বৈশাখে বিষাদ
বাড়ির বাইরে সেবারই প্রথম পয়লা বৈশাখ। ঢাকার পয়লা বৈশাখ উদ্যাপন দেখার ইচ্ছা ছিল। বন্ধুরাও থাকার জন্য অনুরোধ করেছিল। শেষ পর্যন্ত থেকে গেলাম। সেই থাকাটাই কাল হলো। পয়লা বৈশাখে হারিয়েছি আদরের ছোট বোন রুমিকে। পয়লা বৈশাখের আনন্দ আমাদের পরিবারকে স্পর্শ করে না। ২০০৩ সালের ১৪ এপ্রিল খুলনার বাড়িতে বখাটের হাত থেকে নিজেকে রক্ষা করতে আত্মহত্যা করে রুমি। এপ্রিল মাস এলেই এখনো কেমন যেন ভয় লাগে। মনে হয় এই মাসটি যদি বাদ দেওয়া যেত! সব এলোমেলো হয়ে যায়। রুমি চলে যাওয়ার পর থেকে এখনো পয়লা বৈশাখ বাড়িতেই থাকি। আমাদের খুলনার বাড়িটি বিক্রি করে সাতক্ষীরায় এখন থাকেন বাবা-মা। রুমিকে ছাড়া আজও সময় কাটতে চায় না তাঁদের।ছোট পরিবার আমাদের। বাবা সরকারি কর্মকর্তা ছিলেন। আর দশটা মধ্যবিত্ত পরিবারের মতো আমাদেরও চাওয়া কখনোই বেশি ছিল না। তবে পয়লা বৈশাখের আগেই রুমির তোড়জোড় শুরু হয়ে যেত। নতুন পোশাক তৈরি করত। তাতে মা হাতের কাজ করে দিতেন। রুমিও বেশ হাতের কাজ জানত। নিজেই নকশা করে পোশাক বানাত। সেবারও বানিয়েছিল। কিন্তু তা আর পরা হলো না। মফস্বল শহরে তো সারা বছর তেমন কোনো অনুষ্ঠান হয় না। পয়লা বৈশাখেও অনুষ্ঠান না হলেও বড়সড় মেলা হতো। আর সেখানে রুমির যাওয়া চাই-ই। কখনো আমার সঙ্গে, কখনো বাবার সঙ্গে যেত। সকালে ঘুম থেকে উঠেই নতুন পোশাক পরে সাজসজ্জা করত। ওর বন্ধুরা এলে ঘুরতে বেরিয়ে পড়ত। এখনো বৈশাখ আসে। কিন্তু মেলায় যাওয়ার জন্য কেউ বায়না ধরে না। প্রতিবছর ১৪ এপ্রিল বাবা এতিমখানায় যান। ওখানে এতিমদের খাওয়ান। চারপাশের আনন্দ আর ছুঁয়ে যায় না আমাদের। সারা বছরের কষ্ট বৈশাখ এলে যেন আরও বেড়ে যায়।