বোকো হারামের নেতা ইব্রাহিম নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার সেনাবাহিনীর অভিযানে দেশটির ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারামের শীর্ষস্থানীয় নেতা ইবনে সালেহ ইব্রাহিম নিহত হয়েছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলের শহর মাইদুগুরিতে সেনা অভিযানে তিনি নিহত হন। গতকাল শুক্রবার সেনা মুখপাত্র লে. কর্নেল সাগির মুসার বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।বোকো হারামের বর্তমান শীর্ষ নেতা আবুবকর শেকুর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন ইব্রাহিম।সেনাবাহিনীর ওই মুখপাত্র জানান, গত বৃহস্পতিবার তাঁরা জানতে পারেন ইব্রাহিম মাইদুগুরি শহরে আছেন। এরপর তাঁর অবস্থান শনাক্ত করে বিশেষ অভিযান চালানো হয়। লেফটেন্যান্ট পদমর্যাদার ছয় সেনা কর্মকর্তার সঙ্গে গুলি বিনিময়ের সময় ইব্রাহিম নিহত হন। তবে নাইজেরিয়া থেকে বিবিসির প্রতিবেদক জানিয়েছেন, দেশটির নাম প্রকাশে অনিচ্ছুক বহু নাগরিক বলছেন, আসলে ‘ক্রসফায়ারে’ ইব্রাহিম নিহত হয়েছেন। বোকো হারামের পক্ষ থেকে ইব্রাহিমের মৃত্যুর ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি।মুখপাত্র সাগির মুসা বলেন, গত মাসে অবসরপ্রাপ্ত জেনারেল মোহাম্মদ শুয়া হত্যার ঘটনায় ইব্রাহিম জড়িত ছিলেন। তিনি মাইদিগুরিতে নিজের বাসায় দুর্বৃত্তের গুলিতে নিহত হন। তবে কোনো সংগঠনই তাঁকে হত্যার কথা স্বীকার করেনি।তবে নাইজেরিয়ায় বোকো হারামের ব্যাপারে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংগঠনটি বলে আসছে, বোকো হারামের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে সেনাবাহিনীর সদস্যরা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনে জড়িয়ে পড়ছেন। দেশে ইসলামি শরিয়াহ আইন চালুর লক্ষ্য নিয়ে ২০০৯ সাল থেকে সশস্ত্র আন্দোলন করে আসছে বোকো হারাম। তাদের বিরুদ্ধে শত শত মানুষ হত্যার অভিযোগ রয়েছে।