বৈশাখী টিভির প্রতিবেদক কামরান করিম উল্লাপাড়ায় উদ্ধার
বৈশাখী টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক কামরান করিমকে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলস্টেশন-সংলগ্ন আমান সিমেন্ট মিলস লিমিটেডের পাশের জমি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেল চারটার দিকে উল্লাপাড়া থানার পুলিশ তাঁকে উদ্ধার করে।গতকাল মঙ্গলবার সকালে অফিসে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। কামরানের স্ত্রী নাজিয়া বিনতে হামিদ এ ব্যাপারে রাতেই বাড্ডা থানায় জিডি করেন।উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, আজ বেলা সাড়ে তিনটার দিকে একটি মাইক্রোবাসে করে কামরানকে চোখ বেঁধে আমান সিমেন্ট মিলস লিমিটেডের পাশের জমিতে ফেলে যায় অপহরণকারীরা। এ সময় পাশের বাসিন্দা বাবলু নামের এক ব্যক্তি তাঁকে অচেতন অবস্থায় দেখে উল্লাপাড়া থানায় খবর দেন। এরপর অসুস্থ অবস্থায় উদ্ধার করে তাঁকে থানায় নিয়ে আসা হয়। তাঁকে ব্যাপক নির্যাতন করা হয়েছে বলে তাজুল হুদা জানান। এ ব্যাপারে কামরানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে জানান, অপহরণের পর থেকে তাঁর কোনো জ্ঞান ছিল না। চোখ বাঁধা থাকায় তিনি কাউকে চিনতে পারেননি। তবে তাঁকে ব্যাপক শারীরিক নির্যাতন করে মাইক্রোবাসের নিচে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছিল।এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁকে উল্লাপাড়া থানায় চিকিত্সা দেওয়া হচ্ছিল।