বৈশ্বিক বিপণন নীতি প্রণয়নে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ী ও ভোক্তাদের স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রাখা এবং বাজার ব্যবস্থা ঢেলে সাজাতে একটি বৈশ্বিক বিপণননীতি প্রণয়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ বৃহস্পতিবার তিন দিনব্যাপী প্রথম বিশ্ব বিপণন সম্মেলনের (ডব্লিউএমএস) উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেছেন। খবর বাসসের। গ্লোবাল ওয়ার্ল্ড সামিট লিমিটেডের (জিডব্লিউএসএল) উদ্যোগে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় এই বিপণন সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বব্যাপী বিপণনশাস্ত্রের গুরু হিসেবে খ্যাত ফিলিপ কটলারের উদ্যোগে এই জিডব্লিউএসএল প্রতিষ্ঠিত হয়। শেখ হাসিনা বলেন, ‘আমাদের গ্রাহককেন্দ্রিক প্রবৃদ্ধির ওপর অগ্রাধিকার দিতে হবে। যা স্বাস্থ্য, শিক্ষা ও সুশাসনের ক্ষেত্রে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক কল্যাণ নিশ্চিত করতে পারে। এ লক্ষ্যে আমাদের ব্যবসা-বিপণন-উন্নয়ন চক্রকে খুব ভালোভাবে নিরীক্ষণ করতে হবে।’প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক বিভিন্ন সংকট থেকে এটাই প্রতীয়মান হয় যে, এসব সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে। এজন্য সৃজনশীল উপায় ও পন্থা খুঁজে বের করা খুবই প্রয়োজন।সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) মতো জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৃহীত বিভিন্ন লক্ষ্য অর্জনে সম্মিলিত উদ্যোগ, সৃজনশীল উপায় ও নতুন নতুন পন্থা উদ্ভাবনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, ডব্লিউএমএসের প্রতিষ্ঠাতা ও যুক্তরাষ্ট্রের নর্থ-ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ইলের ইন্টারন্যাশনাল মার্কেটিং কেলগ স্কুল অব ম্যানেজমেন্টের অধ্যাপক ফিলিপ কটলার এবং আঙ্কটাডের মহাসচিব ড. সুপাচাই পানিতচপাকদি বক্তব্য দেন। বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৬০ ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা ও করপোরেট প্রতিষ্ঠানের প্রধান এ সম্মেলনে অংশ নিচ্ছেন। আয়োজকেরা জানান, তিন দিনের এ সম্মেলনে সাধারণ ও ইনকিউবেটর প্লিনারি অধিবেশন এবং তারকা বক্তা অধিবেশন থাকবে। প্লিনারি অধিবেশন অনুষ্ঠিত হবে ২০টি। এর মধ্যে থাকবে ইনকিউবেটর অধিবেশন। এর বাইরে অনুষ্ঠিত হবে তারকা বক্তা অধিবেশন। এসব অধিবেশনে বিভিন্ন দেশের বিপণন বিশেষজ্ঞরা বক্তৃতা করবেন। এ ছাড়া বিপণন প্রদর্শনী, বিভিন্ন ধারণার প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও সম্মেলনে থাকছে। সম্মেলনে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে প্রথম আলো ও ডেইলি স্টার।এই সম্মেলনের প্রাথমিক উদ্দেশ্য হলো, গত কয়েক শতাব্দী ধরে মানবজাতির বৈশ্বিক সমস্যা সমাধানে নিরন্তর প্রচেষ্টার প্রেক্ষাপটে বিপণনের শক্তি উপস্থাপন। সম্মেলনের প্রতিপাদ্য হলো, ‘বিপণনের মাধ্যমে উন্নত বিশ্ব গড়ে তোলা।’ এ ক্ষেত্রে সম্মেলনে এমডিজিতে বর্ণিত বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করা হবে।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর এবং উদ্ভাবনী সমাধান বের করতে বিপণন-দর্শন, নীতি-নৈতিকতা এবং দূরদৃষ্টি কীভাবে ভূমিকা রাখতে পারে, সে বিষয়েই আলোচনা হবে এই বিপণন-বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে। সম্মেলনের একটি বিশেষ দিক হচ্ছে ইনকিউবেটর, যা মূলত গবেষণা পরিচালনার জন্য কাজ করবে। প্রথম দুই বছর বাংলাদেশে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। তারপর আবার ২০২০-২১ সালে বাংলাদেশে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী এক বছর সম্মেলনভিত্তিক কার্যক্রম কীভাবে চলবে, তা এ সম্মেলনে ঠিক করা হবে।