বৈসাবি নাম দিয়ে সংস্কৃতি বিলুপ্তির ষড়যন্ত্র হচ্ছে: সন্তু লারমা
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা অভিযোগ করেছেন, ‘সরকার বিভিন্ন নথিপত্রে বিঝু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু উত্সবকে “বৈসাবি” নাম দিয়ে আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে বিলুপ্তির ষড়যন্ত্র করছে। অথচ আদিবাসীদের প্রত্যেক সম্প্রদায়ের উত্সবটির নিজস্ব নাম রয়েছে।’ এসব নাম পরিবর্তন করা মৌলিক অধিকার লঙ্ঘন বলে তিনি মন্তব্য করেন।আজ শুক্রবার উত্সব উপলক্ষে সকাল সাড়ে ১০টায় রাঙামাটি শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সন্তু লারমা। সন্তু লারমা বলেন, ‘আজ শুক্রবার থেকে শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের বর্ষ বিদায় ও বরণের প্রধান সামাজিক উত্সব বৈসাবি। এ উত্সবকে ত্রিপুরা সম্প্রদায় বৈসুক, মারমারা সাংগ্রাই ও চাকমারা বিঝু বলে। একইভাবে ১৩টি আদিবাসী সম্প্রদায়ের প্রত্যেকের উত্সবের রয়েছে নিজস্ব নাম। তবে উদযাপনের দিন ও রীতি সব সম্প্রদায়ের একই।’তিন দিন ধরে চলবে বৈসাবি উত্সবের নানা সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান।পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা বলেন, ‘সরকার পার্বত্য চুক্তির মাধ্যমে আমাদের অধিকারের স্বীকৃতি দিয়েছিল। কিন্তু চুক্তি বাস্তবায়ন না করায় সেই অধিকারকে পদদলিত করা হচ্ছে।’ পার্বত্য চট্টগ্রামের আহ্বায়ক ও বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি সুকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ‘আদিবাসী ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক বিকাশে বিঝু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রগতি খীসা। আলোচনায় অংশ নেন এম এন লারমা ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, কবি ও লেখক শিশির চাকমা, রাঙামাটি সরকারি কলেজের সহকারী অধ্যাপক শান্তি কুমার চাকমা, সমাজকর্মী ধীর কুমার চাকমা, সুনীতি বিকাশ চাকমা প্রমুখ।এর আগে ভোর সাড়ে ছয়টায় রাঙামাটির রাজবন বিহার পূর্বঘাটে উত্সব উদযাপন কমিটি ও কিল্যামুড়া এলাকায় ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে নদীতে ফুল ভাসানো উত্সব হয়েছে। দুই জায়গাতেই আদিবাসীদের সমাগম ঘটে। এ ছাড়া বিভিন্ন বিহারে বুদ্ধমূর্তি ও পাড়া-মহল্লায় বয়স্কদের গোসল করানোর উত্সবও হয়েছে। ফুল দিয়ে সাজানো হয়েছে আদিবাসীদের প্রতিটি বাড়ি। আগামীকাল আদিবাসীদের প্রতিটি বাড়িতে চলবে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অতিথি আপ্যায়ন।