বৈশ্বিক শান্তি সূচকে পিছিয়েছে বাংলাদেশ
বৈশ্বিক শান্তি সূচকে (জিপিআই) গত বছরের তুলনায় বাংলাদেশের অবস্থান এবার ১৪ ধাপ পিছিয়েছে। ২০১২ সালের ৯১তম অবস্থান থেকে ১০৫তম স্থানে চলে গেছে বাংলাদেশ। অবশ্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তুলনামূলক ভালো। জিপিআই-২০১৩ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস। অলাভজনক এই গবেষণা সংস্থাটি তার প্রতিবেদনে বিশ্বের ১৬২টি দেশের শান্তি পরিস্থিতি মূল্যায়ন করেছে। এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে সংশ্লিষ্ট দেশে সামাজিক নিরাপত্তা, সংঘাতের ব্যাপ্তি ও সামরিকীকরণের মাত্রা। দেখা গেছে, সার্বিকভাবে পৃথিবী অনেক কম শান্তিপূর্ণ স্থানে পরিণত হয়েছে। ২০০৮ সালের পর থেকে এ পর্যন্ত শান্তির মাত্রায় ৫ শতাংশ পতন ঘটেছে।তালিকায় এবার সবার ওপরে রয়েছে আইসল্যান্ড। গতবারও দেশটি ছিল শীর্ষে। তালিকার একেবারে তলানিতে রয়েছে আফগানিস্তান। গত বছরের ১৫৭তম থেকে এবার ১৬২তম অবস্থানে চলে গেছে দেশটি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ভালো। বাংলাদেশের জিপিআই স্কোর ২.১৬। গত বছর ছিল ২.০৭। পাকিস্তান রয়েছে ১৫৭তম স্থানে। দেশটি গত বছর ছিল ১৪৯তম স্থানে। দেশটির জিপিআই স্কোর ২.৮৩ থেকে বেড়ে ৩.১১-তে দাঁড়িয়েছে। তবে ভারতের অবস্থান এক ধাপ এগিয়েছে। দেশটির এবারের অবস্থান ১৪১তম। জিপিআই স্কোর ২.৫৭।তালিকায় যুক্তরাষ্ট্র গত বছর ৮৮তম স্থানে থাকলেও এবার ১১ ধাপ পিছিয়ে ৯৯তম অবস্থানে আর যুক্তরাজ্য ২৯তম অবস্থান থেকে ২৫ ধাপ পিছিয়ে ৪৪তম অবস্থানে চলে গেছে। তালিকার শীর্ষ ১০-এ থাকা দেশগুলোর মধ্যে বেশির ভাগই পশ্চিম ইউরোপের। এর মধ্যে রয়েছে ডেনমার্ক (দ্বিতীয়), অস্ট্রিয়া (চতুর্থ), সুইজারল্যান্ড (পঞ্চম), ফিনল্যান্ড (সপ্তম), সুইডেন (নবম) ও বেলজিয়াম (দশম)। পশ্চিম ইউরোপের বাইরে নিউজিল্যান্ড (তৃতীয়), জাপান (ষষ্ঠ) ও কানাডা (অষ্টম) রয়েছে শীর্ষ ১০-এ। এ ছাড়া তালিকায় সোমালিয়া ১৬১তম এবং সিরিয়া ১৬০তম স্থানে রয়েছে। দ্য গার্ডিয়ান।