বৈশাখে লোকজ ঐতিহ্যের খোঁজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিগুরু ঘরের বাইরে দুই পা ফেলে ধানের শিষের ওপর এক ফোঁটা শিশিরের সৌন্দর্য দেখতে পেয়েছিলেন। ঠিক সেই রকম নজর দিলেই আমরা নগর ও নগরের আশপাশে খুঁজে পাব আমাদের ঐতিহ্য ও শেকড়ের সন্ধান। এ জন্য প্রয়োজন শুধু একটু আগ্রহের, প্রয়োজন তথ্যের। ঢাকা ও আশপাশের এলাকা ঘুরে আমাদের লোকজ ঐতিহ্য ও উৎসবের সন্ধান এনেছেন কাওছার শাকিল রায়েরবাজারপালদের শেষ পদচিহ্নমাটি নিয়ে কাজ করেন বলেই হয়তো এই মানুষগুলোর মন ঠিক মাটির মতোই নরম। আপনি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে তাঁদের উঠোনে (বাড়ির সামনের রাস্তাটাই উঠোন হিসেবে ব্যবহূত হয়) গিয়ে দাঁড়ালে দেখবেন, তাঁরা আপনার ক্লান্ত-পরিশ্রান্ত চেহারাটা দেখে হাসিমুখে বসার জন্য একটা পিঁড়ি ঠিক ঠিক এগিয়ে দেবেন। কোমল পানীয়র ক্ষণস্থায়ী তৃপ্তির চেয়ে মাটির কুঁজোয় রাখা ঠান্ডা এক গ্লাস পানি যে কী পরিমাণ প্রশান্তি দেওয়ার ক্ষমতা রাখে, সেটাও বুঝতে পারবেন আপনি। বুঝতে পারবেন, আবহমান বাংলার লোকজ শিল্পের ক্ষীণ হয়ে আসা ধারাটি বাঁচিয়ে রাখতে নীরবে-নিভৃতে কী অবিরাম যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এই মানুষগুলো। তাঁদের মতো চির অবহেলিত শিল্পীদের মৃত্যুর সঙ্গে সঙ্গে বিলুপ্তির পথ ধরবে বাংলার ঐতিহ্যবাহী মৃিশল্প। এই নির্মম সত্যের দীর্ঘশ্বাসটুকু বুকে চেপে রেখে এখনো নিষ্ফলা জমিতে স্বপ্নের চাষাবাদ করে যাচ্ছেন এই মানুষগুলো। রায়েরবাজারের শেরেবাংলা সড়ক ধরে জাফরাবাদে গেলে মানুষগুলোর দেখা পাবেন।বুড়িগঙ্গার কোল ঘেঁষে রায়েরবাজারে পালদের এই পাড়াটার গোড়াপত্তন বহুদিন আগে। কোনো একসময় এখানকার বহু লোক মৃিশল্পের সঙ্গে জড়িত ছিলেন। এখনো এখানে বেশ কিছু পরিবার রয়েছেন যাদের আদি পেশা মাটি দিয়ে নান্দনিক শিল্পকর্ম তৈরি করা। তবে পাঁচ-ছয় ঘর বাদ দিলে এখন আর তেমন কেউই এ পেশার সঙ্গে যুক্ত নেই। এখানে ঘুরতে এলে মরণ চাঁদ পালের স্টুডিওটা দেখে আসতে পারেন। স্টুডিওতে বসেই মরণ চাঁদ পাল তাঁর বিখ্যাত টেপা পুতুল তৈরি করেন। বিপদহরি পালের বাড়িতেও চাইলে এক পাক ঘুরে আসতে পারেন। দেখবেন বাচ্চাদের জন্য কী পরম মমতা নিয়ে তিনি ছোট ছোট মাটির খেলনা হাঁড়িকুড়ি বানাচ্ছেন। দেখতে পাবেন রঞ্জিত পাল তাঁর দোকানে বসে একমনে মাটির ব্যাংক তৈরি করে যাচ্ছেন। সম্ভুনাথ পাল চাকা ঘুরিয়ে ঘুরিয়ে বানাচ্ছেন কলসি কিংবা মালসা। তবে আর বেশি দিন নয়। কেননা তাঁদের কারোরই ছেলেমেয়ে এ পেশায় আসতে রাজি নন। তাই এই মানুষগুলোর মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে যাবে ঢাকা শহরের একটি ঐতিহ্যের অধ্যায়। ঢাকার ঐতিহ্যবাহী মৃিশল্পের এই অন্তিম মুহূর্তে ঐতিহ্যের সর্বশেষ ক্ষীণ ধারাটিকে দেখে আসুন একবার। তাহলে নিজের চোখে