বৈসাবির দ্বিতীয় দিনে আনন্দমুখর পার্বত্য তিন জেলা
পার্বত্য চট্টগ্রামে তিনটি জেলায় পাহাড়ি জনপদগুলো এখন আনন্দধ্বনিতে মুখরিত। দলে দলে শিশু-কিশোর, যুবক-যুবতী আর নানা বয়সের আদিবাসীরা ঘুরছে এক বাড়ি থেকে অন্য বাড়ি, এক গ্রাম থেকে অন্য গ্রামে। তাদের সঙ্গে যোগ দিয়েছে স্থানীয় এবং দেশের বিভিন্ন স্থান থেকে আসা বাঙালি বন্ধুরাও। আদিবাসীদের বৈসুক-সাংগ্রাই-বিঝু-বিষু (বৈসাবি) উত্সবে আজ বুধবার দ্বিতীয় এবং প্রধান দিন। আজ প্রত্যেকের বাড়ির দ্বার উন্মুক্ত থাকে সবার জন্য। সব বাড়িতে খেতে পাওয়া যায় নানা প্রকার মুখরোচক খাবার। খেতে দেওয়া হয় আদিবাসীদের তৈরি মদ ‘দোচোয়ানি’ এবং অপরিশোধিত মিষ্টি মদ ‘জগরাহ’।বান্দরবানে সাংগ্রাই উদযাপন কমিটির উদ্যোগে আজ সকাল সাড়ে নয়টায় শোভাযাত্রার আয়োজন করা হয়। স্থানীয় রাজবাড়ী মাঠ থেকে সাংগ্রাই শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে আবার রাজবাড়ী মাঠে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।খাগড়াছড়ি সদর উপজেলার নুনছড়ি মৌজার দেবতা পুকুরে ভোর থেকে ত্রিপুরা সম্প্রদায়ের হাজার হাজার মানুষ জড়ো হয়ে তাদের মনোকামনা পূরণে পূজা করেছে। তাদের বিশ্বাস বৈসুক উপলক্ষে সেখানে গিয়ে পূজা করলে ‘মানত’ পূর্ণ হয়। আজ আদিবাসীরা সারা দিন খাবারদাবারের পাশাপাশি নানা সামাজিক অনুষ্ঠানাদির মাধ্যমে বৈসাবির মূল দিনটি উদযাপন করবে।