বৈশাখে নওশীন-হিল্লোলের ‘হ্যালো অমিত’
পয়লা বৈশাখেই আসছে হিল্লোল ও নওশীন জুটির প্রথম চলচ্চিত্র ‘হ্যালো অমিত’। ইতিমধ্যে ৪ মার্চ থেকে রেডিওতে ছবিটির গান মুক্তি দেওয়া হয়েছে। মার্চ মাসের শেষের দিকে অডিও সিডি আকারে হ্যালো অমিত ছবির গান বাজারে ছাড়া হবে বলে জানিয়েছেন পরিচালক শঙ্খ দাশ গুপ্ত।ছবির গল্প প্রসঙ্গে শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘এক তরুণের চলচ্চিত্র নির্মাতা হওয়ার স্বপ্ন নিয়ে এ ছবির কাহিনি। একজন বড় নির্মাতা হওয়ার স্বপ্ন দেখে সে। ছবিতে নওশীন একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত। সিনেমা বানানোর জন্য তাঁর কাছ থেকে টাকা ধার নেয় হিল্লোল। এভাবেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চায় সে।’নওশীন বলেন, ‘এটি আমার দ্বিতীয় ছবি। এর আগে আমি “শুয়াচান পাখি” চলচ্চিত্রে কাজ করেছিলাম। অবশ্য সে ছবির কাজ এখনো শেষ হয়নি। হ্যালো অমিত ছবির গল্পটি ভালো, তাই কাজ করছি। আমার বিশ্বাস, খুব ভালো একটি ছবি উপহার দিতে যাচ্ছি আমরা।’হ্যালো অমিত চলচ্চিত্রের মাধ্যমে এবারই প্রথম অভিনয় করছেন হিল্লোল। হিল্লোল-নওশীন ছাড়া হ্যালো অমিত ছবিতে আরও অভিনয় করছেন মাসুদ আলী খান, শামস সুমন, ইলোরা গহর, ফেরদৌস হাসান, সোহেল খান প্রমুখ।২০১০ সালে ১৫ সেপ্টেম্বর মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে উত্তরায় হ্যালো অমিত চলচ্চিত্রের শুটিং শুরু হয়। উত্তরার আপন ঘর শুটিং বাড়িতে আয়োজিত সেদিনের মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জায়দান রাব্বি ও জামালউদ্দিন, চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সহসভাপতি খোরশেদ আলম, ছবির পরিচালক শঙ্খ দাশগুপ্ত, অভিনয়শিল্পী হিল্লোল, নওশীনসহ আরও অনেকে।