দেখার এই অভিজ্ঞতা থেকে মানুষকে গল্প শোনাতে পারবেন অন্তত। শাঁখারীবাজার-তাঁতীবাজারশাঁখা-সোনার শিল্পীরাশাঁখারীবাজারে রয়েছে আবহমান বাংলার আরেকটি ঐতিহ্যের খোঁজ। শঙ্খ দিয়ে অবিরাম শাঁখা তৈরি করে যাচ্ছেন এখানকার শাঁখারীরা। বিবাহিত হিন্দু নারীদের দুই হাতের শ্বেতখণ্ড দুটি যে তাঁদের কত শ্রম আর ঘামের ফসল, সেটা টের পাওয়া যায় তাঁদের হাতের কাজ দেখলে। শাঁখারীবাজারের সরু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়বে, শতাব্দী পেরোনো বাড়ির প্রায় অন্ধকার প্রকোষ্ঠে বসে একমনে শাঁখার শরীরে নকশা তুলে যাচ্ছেন শাঁখারীরা। শত বছরের পারিবারিক এ পেশাকে এখনো আঁকড়ে ধরে বেঁচে আছেন তাঁরা। তবে এই পেশা আজ প্রায় বিলুপ্তির পথ ধরেছে। অনেক শাঁখারীই পারিবারিক পেশা ছেড়ে দিয়ে ভিন্ন কাজ বেছে নিয়েছেন জীবনধারণের জন্য। অথচ এ এক চমৎকার নান্দনিক শিল্পকর্ম। সরু গোল শাঁখার ছোট্ট একটু পরিসরে নিত্যনতুন কত রকম নকশা তুলে যাচ্ছেন তাঁরা! দেখলে তাক লেগে যায়। শাঁখারীবাজারের পাশেই তাঁতীবাজার। শহরের আদি স্বর্ণালংকার ব্যবসায়ীদের বড় এক অংশের বসবাস এখানে। এখানকার রাস্তাঘাট দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পাবেন, স্বর্ণকারেরা কেমন করে মোমের আগুন দিয়ে, পিতলের পাইপে মুখ চেপে ফুঁ দিয়ে সোনার গয়না গড়েন, নকশা করেন। দারুণ শৈল্পিক দক্ষতায় ধাতব অলংকারের গায়ে অসাধারণ সব নকশা ফুটিয়ে তোলেন তাঁরা। শাঁখারীবাজার আর তাঁতীবাজারে হিন্দু ব্যবসায়ীর সংখ্যাধিক্য বলেই এখানটায় চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখ—দুটোই বেশ ঘটা করে পালন করা হয়। তবে সনাতনি পঞ্জিকামতে এবার তাঁরা পয়লা বৈশাখ পালন করবেন সরকারি হিসাবের এক দিন পর। তাই পয়লা বৈশাখ এলে চৈত্রসংক্রান্তির প্রাণোচ্ছল উৎসব উপভোগ করতে পারবেন। বাদ্যবাজনা বাজিয়ে, মুখোশ পরে নেচেগেয়ে আনন্দে মাতে এখানকার বাসিন্দারা। চৈত্রকে বিদায় জানাতে তাদের এই আয়োজন দেখে মুগ্ধ হবেন, এ কথা নিশ্চিত করে বলা যায়। আর পরের দিন পঞ্জিকামতে পয়লা বৈশাখের সকালে তো কথাই নেই। সারাটা শাঁখারীবাজার, তাঁতীবাজার যেন উৎসবের আনন্দে মাতোয়ারা হয়ে যায়। পয়লা বৈশাখের সকালবেলা এখানে এলে দেখতে পারবেন, কত রকম আয়োজন চারদিকে। দোকানিরা সবাই নিজের মতো করে দোকান সাজিয়ে, সেজেগুজে ফুলবাবু হয়ে বসে আছে। হালখাতার উৎসব পালনে লাল কাপড়ে মোড়ানো টালিখাতা থাকে সবার কাছে। এই উৎসবে পুরোনো হিসাব-নিকাশ চুকিয়ে নতুন করে খোলা হয় হিসাব। সেই সঙ্গে করানো হয় মিষ্টিমুখ। তবে শুধু খদ্দেরকে নয়, সকালে যারাই এসব দোকানে হাজির হয়, তাদের সবাইকে মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়। ধামরাইতামা-কাঁসার শিল্পীদের শেষ বংশধরেরা সাভার পেরিয়ে ধামরাই, ঢাকার আরেকটি ঐতিহ্যধারী স্থানের