ইদানীং আমরা দেখতে পাচ্ছি, সরকারি কর্মকর্তাদের প্রতি সরকারের দরদ যেন উথলে পড়ছে। দুর্নীতি দমন কমিশনের খসড়া আইনে আমরা তার বাস্তব প্রমাণ দেখতে পাই। এ আইনের একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে, দুর্নীতি দমন কমিশনকে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করতে হলে সরকারের অনুমতি লাগবে। অথচ দুর্নীতি দমন কমিশন যখন একজন কৃষক বা সাধারণ জনগণের বিরুদ্ধে মামলা করবে তখন অনুমতি লাগবে না। এটা কেমন ধরনের আইন? এই আইন সংবিধানের ২৭ অনুচ্ছেদকে সুস্পষ্টভাবে লঙ্ঘন করবে। আমরা দেখতে পাচ্ছি, সরকার আমাদের পবিত্র সংবিধান লঙ্ঘন করে বারবার আমলাদের এ ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করছে। জনগণ এ দেশে বৈষম্যের আইন দেখতে চায় না। আমি মনে করি, আদালত অবমাননা সংশোধনীর খসড়া আইনে সরকার একইভাবে সংবিধান লঙ্ঘনের চেষ্টা করছে। সাধারণ জনগণ আদালত অবমাননা করলে তার বিরুদ্ধে আদালত সরাসরি ব্যবস্থা নিতে পারবেন। অথচ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিতে পারবেন না। তাঁকে প্রথমে নোটিশ দিতে হবে। অর্থাৎ অনেক চড়াই-উতরাই পেরিয়ে তারপর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। আমাদের দেশের অধিকাংশ আইন ব্রিটিশদের তৈরি। এ আইনগুলোর সংস্কার আমরা সবাই চাই। আমাদের দেশে ব্রিটিশদের তৈরি অনেক আইন আছে, যেগুলোর এখন পর্যন্ত একটা দাড়ি, কমা পরিবর্তন করা হয়নি। অথচ বর্তমান সমাজের প্রেক্ষাপটে ২০০ বছরের পুরোনো আইনের পরিবর্তন দরকার। তাই সরকারের এই আইন সংশোধনের উদ্যোগগুলোকে আমরা স্বাগত জানাই কিন্তু সংবিধান লঙ্ঘন করে এ ধরনের বৈষম্যমূলক পরিবর্তন জনগণ দেখতে চায় না। অবিলম্বে সরকারের শুভবুদ্ধির উদয় হোক।মো. ছরোয়ার হোসেন, গাইবান্ধা।