পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ ও জাতিসংঘ উন্নয়ন তহবিল (ইউএনডিপি) ১৫ সেপ্টেম্বর ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জন: অগ্রগতি প্রতিবেদন ২০০৯’ নামের প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের মধ্যে সবার জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্য অর্জন করার ক্ষেত্রে বাংলাদেশ সঠিক পথে আছে।তবে সেভ দ্য চিলড্রেন, অস্ট্রেলিয়া নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের জরিপের ফলাফল বলছে, বৈষম্যের কারণে সমাজের সব শিশু প্রাথমিক শিক্ষা পাচ্ছে না। বৈষম্য দূর হলে প্রাথমিক শিক্ষাবিষয়ক লক্ষ্য অর্জন সহজ হবে। সেভ দ্য চিলড্রেন, অস্ট্রেলিয়া বাংলাদেশের ৬৪টি জেলার এক হাজার ২৪ জন শিশুর ওপর একটি জরিপ চালায়। জরিপের ফলাফল গত মাসে প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। প্রতিবেদনে বলা হচ্ছে: দলিত সম্প্রদায়ের, জেলেপল্লির, যৌন পেশায় নিয়োজিত মায়েদের, চা-বাগানের, হরিজনপল্লির, হাওর এলাকার, দেশের উত্তরাঞ্চলে বসবাসকারী আদিবাসীদের এবং মঙ্গাপীড়িত অঞ্চলের শিশুরা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে আছে। এ ছাড়া গৃহশ্রমে নিয়োজিত, প্রতিবন্ধী ও আইনের সংস্পর্শে আসা (যাদের বিরুদ্ধে অভিযোগ আছে বা যারা সংশোধনকেন্দ্রে থাকে) শিশুও প্রাথমিক শিক্ষার সুযোগ পাচ্ছে না। প্রতিবেদনে বলা হচ্ছে, শিশুরা বৈষম্যের শিকার। ১১টি ক্ষেত্রে বৈষম্য এতটা বেশি যে শিক্ষার অধিকার থেকে শিশুরা বঞ্চিত হচ্ছে।শিশুদের মতামতের ওপর ভিত্তি করে ওই জরিপ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। শিশুরা বলেছে, স্কুল ও এর আশপাশের পরিবেশের কারণে তাদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। প্রাথমিক শিক্ষার সর্বশেষ পরিস্থিতি: সরকারের প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের এক প্রতিবেদন (২০০৯) অনুযায়ী, দেশে এখন ছয় থেকে ১০ বছর বয়সী এক কোটি ৬৪ লাখ শিশুর মধ্যে এক কোটি ৪৫ লাখ শিশু স্কুলে যায়। স্কুলগুলোয় মেয়েশিশুর শতকরা হার ৯৪ শতাংশ, ছেলেশিশুর হার ৮৭ দশমিক ৯।সরকার বলছে, প্রাথমিক শিক্ষায় প্রকৃত ভর্তির হার প্রায় ৯২ শতাংশ। ২০১৫ সালের মধ্যে ১০০ শতাংশের লক্ষ্য অর্জনে বাংলাদেশ সঠিক পথে আছে। তবে ঝরে পড়ার হার অনেক বেশি হওয়ায় উদ্বেগও প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে।সেভ দ্য চিলড্রেন অস্ট্রেলিয়া মনে করে, ঝরে পড়া শিশুদের তালিকা প্রধানত দখল করে আছে এই পিছিয়ে পড়া ১১ সম্প্রদায়ের শিশুরা। যেভাবে শিশুরা বৈষম্যের শিকার হচ্ছে: জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) শিক্ষাবিষয়ক যোগাযোগ-বিশেষজ্ঞ সাইয়েদুল হক প্রথম আলোকে বলেন, শিশুরা শিক্ষাক্ষেত্রে নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছে। আদিবাসী শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা হলো ভাষা। এই শিশুরা মাতৃভাষায় লেখাপড়ার সুযোগ পাচ্ছে না। এ ছাড়া পাহাড়ি অঞ্চলের অধিকাংশ শিশুর বাড়ির কাছে স্কুল নেই। বর্ষা মৌসুমে হাওর ও চরাঞ্চলের শিশুদের স্কুলে যাওয়ার ক্ষেত্রে এই যোগাযোগই প্রধান বাধা। এর বাইরে দলিত, হরিজন ও জেলেপল্লির শিশুরা শৈশব পেরোনোর আগেই পরিবারের খাবার জোটানোর জন্য লেখাপড়া ছাড়ছে বলে উল্লেখ করেছে সেভ দ্য চিলড্রেন। এসব সম্প্রদায়ে মেয়েদের বাল্যবিবাহের হারও বেশি বলে প্রতিবেদনে বলা হয়েছে।