নাম। আবহমান বাংলার দুই নান্দনিক কারুশিল্পের বিকাশ হয় এখানে। একটা হলো মৃিশল্প, আরেকটা কাঁসাশিল্প। প্রায় ৩০০ বছর ধরে এ অঞ্চলের লোকজন বংশপরম্পরায় এ দুটি শিল্পের সঙ্গে জড়িত। এখন ক্ষীণ হতে হতে প্রায় বিলুপ্তির পথে এ শিল্প। তাই চিরতরে হারিয়ে যাওয়ার আগেই এবারের পয়লা বৈশাখে ধামরাইয়ে ঘুরতে আসতে পারেন আপনি। ধামরাইয়ে মৃিশল্পীদের বেশ কয়েকটি পরিবার এখনো টিকে আছে। অবশ্য তাঁদের মধ্যে অনেকেই বাপ-দাদার পেশা ছেড়ে দিয়ে ভিন্ন কোনো কাজ করছেন। তার পরও এখনো কোনো কোনো বাড়ি থেকে ভেসে আসে চাকতি ঘোরার একটানা খসখস আওয়াজ আর খড়ি পোড়ার অদ্ভুত ঘ্রাণ। এখানে এখনো হাতে ঘোরানো চাকা দিয়ে মাটির তৈজসপত্র তৈরি হয়। তৈরি করার পর সেগুলো পোড়ানো হয় খড়ি দিয়ে। অবশ্য মাটির পাত্র এখন শুধু দইয়ের ভাঁড়, ছোট ছোট টব আর কলসিতেই সীমাবদ্ধ। প্লাস্টিক আর সিরামিকের এই যুগে কেউ কি আর সেই মাটির পাত্র ব্যবহার করতে চায়? তাই ধামরাইয়ের মৃিশল্প এখন চিরপ্রস্থানের দিন গুনছে।এখানকার মৃিশল্পীদের একজন মণীন্দ্র পাল। বয়সের ভারে প্রায় নুয়ে পড়েছেন। চোখে ছানি, কোমরে বাত। তবু এখনো একটানা মাটি দিয়ে গড়ে যাচ্ছেন নানা রকম জিনিস। তিনি বলেন, ‘বাপ-দাদার এই কাম অহন আমি ধইরা রাখছি। আমার পোলারা কেউ অহন আর এই কাম করবার চায় না। তারা অইন্য কামকাইজ করে। আমি মরলে আমার লগে লগে আমার বংশের ৩০০ বছরের পুরানা কামটাও শেষ হইয়া যাইব।’ ধামরাইয়ের কাঁসাশিল্পও বিলুপ্তির মুখে চলে গেছে। এখানে কাঁসাশিল্পী প্রকাশনাথ বণিকের বাড়িতে গেলে দেখতে পাবেন, কাঁসার পাত্রে নকশা কাকে বলে। কাঁসা-পেতলের পাত্রের ওপর সূক্ষ্ম সুন্দর নকশায় একেকটা পাত্রকে একেবারে দর্শনীয় বস্তুতে পরিণত করেছেন তাঁরা। তাঁদের তৈরি এসব তৈজসপত্রই কিন্তু ঢাকার যাত্রা, আড়ং কিংবা সায়েন্স ল্যাবরেটরির দোকানগুলোয় বিক্রি হয়। তাই আপনার ঘর সাজানোর পছন্দসই জিনিসগুলো হয়তো এখানেই পেয়ে যাবেন।প্রকাশনাথ বণিকের বাড়ির পাশে সুকান্ত বণিকের বাড়িটা যেন কাঁসার শিল্পকমের্র ছোটখাটো একটা জাদুঘর। বাড়ির ভেতরেই আছে মূর্তি তৈরির কারখানা। ভাগ্য সুপ্রসন্ন হলে নিজের চোখেই দেখতে পাবেন কী করে কাঁসা-পেতলের ধাতব খণ্ড গলে গিয়ে এক একটা শিল্পকর্মে পরিণত হয়।  সোনারগাঁলোকশিল্পের মেলাসোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘর প্রাঙ্গণে অন্যবারের মতো এবারও বসতে যাচ্ছে বৈশাখী মেলা। আবহমান বাংলার বিভিন্ন লোকজ শিল্প আর ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে সাধারণের পরিচয় করিয়ে দিতে পয়লা বৈশাখ সকাল থেকে তিন দিনব্যাপী মেলার আয়োজন করেছে জাদুঘর কর্তৃপক্ষ। যথারীতি এবারও এখানে বসবে লোকশিল্পের নানা উপকরণের দোকান। মিলবে কাঠের হাতি-ঘোড়া, শখের হাঁড়ি, নকশিকাঁথা আর মাটির তৈরি নানা উপকরণ। মূলত, গ্রামবাংলার মেলার আদলে গাছতলায় বসে বেচাকেনা হয় এখানে। ঢাকা থেকে বাসে কিংবা গাড়িতে গেলে ঘণ্টা দেড়েকের পথ সোনারগাঁ।  