বৈশ্বিক উষ্ণায়নে বাড়তে পারে বুদ্ধিমত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের তাপমাত্রা ক্রমেই বেড়ে চলেছে। পৃথিবীর বিভিন্ন অংশে এর প্রভাবও দেখা যাচ্ছে। যেমন গ্রিনল্যান্ডে এখন সীমিত আকারে কৃষিকাজ শুরু হয়েছে। তেমনি কিছু প্রাণী উষ্ণতার হাত থেকে রক্ষা পেতে তাদের অবস্থান পরিবর্তন করে যাচ্ছে। তবে এ ধরনের পরিবর্তনগুলো বাহ্যিক। তাপমাত্রা প্রাণীর অভ্যন্তরীণ ব্যাপারেও প্রভাব ফেলে। যেমন, উষ্ণ রক্তের প্রাণীগুলো সাধারণত শীতল রক্তের প্রাণীর চেয়ে আকৃতিতে বড় হয়। শীতল রক্তের প্রাণীর একটা বড় উদাহরণ লিজার্ড বা গিরগিটি। সরীসৃপদের মধ্যে এরা সবচেয়ে বড় পরিবার। উষ্ণ রক্তের প্রাণীদের মতো এরা ক্যালোরি পুড়িয়ে শরীর গরম রাখে না, বরং শরীর উষ্ণ রাখার জন্য এদের প্রকৃতির দ্বারস্থ হতে হয়। তাপমাত্রার সঙ্গে এদের ডিম ফোটানোতেও বৈচিত্র্য দেখা যায়। যেমন, স্কিংক নামে একধরনের লিজার্ড উষ্ণতর তাপমাত্রায় ছেলেসন্তানের জন্ম দেয়। আবার কুমিরের ক্ষত্রে অতিরিক্ত গরমে মেয়েসন্তান বেশি হতে দেখা যায়।সম্প্রতি অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী গবেষণা করেছেন, তাপমাত্রার সঙ্গে শীতল রক্তের প্রাণীদের বুদ্ধিমত্তার সম্পর্ক নিয়ে। তাঁদের গবেষণা জানাচ্ছে, বৈশ্বিক উষ্ণায়নের ফলে সরীসৃপদের বুদ্ধিমত্তা বেড়ে যাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। বিজ্ঞানী দলটির নেতা সিডনি বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী জোসুয়া এমিয়েল জানান, তাঁরা একই স্কিংকের ডিম সংগ্রহ করে কিছু ডিম কম তাপমাত্রায় ও বাকিগুলোকে বেশি তাপমাত্রায় ফোটানোর ব্যবস্থা করেন। পরে তাঁরা এ দুই ধরনের সরীসৃপ সন্তানদের নিয়ে নানা ধরনের বুদ্ধিমত্তাসংক্রান্ত পরীক্ষা করেন। যেমন, বিপদ দেখে লুকিয়ে পড়া, মাটির খুব কাছাকাছি থাকা, খাবার সংগ্রহ ইত্যাদি। সবকিছুতেই দেখা গেছে, উষ্ণ তাপমাত্রায় ফোটা বাচ্চাগুলো অনেক দ্রুত সবকিছু শিখতে পারছে। তারা খুব দ্রুত লুকাতে এবং খাবার শনাক্ত করতে পারে। কেন এ রকম হচ্ছে, এ প্রসঙ্গে বিজ্ঞানী এমিয়েল বলেন, তাঁরা এখনো এ ব্যাপারে নিশ্চিত নন। সম্ভবত তাপমাত্রা বুদ্ধিমত্তাসংক্রান্ত হরমোনগুলোর প্রকাশে সাহায্য করে। তিনি আরও বলেন, এখন পর্যন্ত শুধু স্কিংক প্রাণীটির ক্ষেত্রেই তাঁরা এ ধরনের পরীক্ষা চালিয়েছেন। সামনে তাঁরা অন্য আরও অনেক সরীসৃপের ক্ষেত্রে এ ধরনের পরীক্ষা চালাবেন। তখন নিশ্চিতভাবে বলা যাবে, তাপমাত্রা বুদ্ধিমত্তার ওপর প্রভাব রাখে কি না এবং রাখলে তা কতটা।