এ ছাড়া জরিপে অংশগ্রহণকারী যৌনকর্মী মায়ের শিশুরা বলেছে, তাদের মানসিক নির্যাতনের হার খুব বেশি। মেয়েশিশুরা বখাটেপনার শিকার হয়, শারীরিক শাস্তি বেশি ভোগ করে। এসব শিশু বলেছে, ক্লাস চলাকালে শিক্ষকেরা তাদের উদ্দেশে অশালীন মন্তব্য করেন। চা-বাগানের শিশুদের সমস্যা আরেক রকম। এই শিশুরা জরিপকারীদের বলেছে, স্কুলে তাদের আলাদাভাবে দেখা হয়। মাঝেমধ্যে তাদের স্কুল ঝাড়া-মোছা ও পরিষ্কারের কাজেও ব্যবহার করা হয়। এটি তাদের জন্য অবমাননাকর। মাদক সেবন চা-বাগানের শিশুদের সমস্যাকে প্রকট করেছে। চা-বাগানে মাদক সেবন আইনত নিষিদ্ধ না হওয়ায় নারী, পুরুষ, শিশু সবাই মাদক সেবন করে। পিছিয়ে আছে গৃহশ্রমিক ও প্রতিবন্ধী শিশুরাও। জরিপে অংশগ্রহণকারী গৃহশ্রমিক শিশুরা জানায়, নিয়োগকর্তারা চান না তারা স্কুলে যাক। সারা দিন পরিশ্রমের কারণে তারা চাইলেও লেখাপড়া করতে পারে না। অন্যদিকে প্রতিবন্ধী শিশুরা বলেছে, প্রতিবন্ধী শিক্ষকেরাই তাদের যত্নের সঙ্গে পড়ান, অন্যরা নন। ইউনিসেফ বলছে, প্রাথমিক বিদ্যালয়ে জেন্ডার-সমতা অর্জিত হলেও প্রতিবন্ধী মেয়েশিশুদের স্কুলে যাওয়ার হার খুবই কম।ইউনিসেফ আরও বলছে, শহরের বস্তির শিশুরাও শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে আছে। এসব শিশুর অর্ধেককে স্কুলমুখী করা গেছে। এদের মধ্যে আবার অর্ধেক শিশু পঞ্চম শ্রেণীর গণ্ডি পেরোতে পারছে। আর ২৪ শতাংশ মেয়েশিশু কখনো স্কুলেই যায়নি। অবকাঠামো ও পরিবেশগত অসুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ছিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, স্কুল নির্মাণের একটি নীতিমালা আছে। সেখানে মাঠের উপস্থিতি, ক্লাসের আয়তন কত হবে তা পরিষ্কারভাবে লেখা আছে। কিন্তু আইন থাকলেও অনেকেই তা মানছেন না। এমন জায়গায় স্কুল প্রতিষ্ঠা করতে হবে, যেখানে শিশুরা নিরাপদে দীর্ঘ সময় অবস্থান করতে পারে। তিনি বলেন, কর্তৃপক্ষের মনে রাখতে হবে, খেলাধুলা হলো শিক্ষার অংশ। খেলাধুলার মাধ্যমে শিশুর মধ্যে নেতৃত্ববোধ জাগে। সেভ দ্য চিলড্রেন, অস্ট্রেলিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, শিশুরা স্কুলের পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। তারা ব্যস্ত সড়কের পাশে স্কুলের অবস্থান নিয়ে এবং জরাজীর্ণ স্কুলভবন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সেভ দ্য চিলড্রেন, অস্ট্রেলিয়া ৫১২টি স্কুলের ওপর জরিপ চালায়। জরিপে দেখা গেছে, ৬৮ শতাংশ স্কুল ব্যস্ত সড়কের পাশে, ৮১ শতাংশ স্কুলে বৃষ্টির পানি জমে থাকে, ৮৬ শতাংশ স্কুলের দেয়াল ও ছাদ ভাঙা, ৮৯ শতাংশ স্কুলে বন্যার পানি জমে। সরকারি উদ্যোগ: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান প্রথম আলোকে বলেন, শিশুদের এসব উদ্বেগ অত্যন্ত সংবেদনশীল মন নিয়ে বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, বিভিন্ন পেশায় নিয়োজিত শিশুদের জন্য বিভাগীয় শহরে স্কুল আছে, আরও ৫৬টি জেলায় স্কুল করার পরিকল্পনা আছে সরকারের। এ ছাড়া দুর্যোগপ্রবণ এলাকার শিশুদের যেন শিক্ষা ব্যাহত না হয়, সে বিষয়ে কাজ চলছে। সরকার ছয় হাজার ঝুঁকিপূর্ণ স্কুলের তালিকা করেছে। পর্যায়ক্রমে সেগুলোকে সংস্কার করা হবে।সরকারের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যবিষয়ক অগ্রগতি প্রতিবেদনে বলা হয়েছে, সর্বজনীন প্রাথমিক শিক্ষার উন্নতির জন্য সরকার ও দাতাগোষ্ঠী কিছু বিষয়ের ওপর জোর দিয়েছে। এর মধ্যে প্রয়োজনীয় সংখ্যক নতুন শিশুবান্ধব স্কুল তৈরি, পর্যাপ্ত দক্ষ শিক্ষক নিয়োগ, স্কুলে টিফিনের আয়োজন ইত্যাদি উল্লেখযোগ্য। আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেন, ২০১৫ সালের মধ্যে সব শিশু যেন স্কুলে যায়, সে লক্ষ্যে সরকার আন্তরিকভাবে কাজ করছে।