রাজধানীর কাঁচা বাজারে পেঁয়াজের ঝাঁজ একটু কমেছে। গত এক সপ্তাহের ব্যবধানে দেশি ও বিদেশি উভয় পেঁয়াজের দাম প্রতি কেজিতে দুই থেকে পাঁচ টাকা পর্যন্ত কমেছে। আবার আলুর দাম কেজিতে দুই টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২ থেকে ১৪ টাকায়। এ ছাড়া মোটামুটি স্থিতিশীল আছে শাকসবজির বাজার। তবে ইলিশের বাজারে এখনো আগুন। পয়লা বৈশাখের উত্তাপে বাজারে ইলিশের ভালো জোগান থাকলেও দাম আকাশছোঁয়া। আকারভেদে গত এক সপ্তাহে একেকটি ইলিশের দাম ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে।রাজধানীর কারওয়ান বাজার ও মিরপুরের শেওড়াপাড়া বাজার ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। কাঁচা বাজারগুলোতে গতকাল আলু প্রতি কেজি ১২ থেকে ১৪, পেঁয়াজ ২৫ থেকে ২৮, মরিচ ৪০, লাল টমেটো ১০ থেকে ১৫, ঢ্যাঁড়স ২০, চিচিঙ্গা ৩০ থেকে ৩২, পটোল ২০ থেকে ২২, গোল বেগুন ৪০, লম্বা বেগুন ৩০, শিম ২০ থেকে ২২, ঝিঙে ৪০ থেকে ৪৫, শসা ১৫ থেকে ২০ এবং কাঁচকলা প্রতি হালি ১০ থেকে ১২ টাকায় বিক্রি হয়। এ ছাড়া প্রতি কেজি আদা ৮০, দেশি রসুন ৫০ ও বিদেশি রসুন ১০০ টাকায় বিক্রি হতে দেখা যায়।কারওয়ান বাজার ক্ষুদ্র কাঁচামাল আড়ত ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি এ টি এম ফারুক প্রথম আলোকে বলেন, ‘গ্রীষ্মকালীন সবজি বাজারে পুরোদমে আসতে আরও ১৫ থেকে ২০ দিন সময় লাগবে। তখন দাম আরও কমবে।’ অন্যান্য সময়ের তুলনায় বর্তমানে গ্রীষ্মকালীন ছাড়া অন্য সবজির দাম কম বলেও দাবি করেন তিনি।তবে কাঁচা বাজার থেকে মাছের বাজারে গেলেই টের পাওয়া যায় ইলিশের উত্তাপ। কারওয়ান বাজার ও শেওড়াপাড়া—উভয় বাজারেই জাটকা ইলিশ প্রতি জোড়া ৪০০ থেকে ৫৫০ টাকা দাম হাঁকেন বিক্রেতারা। এর চেয়ে একটু বড় হলেই প্রতি জোড়া ইলিশের দাম ৯০০ থেকে এক হাজার ২০০ টাকা। আর পৌনে এক কেজি বা তার বেশি ওজনের ইলিশের দাম জোড়া দুই হাজার থেকে দুই হাজার ২০০ টাকা। শেওড়াপাড়া বাজারের এক মাছবিক্রেতা এই প্রতিবেদককে জানান, আগের সপ্তাহের চেয়ে দাম ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। তিনি বলেন, ‘বৈশাখ যত আগাইয়া আইব, ইলিশের দাম তত বাড়ব।’ এ ছাড়া কারওয়ান বাজারে গতকাল তেলাপিয়া প্রতি কেজি ১৪০, মাঝারি আকারের চিংড়ি ৫০০ থেকে ৫৫০, রুই ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হতে দেখা যায়। অন্যদিকে ফার্মের ডিম প্রতি হালি ৩৪ ও হাঁসের ডিম ৪০ টাকায় বিক্রি হয়। ব্রয়লারের মুরগি উভয় বাজারেই কেজি প্রতি ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর দেশি মুরগি মাঝারি আকারের প্রতিটি ২৮০ থেকে ৩০০ টাকা দর হাঁকছেন বিক্রেতারা। এ ছাড়া গরুর মাংসের দাম কেজিপ্রতি ২৭০ থেকে ২৮০ এবং খাসির মাংস ৪৫০ টাকা। এ ছাড়া বাংলাদেশ ট্রেডিং করপোরেশনের (টিসিবি) সর্বশেষ বাজার প্রতিবেদন অনুযায়ী, রাজধানীর বাজারে সাধারণ মানের নাজির ও মিনিকেট প্রতি কেজি ৩৪ থেকে ৪৫, ভালো মানের নাজির ও মিনিকেট ৪৬ থেকে ৪৮, সাধারণ মানের পাইজাম ও লতা ৩৪ থেকে ৩৬, ভালো মানের পাইজাম ও লতা ৩৭ থেকে ৩৮ এবং মোটা চাল ৩০ থেকে ৩২ টাকায় বিক্রি হচ্ছে।