বোঝা গেল ক্রিকেট কেন ক্রিকেটের মতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ ক্রিকেট বিশ্বকাপ সামনে রেখে শুরু হওয়া এই ধারাবাহিকে আজ থাকছে ১৯৮৩ বিশ্বকাপ। লিখেছেন রণজিৎ বিশ্বাসবিশেষ ভঙ্গিতে কথা বলার, বিশেষ ভঙ্গিতে প্রতিক্রিয়া প্রকাশ করার ও বিশেষ প্রকৃতির স্টান্স নিয়ে নিজেদের কালে মহা আক্রমণাত্মক ঢঙে ব্যাট চালানোর মানুষ কৃষ্ণমাচারি শ্রীকান্ত। নাসার রন্ধ্র কুঁচকোতে কুঁচকোতে ও শুঁয়াপোকার মতো শুয়ে থাকা গোঁফে বাঁক তুলতে তুলতে তিনি বলেন, ১৯৮৩ সালে বিশ্বকাপ জিতে ভারত যেমন রেকর্ড করেছে, আমিও এক রেকর্ড করেছি। ফাইনালে সর্বোচ্চ স্কোর। তাও আবার দুদল মিলিয়ে। ভবিষ্যতে ভারত যদি আবার চ্যাম্পিয়ন হয়ও, আমার রেকর্ড তার জায়গায় থাকবে।কত বড় সেই স্কোর? ৩৮ রানের। এই ৩৮ রান আজকাল কোনো জমে যাওয়া ব্যাটসম্যান ১২ বলেও তুলে ফেলে। অ্যাটাকিং হওয়ার পরও শ্রীকান্তের সময় লেগেছিল। পরিস্থিতি অনুকূল ছিল না। তাঁকে ৫৭ বল খেলতে হয়েছিল। আরেকজন মানুষ, পরে যিনি বাংলাদেশের ক্রিকেট কোচ হয়েছিলেন, মহিন্দর ভরদ্বাজ অমরনাথ, ৮০ বল খেলে ২৬ রান তোলার জন্য কী পরিশ্রমই না সেবার করেছিলেন!পরিশ্রম সার্থক। এই ২৬ রানের পিঠে মাত্র ১২ রানে ৩ উইকেট ফেলে তিনি ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ হয়ে বিশ্বকাপ ক্রিকেটের ভ্রমণরেখায় একটি নতুন অধ্যায়ের পর্দা তোলেন। সেমিফাইনাল ও ফাইনালের ‘ম্যান অব দ্য ম্যাচ’ হওয়ার একমেবাদ্বিতীয়ম দৃষ্টান্ত প্রতিষ্ঠা। ১৯৯৬ বিশ্বকাপে অরবিন্দ ডি সিলভা ও ১৯৯৯ সালে এসে এ প্রকোষ্ঠে ভাগ নিয়েছেন শেন ওয়ার্ন। মহিন্দর ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ৪৬ রান তুলেছিলেন ৯২ বলে। তার আগে ১২ ওভারে মাত্র ২৭ রান দিয়ে উইকেট পেয়েছিলেন ২টি। যত কিছুই হোক, পরপর তিন আসরে (সাদা পোশাক, লাল বল ও ৬০ ওভারের শেষ টুর্নামেন্ট) চ্যাম্পিয়ন হওয়ার ছবি ওয়েস্ট ইন্ডিজ একই কাপ্তান ক্লাইভ হুবার্ট লয়েডের নেতৃত্বে লর্ডসে বসিয়ে নেওয়ার কাজটি শেষ পর্যন্ত সেরে এনেছিল। যদি এমন কেউ বলে, পারল না শুধু একটিমাত্র ক্যাচের জোরে, খুব বেশি ভ্রান্তবীক্ষণ হবে না। এমন একজন ক্যাচটি হাতের তেলোয় বাঁধলেন, যিনি তেমন কাজে অমন জাঁহাবাজি আগে কখনো দেখাননি। কাপ্তান রামলাল নিখাঞ্জ কপিল দেব। মাথার অনেক ওপরের পথে বাতাসকাটা বলটিকে কৃতজ্ঞ ও বিশ্বস্ত দুহাতের ব্যগ্রতায় আটকানোর জন্য কপিলকে প্রায় কুড়ি গজ দৌড়ুতে হয়েছিল। পেছনের দিকে। শ্যেন-এর নিশানায় বলকে বেঁধে নিয়ে। এত বড় চেষ্টায় যাঁর প্রাণ গেল, তিনি বিপর্যয়ের সব খানাখন্দ ভরিয়ে দিয়ে ৬০ ওভারে ১৮৪ রানের ছোট লক্ষ্যটি ছুঁয়ে ফেলার লক্ষ্যে আক্রমণে প্রতিরক্ষায় সাবধানতায় ও ভয়াবহতায় এগিয়ে যাচ্ছিলেন। ২৮ বলে তখন ৩৩ তুলে ফেলেছিলেন। আইজাক ভিভিয়ান আলেকজান্ডার রিচার্ডস (পরে ‘স্যার’)।ওয়েস্ট ইন্ডিজের ভাববারই কথা, তাদের চার ঘাতক রবার্টস, মার্শাল, গার্নার ও হোল্ডিং প্রবল প্রতিপক্ষের সব স্বপ্ন ও ধারণার মধ্যে আঁটানো যাবতীয় প্রতিরোধ মুড়িয়েমাড়িয়ে তাড়িয়ে দেবেন। তাই টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠানো। কাজটি একেবারে ছকে ছকেই হয়ে গিয়েছিল। তাঁদের সঙ্গে খুব কার্যকর এক বোলারের ভূমিকায় যোগ দিয়েছিলেন ল্যারি গোমসও। তার পরও, প্রথম তিনবারের ফাইনালে সবচেয়ে সহজে যা হয়ে যাওয়ার, যে কাজটি হয়ে উঠেছিল ঘণ্টা দুয়েকের ব্যাপার, তা হতেই পারল না। ফাইনাল দেখল সবচেয়ে দুর্বল জবাব (৫৪.৪ ওভারের ১৮৩-এর পিঠে ৫২ ওভারে ১৪০)।এই ঠিকানায় সেবার ভারতের যাওয়া হয় না, যদি ফাইনালের সাত দিন আগে (১৮ জুন) ঘোর এক বিপর্যয়ের দিনে কপিল দেব ভাগ্যের বৃহস্পতিকে বাহুতে না পান। হরিয়ানা হারিকেনের সাহস যোগ হয়েছিল সেদিন তাঁর ভাগ্যপ্রসন্নতার সঙ্গে। নইলে সেই অবিশ্বাস্য কাণ্ড ঘটে না, রয়্যাল টানব্রিজ ওয়েলস গ্রাউন্ডে ২৮ রানে ৮ উইকেট হারানো ভারত ৮ উইকেটে ২৬৬ রান পায় না, কপিল ওডিআই ক্রিকেটে রেকর্ড বসিয়ে ১৭৫ রানে অপরাজিত থাকেন না এবং টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়াকে হারিয়ে মানুষের অক্ষিগোলককে কোটরছাড়া করে দেওয়া জিম্বাবুয়ে ৩১ রানে হারে না। এমন কোনো বিন্দুতে দাঁড়িয়েই মনে হয়, ক্রিকেট কেন আর কিছুর মতো নয়।