বৈশাখে অপি করিমের নাটক
পড়াশোনার জন্য অপি করিম এখন জার্মানিতে রয়েছেন। গত বছরের ডিসেম্বরে কিছুদিনের জন্য দেশে এসেছিলেন তিনি। আবার ফিরে যান এ বছরের ২ জানুয়ারি। যাওয়ার আগেই কয়েকটি নাটকের কাজ করেন তিনি। তারই একটি হচ্ছে একক নাটক ‘নৈবেদ্য’। নাটকটি পয়লা বৈশাখে আরটিভিতে দেখানো হবে। এটি লিখেছেন শাহিদা আকতার। পরিচালক নুযহাত আলভী আহমেদ। নাটকে অপির সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন সজল।নাটকটির পরিচালক আলভী আহমেদ জানান, মানুষের মধ্যে ভালোবাসার যে দায়িত্ববোধ, সেটাই নৈবেদ্য নাটকের বিষয়বস্তু।নাটকটির গল্প সম্পর্কে তিনি বলেন, ‘নাটকের গল্পে দেখা যাবে, সজল ও অপি করিম একে অপরকে অনেক ভালোবাসে। তাদের ভালোবাসাকে পূর্ণতার রূপ দিতে সজলকে বিয়ে করতে চায় অপি করিম। কিন্তু সজল গড়িমসি করে। একসময় অপি জানতে পারে সজল অন্য একটি ধর্মাবলম্বী। অপির ধর্ম আর সজলের ধর্ম ভিন্ন। আর তখনই নাটকটি তখন মোড় নেয় আরেক নাটকীয়তায়’।শুটিং চলাকালীন নৈবেদ্য নাটকটি সম্পর্কে অপি করিম বলেছিলেন, ‘নাটকটির নাট্যকার আমার স্বামী মাসুদ হাসান উজ্জ্বলের বড় বোন। তাঁর লেখা আমার অনেক পছন্দ। তাই কাজটি করতে ভালো লাগাটাই স্বাভাবিক। তিনি এও বলেছিলেন, নৈবেদ্য নাটকের গল্পের কোথায় যেন একটা মুগ্ধতা আছে। আশা করছি, নাটকটি দেখলেই সেটা সবাই টের পাবেন।’পয়লা বৈশাখে আরটিভিতে রাত সাড়ে আটটায় দেখানো হবে নৈবেদ্য নাটকটি।উল্লেখ্য, অভিনয়শিল্পী অপি করিম ২০১০ সালের ১ অক্টোবর জার্মানির ব্যানবুর্গে অ্যানহাল্ট বিশ্ববিদ্যালয়ে ল্যান্ডস্কেপ আর্কিটেকচার বিষয়ে স্নাতকোত্তর করার জন্য পাড়ি জমান। বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের পরীক্ষায় ভালো ফলাফলের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০১২ সালের জানুয়ারিতে অপি করিমকে ‘অ্যাওয়ার্ড ফর এক্সামপ্লরি পারফর্মেন্স’-এ ভূষিত করেন। ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগের ভাইস প্রেসিডেন্ট আইনার ক্রেজলার আনুষ্ঠানিকভাবে অপি করিমের হাতে পুরস্কারটি হস্তান্তর করেন।