈশাখের রং হিসেবে সর্বজনমান্যতা পেয়েছে ঢের আগেই। নারীর পরনে লাল-সাদার নকশা করা তাঁতের শাড়ি। কেউ কেউ পরেছেন আটপৌরে ধাঁচে। মায়ের সঙ্গে ছোট্ট মেয়েটি বা কিশোরীটির পরনেও তা-ই। অনেকে আবার সালোয়ার-কামিজে মানানসই অলঙ্কার ও কেশবন্ধনে পরিপাটি। পুরুষও সাজগোজবিমুক্ত নন। তাঁদের পরনে সূচিকর্মখচিত পাঞ্জাবি বা ফতুয়া। তরুণদের মাথায় জাতীয় পতাকার ছাপ দেওয়া ব্যান্ড। সবাই চলছে এ পথ থেকে ও পথে, উদ্যান থেকে প্রাঙ্গণে ছিল তাদের পথ চলাতেই আনন্দ।বৈশাখী উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা এবার পথে নেমেছিল সকাল নয়টা ১৫ মিনিটে। ‘এসো সত্য এসো সুন্দর এসো মুক্তি’ স্লোগান নিয়ে এই শোভাযাত্রায় ছিল অতিকায় এক কুমির। কুমিরটি যুদ্ধাপরাধীদের প্রতিকৃতি। এ ছাড়া ছিল বিশাল আকারের ময়ূর, কাকাতুয়া, লোকশিল্পের আঙ্গিকে ফুল, পাখি, বাঘ, পেঁচা, ফড়িং, প্রজাপতিসহ বিভিন্ন ধরনের শত শত মুখোশ। চারুকলার শিক্ষার্থীদের সঙ্গে হাজার হাজার মানুষ শোভাযাত্রায় অংশ নেয়। ঢাক, ঢোল, একতারা, বাঁশিসহ হরেক রকমের বাদ্যযন্ত্রের বাজনায় চারদিক কাঁপিয়ে শোভাযাত্রাটি শেরাটন হোটেলের সামনে থেকে ঘুরে টিএসসি চত্বর হয়ে আবার চারুকলা অনুষদের সামনে এসে শেষ হয়। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিটিতেই এবারের মঙ্গল শোভাযাত্রায় প্রধান করে তুলে ধরা হয়েছিল বছর শুরুর দিনে। শোভাযাত্রা শেষে জনতা সেই দাবিতে সোচ্চার হয়ে স্লোগান দেয়।সারা দিন ধরেই এবার ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন ছিল শহরজুড়ে। এ ছাড়া ট্রাকে মঞ্চ করে চলমান অনুষ্ঠানেরও ব্যবস্থা ছিল। মহল্লার মোড়ে দেখা গেছে ছোট ছোট মঞ্চ করে স্থানীয় শিল্পীরা গানবাজনার আয়োজন করেছেন। রমনা ও সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে নাগরদোলার সারি। তাতে চড়ে ঘুরপাক খেতে আগ্রহের কমতি ছিল না কারও। আর যানবাহন চলছিল না বলে এবার হাইকোর্টের সামনে থেকে শাহবাগ হয়ে দোয়েল চত্বর দিয়ে শহীদ মিনার—পুরো এলাকার পথের পাশ দিয়ে বসে গিয়েছিল হরেক রকমের পণ্যের পসরা। সেখানে কাচের চুড়ি, শোলার পাখি, নলখাড়ার বাঁশি, ঢোল-ডুগডুগি থেকে শুরু করে রান্নাঘরের জন্য বঁটি-খুন্তি অবধি হরেক রকমের গ্রামীণ মেলায় লোকজ কারুপণ্য বিকিয়েছে দেদার। জনতার ঢল নেমেছিল ধানমন্ডির লেকের পাড়েও। উভয় পাশে ছোট ছোট অনুষ্ঠান হয়েছে। এখানেও ছিল নাগরদোলা, চরকি, খাজা-গজার পসরা। লেকের পাড়ে গাছতলায় বসে দীর্ঘ আড্ডায় মেতেছে অনেকে। একই রকম পরিবেশ ছিল জাতীয় সংসদের সামনে ও পেছনের চন্দ্রিমা উদ্যানে। দুপুরের দিকে কেউ কেউ বাড়ি ফিরেছে, অনেকে ফেরেনি। তবে বেলা গড়ানোর পর লোকসমাগম আবার বাড়তে থাকে। বিকেলে এসব এলাকায় তিলধারণের ঠাঁই ছিল না।দিনে দিনে নগরজীবনে বর্ষবরণের বৈশাখী উৎসবে যেমন জনসাধারণের অংশগ্রহণ বাড়ছে, তেমনি এই সুযোগটি কাজে লাগাতে বাণিজ্যিক প্রচারের চটকও বেড়েছে। বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান এবার রমনা উদ্যান ও পার্শ্ববর্তী এলাকায় মঞ্চ করে গানের অনুষ্ঠান করেছে। এর মধ্যে এমন ধরনের গানও পরিবেশিত হয়েছে, যার সঙ্গে আদৌ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের কোনো সম্পর্ক রয়েছে কি না সন্দেহ। শিল্পীদের সাজসজ্জা ও পরিবেশনার রীতি নিয়েও ছিল জনতার আপত্তি। তাদের প্রবল আপত্তির কারণে অন্তত একটি কোমল পানীয়র প্রচারমূলক অনুষ্ঠান মাঝপথে থামিয়েও দিতে হয়েছে। পরে গানের ধরনধারণ বদলে লোকসংগীত দিয়ে তাদের অনুষ্ঠান করতে হয়। এ ছাড়া পথে পথে ছিল তাদের অজস্র ব্যানার, বিলবোর্ড, গাছের শাখায় ঝুলিয়ে দেওয়া হয়েছিল বোর্ডে ছাপা হরেক কিসিমের প্রচারপত্র। গাড়িতে করে বিলি করা হয়েছে কাগজের হাতপাখা, রোদ বাঁচানো টুপি ইত্যাদি। এসব চটকদার প্রচারের ডামাডোলে পয়লা বৈশাখের নাগরিক উৎসবকে মনে হয়েছে অনেকটাই যেন বিজ্ঞাপনী মোড়কে জড়ানো কোনো প্রচারাভিযান।সন্ধ্যার পরও শহরজুড়ে ছিল উৎসবের রেশ। উৎসবমুখর মানুষ যখন ঘরে ফিরেছে, তখন উঠেছিল ঝোড়ো হাওয়া। সঙ্গে বৃষ্টি। বৈশাখ তার স্বরূপেই এল প্রথম দিনে।