বৈষম্য, বঞ্চনা, জনবল সংকট জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম বিঘ্নিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ১৬টি পরিচালকের ১৪টিতেই প্রশাসন ক্যাডার ও দুটিতে স্বাস্থ্য ক্যাডারের লোক। শীর্ষস্থানীয় ১৭টি পদে পরিবার পরিকল্পনা ও জন্মনিয়ন্ত্রণের ক্ষেত্রে অভিজ্ঞ নিজস্ব কোনো লোক নেই। রয়েছে পদোন্নতি-বঞ্চনা ও জনবল সংকটের মতো নানা অভিযোগ। সব মিলিয়ে দেশের অন্যতম প্রধান সমস্যা জনবিস্ফোরণ মোকাবিলা ও জনসংখ্যা ব্যবস্থাপনার কাজটি গতিহীন ও অবহেলিত হয়ে পড়েছে বলে বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিমত। এ পরিস্থিতির উন্নয়নে একটি পৃথক মন্ত্রণালয়ের প্রয়োজনীয়তার কথা বলেছেন সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী ও কর্মকর্তারা।পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মোহাম্মদ আবদুল কাইয়ুম প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রণালয়ের কাজের ভিড়ে জনসংখ্যা হারিয়ে যাওয়া বিষয় (মিসিং ইস্যু)। দেশের এক নম্বর সমস্যা হিসেবে যে মনোযোগ দেওয়া দরকার, সেই মনোযোগ জনসংখ্যা সমস্যার প্রতি কেউই দিচ্ছেন না।’জনবল ও পদোন্নতির সমস্যা: অধিদপ্তরের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী কেন্দ্র থেকে মাঠপর্যায়ে এক হাজার ৬৩০টি পদ শূন্য। ৬৪ জেলায় ৬৪টি উপপরিচালকের পদ খালি প্রায় ১৭ বছর ধরে। জনবল সংকটের কারণে একসময়ের সফল পরিবার পরিকল্পনাকর্মীদের বাড়ি বাড়ি পরিদর্শনকাজের ওপর কোনো নজরদারি নেই। ১৮তম বিসিএসের পরিবার পরিকল্পনা ক্যাডারের কর্মকর্তারা সিনিয়র স্কেল পরীক্ষায় আট বছর আগে পাস করলেও তাঁদের পদোন্নতি হচ্ছে না। জনপ্রশাসনের ২৯টি ক্যাডারের মধ্যে একমাত্র পরিবার পরিকল্পনা ক্যাডারদের এ পর্যন্ত কোনো পদোন্নতি হয়নি। বৃহত্তর সিলেট অঞ্চলের নাম প্রকাশে অনিচ্ছুক একজন উপপরিচালক (পরিবার পরিকল্পনা) প্রথম আলোকে বলেন, ‘আমাদের সঙ্গে নিয়োগ পেয়ে পুলিশ ক্যাডারের সদস্যরা এসপি হয়ে গেছেন। অনেকে জ্যেষ্ঠতা পেয়েছেন। কিন্তু আমাদের কোনো ভবিষ্যত্ দেখতে পাচ্ছি না।’১৯৯৯ সালে ১৮তম বিসিএস পরীক্ষার মাধ্যমে পরিবার পরিকল্পনা ক্যাডারে নিয়োগ দেওয়া হয়। ২০০৬ সালে হাইকোর্ট সিনিয়র স্কেল দিয়ে পদোন্নতির নির্দেশ দিলেও মন্ত্রণালয় এখনো সে নির্দেশ মানেনি। বিসিএস (পরিবার পরিকল্পনা) অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘জনসংখ্যা সমস্যার ব্যাপারে যত্নবান হলে মন্ত্রণালয় এভাবে পরিবার পরিকল্পনার নিজস্ব কর্মকর্তাদের উপেক্ষা করতে পারত না।’এ ছাড়া অধিদপ্তরের গুরুত্বপূর্ণ পদে চিকিৎসকদের পদায়ন করা হচ্ছে। সূত্র জানাচ্ছে, ৩৩টি জেলায় উপপরিচালক পদের দায়িত্বে আছেন চিকিৎসকেরা। তবে অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবদুল কাইয়ুম বলেন, জন্মনিয়ন্ত্রণ কর্মসূচিতে চিকিৎসকদের ভূমিকা সহায়তাকারীর।