বাংলা একাডেমী প্রাঙ্গণবিসিকের বৈশাখী মেলা পয়লা বৈশাখ উপলক্ষে বাংলা একাডেমী প্রাঙ্গণে বসছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) বৈশাখী মেলা। প্রায় দেড় শ স্টল থাকছে এবারের মেলায়। এসব স্টলে থাকছে গ্রামবাংলার লোকজ ও ঐতিহ্যবাহী সব পণ্য। তবে শুধু পণ্য থাকবে, এমনটা বললে ভুল বলা হবে। কেননা স্টলে বসেই কারুশিল্পের শিল্পীরা দর্শকদের চোখের সামনে তৈরি করবেন বিভিন্ন জিনিস। পয়লা বৈশাখের সকাল থেকে শুরু হয়ে ১০ বৈশাখ পর্যন্ত চলবে এ মেলা। এটি কিন্তু বেশ পুরোনো এবং ঐতিহ্যবাহী আয়োজন। ১৯৭৮ সালে প্রথম বাংলা একাডেমী প্রাঙ্গণে ঠাঁই করে নেয় বিসিকের মেলা। পরে অবশ্য বিভিন্ন বছর বিভিন্ন জায়গায় মেলা বসেছিল বলে নগরবাসীর এই মেলার প্রতি আগ্রহ কমে গিয়েছিল। কিন্তু গত বছর আবার আদি স্থানে ফিরে গেছে এ মেলা।বিসিকের মেলায় অংশ নিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কারুশিল্পীরা আসেন। আশা করা যাচ্ছে, এবারও দেশের বিভিন্ন জেলার লোকজ কারুশিল্পীদের দেখতে পাবেন দর্শকেরা। চোখের সামনে দেখতে পাবেন তাঁদের হাতের কাজ। তাই পয়লা বৈশাখে বেড়ানোর তালিকায় বিসিকের মেলা চাইলেই রেখে দিতে পারেন আপনি। ঢাকেশ্বরী মন্দিররথ দেখা, কলা বেচাঢাকার অত্যন্ত প্রাচীন একটি স্থাপনা ঢাকেশ্বরী মন্দির। পয়লা বৈশাখের আয়োজনে এর ঐতিহ্যও পুরোনো। কয়েক শ বছর ধরে এখানে বৈশাখী মেলা বসে। বরাবরের মতো এবারও বেশ ঘটা করে বৈশাখী মেলা বসবে এখানে। পয়লা বৈশাখ সকালে শুরু হয়ে পরের দিন পর্যন্ত চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পলাশী মোড় থেকে ঢাকেশ্বরী সড়ক দিয়ে একটু এগিয়ে গেলেই পড়ে ঢাকেশ্বরী মন্দির। মন্দিরের সামনেই বসবে বৈশাখী মেলা। ঘর সাজানোর টুকিটাকি জিনিস, খেলনা, বাতাসা, লাড্ডু, মুড়কি এমনই আরও কত কিছু মেলে এখানে। তাই দেবী ঢাকেশ্বরীর এই মন্দিরের বৈশাখী আয়োজনে যোগ দেওয়ার নিমন্ত্রণ সবার।  ধূপখোলাবৈশাখী মেলা গেন্ডারিয়ার ধূপখোলা মাঠে বৈশাখী মেলার আয়োজন করা হয় প্রায় দেড় শ বছর ধরে। এ মেলায় অংশ নিতে প্রতিবছর দেশের বিভিন্ন অঞ্চল থেকে দোকানিরা এসে ভিড় জমায়। আমাদের দেশীয় ঐতিহ্যবাহী অনেক কিছুই পাওয়া যায় এখানে। পাওয়া যায় বাচ্চাদের খেলনা আর মিঠাই। তা ছাড়া গ্রামীণ বিনোদনের বিভিন্ন রকম ব্যবস্থাও থাকে। নাগরদোলা, পুতুলনাচ, চরকি ইত্যাদির আয়োজন থাকে। জানা যায়, কোনো একসময় এখানে নৌকাবাইচের ব্যবস্থা পর্যন্ত ছিল। কিন্তু সেসব এখন ইতিহাস। তবে কালের পাকচক্রে এখনো ঠিকই টিকে আছে ধূপখোলার মেলা তার পুরোনো ঐতিহ্য নিয়ে। তাই বৈশাখী বিনোদনের জন্য এখানে একবার ঢুঁ মেরে আসতে পারেন নগরবাসী।