শাহবাগ মোড় পেরিয়ে চারুকলা অনুষদের মূল দরজায় ঢুকতেই দেখা গেল উৎসবমুখর পরিবেশ। করিডরের একটি অংশকে আলাদা করা হয়েছে। সেখানে থরে থরে সাজানো মাটির সরা। দেয়ালে শোভা পাচ্ছে জলরঙের চিত্রকর্ম। ভেতরে আরেকটু এগিয়ে দেখা গেল নানা কাজে ব্যস্ত শিক্ষার্থীরা। কেউ বিভিন্ন আকৃতির কাগজ কাটছেন। চৈত্রের খরতাপ, রোদ উপেক্ষা করে তাঁরা বিরামহীন কাজ করে যাচ্ছেন। বাঙালির প্রাণের আয়োজন ‘নববর্ষ বরণ’ উদ্যাপনের প্রস্তুতির চিত্র এটি। প্রকৃতিতে বৈশাখের আগমনধ্বনি শোনা যাচ্ছে। পয়লা বৈশাখ দরজায় কড়া নাড়ছে। বর্ষবরণ উৎসব ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ বরাবরের মতো এবারও ব্যাপক আয়োজনের প্রস্তুতি নিয়েছে। প্রায় এক মাস আগে থেকে চলছে ২৫তম মঙ্গল শোভাযাত্রার এই আয়োজন। জয়নুল গ্যালারির সামনেই মাটির চিত্রিত সরা আর জলরঙের ছবির যে প্রদর্শনী দেখা গেল, তা উৎসবের তহবিল গঠনের জন্য। বৈশাখী উৎসবের সর্বজনীন চরিত্রটি অক্ষুণ্ন রাখার জন্যই এই আয়োজনে কোনো বহুজাতিক প্রতিষ্ঠানের সহায়তা নেওয়া হয় না। শিক্ষক আর শিক্ষার্থীদের এসব শিল্পকর্ম বিক্রির অর্থেই উৎসবের খরচ মেটানো হয়।কথা হলো প্রতিষ্ঠানের শিক্ষার্থী সিনথিয়া আরেফিনের সঙ্গে। তিনি জানালেন, সরাগুলো বিক্রি হচ্ছে ২৫০ থেকে এক হাজার টাকায়। আকৃতি ও মানের ওপর নির্ভর করে ছবিগুলো বিক্রি হচ্ছে ১৫০০ থেকে তিন হাজার টাকায়। শিক্ষকদের আঁকা ছবিগুলো ১০ হাজার থেকে ৪৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। নানা বয়সী, নানা পেশার মানুষ কিনতে আসছেন এসব শিল্পকর্ম। প্রতিবছরই নববর্ষের মঙ্গল শোভাযাত্রায় একটি প্রধান ভাবনা থাকে। সেটি প্রধান প্রতীক করে ফুটিয়ে তোলা হয়। এবারের ভাবনা ‘রাজাকারমুক্ত বাংলাদেশ/মুক্তিযুদ্ধ অনিঃশেষ’। অশুভ শক্তির প্রতীকী হিসেবে এবার মঙ্গল শোভাযাত্রায় বিশাল আকৃতির একটি সরীসৃপ ধরনের প্রাণী রাখা হবে। যুদ্ধাপরাধী, মানবতাবিরোধী ও মৌলবাদী গোষ্ঠীর চেহারা তুলে ধরতেই এ আয়োজন। এই অপশক্তির বিনাশ কামনায় বৈশাখ বরণ উৎসব উদ্যাপিত হবে বলে জানালেন চারুকলার অধ্যাপক শিল্পী নিসার হোসেন। তিনি বলেন, ‘বাঙালির অসাম্প্রদায়িক চেতনায় আঘাত হানতে মরিয়া এখন মৌলবাদীরা। এই সময় বৈশাখ আমাদের অনুপ্রেরণা হয়ে কাজ করবে। ঘুরে দাঁড়ানোর সাহস জোগাবে। আমরা সেই ঘুরে দাঁড়ানোর প্রতীক্ষা করে আছি।’ বৈশাখ বরণের এই প্রস্তুতি পর্বের নেতৃত্বে রয়েছেন চারুকলার স্নাতকোত্তর দ্বিতীয় পর্বের শিক্ষার্থীরা। আর বরাবরের মতোই প্রাক্তন শিক্ষার্থীরাও প্রাণের টানে ছুটে আসেন তাঁদের প্রিয় চারুকলায় এই উদ্যাপনকে সফল করতে। শোভাযাত্রার প্রস্তুতি নিয়ে কাজ করছিলেন মানবেন্দ্র ঘোষ, শিমুল দত্ত, শাম্মি আখতার, তাহমিনা হাফিজ, ইয়াসমিন ঝুমাসহ অনেকে। তাঁরা জানালেন, শোভাযাত্রা মূল অনুষঙ্গের পাশাপাশি থাকছে বিদ্রোহের প্রতীক ষাঁড়, হাতির পিঠে যোদ্ধা মুষ্টিবদ্ধ হাত, ঘোড়া, শান্তির পায়রা ইত্যাদি। শহরজুড়ে বৈশাখ বরণের আমেজ: শুধু চারুকলা অনুষদই নয়, বৈশাখ বরণের আমেজ ছড়িয়ে পড়েছে সারা শহরে। ধানমন্ডি লেকের পাশে গতকাল বুধবার দেখা গেল, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা নির্মাণ করছেন বিভিন্ন রকমের ভাস্কর্য। প্রতিষ্ঠানের চারুকলা বিভাগের সমন্বয়কারী শিল্পী শাহজাহান আহমেদ জানান, তাঁরা বরাবরের মতো এবারও ধানমন্ডি এলাকায় ‘বাংলা শোভাযাত্রা’ বের করবেন। প্রতিষ্ঠানের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর পাশাপাশি ধানমন্ডি এলাকার বাসিন্দারাও এতে অংশ নেবেন। এ শোভাযাত্রায় থাকবে ময়ূর, পিঁপড়া, টমটম গাড়ি, হাতি, টেপা পুতুলসহ নানা সামগ্রী। এ ছাড়া পয়লা বৈশাখ উপলক্ষে রাজধানীতে, দোকানে দোকানে বিক্রি হচ্ছে লাল-সাদা রঙের পোশাক। বেইলি রোডসহ বিভিন্ন এলাকায় বৈশাখী মেলাও শুরু হয়েছে। মাটির তৈরি বিভিন্ন সামগ্রীর কদর বেড়েছে। শিশু একাডেমী, মিরপুর স্টেডিয়ামের পাশে দেখা গেল, মাটির সামগ্রী বিক্রির অস্থায়ী দোকানগুলোতে প্রচুর বিক্রি হচ্ছে। একাডেমীর গেটের পাশে বিক্রেতা জানান, বৈশাখের দিন যতই ঘনিয়ে আসছে, মাটির তৈরি বিভিন্ন সামগ্রীর কদর ততই বাড়ছে। বছরের এই সময়টাতে বিক্রি সবচেয়ে বেশি হয়।