নতুন দৃষ্টিভঙ্গির তাগিদ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান এ কে এম নূর-উন-নবী প্রথম আলোকে বলেন, ‘জনসংখ্যার ৩৮ শতাংশের বয়স ১৫ বছরের নিচে। এরা প্রজনন বয়সে পৌঁছে জনসংখ্যার আকারকে ভয়াবহ করে তুলবে। শুধু জনসংখ্যা বৃদ্ধির হার কমানোর চেষ্টা চলছে। কিন্তু জনসংখ্যা বৃদ্ধির অন্যান্য উপসর্গ মোকাবিলার কোনো সমন্বিত উদ্যোগ নেই।’বেসরকারি সংস্থা ‘অর্গানাইজেশন ফর পপুলেশন অ্যান্ড পভার্টি এলিভিয়েশন’-এর প্রেসিডেন্ট মোহাম্মদ এ মাবুদ প্রথম আলোকে বলেন, ‘বাড়তি জনসংখ্যার কারণে মাথাপিছু কৃষিজমি কমছে, বেকারত্ব সমস্যা তীব্রতর হচ্ছে, শিক্ষা ও স্বাস্থ্যসেবার ওপর চাপ বাড়ছে। এ চাপ মোকাবিলায় নতুন উদ্যোগ দরকার।’ বিবেচনায় পৃথক মন্ত্রণালয়: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির সম্প্রতি এক সেমিনারে বলেন, পৃথক মন্ত্রণালয় হলে পরিবার পরিকল্পনা বা জন্মনিয়ন্ত্রণ কাজে গতি আসবে। তাঁর এই বক্তব্যের পর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের অনেকেই পৃথক মন্ত্রণালয়ের ব্যাপারে প্রকাশ্যে কথা বলা শুরু করেছেন।স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির প্রথম আলোকে বলেন, বর্তমান প্রেক্ষাপটে পরিবার পরিকল্পনা বা জনসংখ্যা নিয়ন্ত্রণই মূল কাজ নয়। যে জনসংখ্যা আছে তার ব্যবস্থাপনা, তাকে নিয়ে পরিকল্পনা করার জন্য নতুন আয়োজন দরকার।বিসিএস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক পৃথক মন্ত্রণালয়ের পক্ষে যুক্তি দিয়ে বলেন, এই অধিদপ্তরের জনবল ৫৫ হাজারের বেশি। পৃথক মন্ত্রণালয় হওয়ার জন্য তা যথেষ্ট। অধ্যাপক নূর-উন-নবী বলেন, পৃথক মন্ত্রণালয় শুধু জন্মনিয়ন্ত্রণ কার্যক্রমকে সফল করার জন্য নয়। জনসংখ্যাকে সম্পদে রূপান্তর করার কাজও হবে এই মন্ত্রণালয়ের। কারণ হিসেবে তিনি বলেন, জনসংখ্যার ব্যবস্থাপনা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কাজের আওতাভুক্ত নয়। পরিকল্পনা কমিশনের উদ্যোগে অংশীদারিমূলক প্রেক্ষিত পরিকল্পনা (২০১০-২০২১) প্রণয়নের কাজ চলছে। এর সঙ্গে জড়িত ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও ব্যবস্থা বিষয়ে পৃথক মন্ত্রণালয় গঠনের চিন্তা চলছে।পরিবার পরিকল্পনা ক্যাডারদের পদোন্নতির ব্যাপারে জানতে চাইলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব শেখ আলতাফ আলী গতকাল মঙ্গলবার রাতে প্রথম আলোকে বলেন, কেন পদোন্নতি হয়নি তা তাঁর জানা নেই। সচিব বলেন, পদোন্নতির ব্যাপারে তাঁর কাছে অধিদপ্তরের পক্ষ থেকে কোনো সুপারিশ এসেছে বলেও তিনি মনে করতে পারছেন না।অধিদপ্তরের একাধিক সূত্র বলছে, পদোন্নতির জন্য কোনো সুপারিশ অধিদপ্তরের পক্ষ থেকে মন্ত্রণালয়ে যায়ওনি। কারণ জানতে চাইলে মুঠোফোনে মহাপরিচালক প্রথম আলোকে বলেন, পরে এ ব্যাপারে তিনি বিস্তারিত জানাবেন।