বৈশ্বিক অস্ত্রবাণিজ্য চুক্তি সম্পাদনের ওপর আলোচনা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের দেশগুলো একটি অস্ত্রবাণিজ্য চুক্তি সম্পাদন করার লক্ষ্যে গতকাল সোমবার আলাপ-আলোচনা শুরু করেছে। চুক্তিটির উদ্দেশ্য হচ্ছে ৫৫ বিলিয়ন ডলারের বৈশ্বিক অস্ত্রবাজার নিয়ন্ত্রণ এবং সংঘাতপূর্ণ এলাকাগুলোয় আগ্নেয়াস্ত্রের অবাধ প্রবেশ বন্ধ করা।কন্ট্রোল আর্মস ক্যাম্পেইন নামের একটি আন্তর্জাতিক অ্যাডভোকেসি গ্রুপ জানায়, সশস্ত্র সহিংসতার ফলে বিশ্বে প্রতি মিনিটে একজন নিহত হয়। গ্রুপটি আরও জানায়, ১৯৮৯ সালে ঠান্ডা যুদ্ধ শেষ হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ১২৮টি সশস্ত্র সংঘর্ষে প্রতিবছর অন্তত দুই লাখ ৫০ হাজার লোকের মৃত্যু ঘটেছে।কয়েক বছর ধরে বিতর্ক চলার পর জাতিসংঘের সাধারণ পরিষদ গত অক্টোবরে এ রকম একটি চুক্তি সম্পাদনের ওপর আনুষ্ঠানিক আলোচনার অনুমতি দেয়। আগামী এক বছরে এ বিষয়ে তিনটি প্রস্তুতিমূলক অধিবেশন বসবে। প্রথম অধিবেশনটি শুরু হয় গতকাল। পরিকল্পনা অনুযায়ী চুক্তিটি চূড়ান্ত করার জন্য ২০১২ সালে চার সপ্তাহব্যাপী একটি সম্মেলন অনুষ্ঠিত হবে।জাতিসংঘের নিরস্ত্রীকরণ কমিশনের প্রধান সার্জিও দুয়ার্তে জাতিসংঘের ১৯২টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের বলেন, তাঁরা বিশ্বকে যুদ্ধ ও সশস্ত্র সহিংসতার দুষ্টচক্র থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারেন। তিনি বলেন, যুদ্ধ ও সশস্ত্র সহিংসতা এ পর্যন্ত মানুষের জীবন ও সম্ভাবনাকে তছনছ করে দিয়েছে। সব দেশই কিন্তু এ রকম একটি চুক্তি সম্পাদনের পক্ষে নয়। বড় ধরনের অস্ত্র উৎপাদক রাশিয়া, চীন, ভারত ও পাকিস্তানসহ ১৯টি দেশ গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদে এ বিষয়ে ভোট দেওয়া থেকে বিরত থাকে। আর জিম্বাবুয়ে এর বিরুদ্ধে ভোট দেয়।যুক্তরাষ্ট্র চুক্তির খসড়া প্রণয়ন প্রক্রিয়ায় অংশ নিতে এই শর্তে রাজি হয়েছে যে তা ঐকমত্যের ভিত্তিতে পরিচালিত হবে। এর মানে হচ্ছে, যুক্তরাষ্ট্রসহ প্রতিটি দেশই ভেটো প্রদানের ক্ষমতা পেয়েছে। প্রসঙ্গত, বিশ্বের অস্ত্রবাজারের দুই-তৃতীয়াংশই নিয়ন্ত্রণ করে যুক্তরাষ্ট্র। সে যাই হোক, প্রেসিডেন্ট বারাক ওবামার এই আলোচনাকে সমর্থন করার সিদ্ধান্ত সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের প্রশাসনের অবস্থানের বিপরীত। বুশ প্রশাসন এই উদ্যোগের বিরোধিতা করত এই যুক্তিতে যে এ ক্ষেত্রে রাষ্ট্রগুলোর নিজস্ব নিয়ন্ত্রণই শ্রেয়।অ্যাডভোকেসি গ্রুপগুলো জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে এমন একটি কঠোর চুক্তির জন্য চেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে, যা মানবাধিকার লঙ্ঘনকারীদের পক্ষে নিজেদের জনগণকে হত্যা করার জন্য অস্ত্র সংগ্রহ করা দুরূহ করে তুলবে।সাহায্য সংস্থা অক্সফামের আন্না ম্যাকডোনাল্ড বলেন, ‘আগামী দুই সপ্তাহের শেষ নাগাদ সদস্য রাষ্ট্রগুলোকে অবশ্যই সত্যিকারের অগ্রগতি অর্জন করতে হবে; আর তার মানে হচ্ছে একটি খসড়া চুক্তি প্রণয়ন করা।’ — রয়টার্স