বৈশাখে কৃষ্ণকলির ‘বুনোফুল’
গায়িকা কৃষ্ণকলি ইসলামের দ্বিতীয় একক অ্যালবাম প্রকাশিত হয় গত বছর। এর পরই তৃতীয় এককের কাজ শুরু করে দেন এই গায়িকা। এবার মৌলিক নয়, সাঁওতাল এবং ঝুমুর গান নিয়ে অ্যালবামটি করেছেন তিনি। অ্যালবামটির নাম ‘বুনোফুল’। এতে সাতটি সাঁওতালি এবং দুটি ঝুমুর গান রয়েছে। সব গানের সংগীতায়োজন করেছেন অর্ক। ‘আগন্তুক’ চলচ্চিত্রের একটি গানের অবলম্বনে একটি সাঁওতালি গান লিখেছেন কৃষ্ণকলি নিজেই। গানটির শিরোনাম ‘চাঁদ উঠেছে ওই’। অন্য গানগুলোর শিরোনাম ‘আগা ডালে বোসো কোকিল’, ‘আমার ঘরকে ভাদু এলেন’, ‘আমার তুসু ধনে’, ‘সান্তাল করেছে ভগবান’, ‘দালান দিলি মহল দিলি’ ও ‘কৃষ্ণকালা’। ঝুমুর গান দুটি হলো ‘ফুলগাছটি লাগোয়েছিলাম’ ও ‘কালো জলে কুজলা তালে’।‘বুনোফুল’ অ্যালবাম প্রসঙ্গে কৃষ্ণকলি বলেন, ‘সাঁওতাল গানের প্রতি ছোটবেলা থেকেই আমার ঝোঁক ছিল। একটা পর্যায়ে ঝুমুর গানও ভালো লাগে। এ ছাড়া আমার আশপাশের লোকজন বলল সাঁওতাল ও ঝুমুর গান নিয়ে অ্যালবাম করলে মন্দ হয় না। তাই এ ধরনের একটি অ্যালবাম করতে আগ্রহী হই।’কৃষ্ণকলি আরও বলেন, ‘এ ধরনের গান করার ক্ষেত্রে এমনিতেই অনেক কিছু খেয়াল করতে হয়। চেষ্টা করেছি, গানগুলোর দায়িত্বশীল উপস্থাপনের।’জানা গেছে, আসছে পয়লা বৈশাখের আগে বেঙ্গল মিউজিকের ব্যানারে অ্যালবামটি প্রকাশ করা হবে।উল্লেখ্য, কৃষ্ণকলির প্রথম একক অ্যালবাম ‘সূর্যে বাঁধি বাসা’ প্রকাশিত হয় ২০০৭ সালে। চার বছর পর গত বছরের ফেব্রুয়ারিতে আসে দ্বিতীয় একক ‘আলোর পিঠে আঁধার’।