বোকো হারামের ১১ সদস্যকে গুলি করে হত্যা
নাইজেরিয়ার উগ্র ইসলামি গোষ্ঠী বোকো হারামের ১১ সদস্যকে গুলি করে হত্যা করেছে দেশটির সামরিক বাহিনী। বিবিসি অনলাইনের খবরে এ কথা বলা হয়েছে। সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় মাইদুগুরি শহরে সামরিক বাহিনীর সঙ্গে বোকো হারামের সদস্যদের গোলাগুলির সময় তাঁরা মারা যান। তবে বোকো হারামের অভিযোগ, নিহত সদস্যদের নিজ নিজ বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করেছে সেনারা।এদিকে, দেশে শরিয়াহ আইন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাঁদের বিদ্রোহ ও হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বোকো হারামের মুখপাত্র আবু কাকা। দলীয় সদস্যদের কারামুক্তি না হলে সোকোতো শহরে কানোর মতোই একটি সহিংসতা চালাবেন তাঁরা। শনিবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এই হুঁশিয়ারি বার্তা উচ্চারণ করেন।বোকো হারামের সহিংসতা বন্ধের লক্ষ্যে প্রেসিডেন্ট গুডলাকের সঙ্গে আলোচনায় যাওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি বলেন, সরকার এক দিকে বোকো হারামের সদস্যদের হত্যা করছে, অন্যদিকে অস্ত্র সমর্পণের কথা বলছে। তাই তাঁদের পক্ষে সরকারের সঙ্গে আলোচনায় বসা অসম্ভব।