চালক আজমের বক্তব্যের প্রতিক্রিয়ায় সুরঞ্জিত
বোগাস স্টোরি, এগুলো মিডিয়ার কারবার (ভিডিও)
রেলের বহুল আলোচিত অর্থ কেলেঙ্কারির ঘটনায় সাবেক রেলমন্ত্রী ও বর্তমানে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুকের গাড়ির চালক আজম খানের বক্তব্যের প্রতিক্রিয়ায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘না না, এসব ফালতু কথা। বোগাস স্টোরি। এগুলো মিডিয়ার কারবার।’আজ শুক্রবার আজমের বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে আরটিভিকে টেলিফোনে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন।সুরঞ্জিত বলেন, ‘এত দিন যেসব প্রসেস হয়েছে, সেসব প্রসেসের মধ্য দিয়ে আজম যায়নি কেন? এখন কোথা থেকে সে এসব বলছে?’ তিনি দাবি করেন, এসব তাঁকে ফাঁসানোর জন্য করা হচ্ছে।গত ৯ এপ্রিল রাতে বিপুল পরিমাণ টাকাসহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঝিগাতলা গেট দিয়ে একটি গাড়ি ভেতরে ঢুকে পড়ে। ওই গাড়িটি ওমর ফারুকের আর সেটি চালাচ্ছিলেন আজম খান। গাড়ির যাত্রী ছিলেন রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা, তাঁর নিরাপত্তা কর্মকর্তা রেলওয়ের কমান্ড্যান্ট এনামুল হক ও রেলমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদার। তাঁরা কেউই এখন স্বপদে নেই।আজম খান দাবি করেন, রেলের নিয়োগের ৭৪ লাখ টাকা মন্ত্রীর বাড়িতেই নেওয়া হচ্ছিল। টাকা বস্তায় ভরে চালক তা নিজেই গাড়িতে তোলেন। ওমর ফারুক রেলের নিয়োগ-বাণিজ্য সিন্ডিকেটের মূল হোতা বলেও দাবি করেন আজম খান।সৌজন্যে-আরটিভি।