বোঝার ওপর শাকের আঁটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সরকারি বিএল উচ্চবিদ্যালয়টি শিক্ষক ও কক্ষসংকটসহ নানাবিধ সমস্যায় জর্জরিত। তার ওপর চলছে নির্ধারিত আসনের চেয়ে অতিরিক্ত ছাত্র ভর্তি। ফলে সমস্যা আরও তীব্র আকার ধারণ করেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ ও অবিভাবক সূত্রে জানা যায়, বিদ্যালয়টি প্রতিবছর ফলাফল অর্জনে জেলার মধ্যে সর্বোচ্চ স্থান অধিকার করে থাকে। কিন্তু বর্তমানে যে অবস্থার সৃষ্টি হয়েছে তাতে ভালো ফলাফল দূরের কথা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ থাকবে কি না সন্দেহ।চলতি বছর থেকে এই বিদ্যালয়ে দুই শিফট (দিবা ও প্রভাতি শাখা) চালু করা হয়েছে। প্রতিবছর ৬০ জন করে ছাত্র ভর্তির নিয়ম থাকলেও এবার অতিরিক্ত ভর্তি হওয়ায় সমস্যা আরও প্রকট হয়েছে। শিক্ষকের স্বল্পতা তো রয়েছেই।বিদ্যালয়ের শিক্ষকেরা অভিযোগ করেন, জানুয়ারি মাসে ভর্তি শেষ হলেও জেলা প্রশাসকের কার্যালয় থেকে দুই দফায় ৫৫ জন ছাত্রের একটি তালিকা পাঠানো হয়। বর্তমানে এই তালিকানুযায়ী ভর্তি করায় ছাত্রদের স্থান সংকুলান হচ্ছে না। বেশ কিছু ছাত্রকে দাঁড়িয়ে ক্লাস করতে হয়। বিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে দুই শিফট চালু করা হলেও এর বিপরীতে শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। এমনিতেই হিন্দুধর্ম ও কৃষি বিভাগের শিক্ষক নেই। প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদ দুটি ভারপ্রাপ্ত দিয়ে চালানো হচ্ছে। ফলে পাঠদান ও অফিশিয়াল কাজকর্ম করা কঠিন হয়ে পড়েছে। কক্ষের অভাবে হিন্দুধর্মের ক্লাস কোনো কক্ষ খালি থাকলে হয়, না হলে হয় না। অতিরিক্ত যেসব ছাত্র ভর্তি করা হয়েছে তাদের এখনো পাঠ্যবই দেওয়া সম্ভব হয়নি।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা লতিফা খানম বলেন, ‘শত সমস্যার মধ্যে প্রতিষ্ঠানটি ধুঁকে ধুঁকে চলছে। তার পরও আমরা চেষ্টা করছি ভালো পাঠদান দিতে। কিন্তু অতিরিক্ত ছাত্র ভর্তির কারণে আমাদের কষ্ট হচ্ছে। আমাদের ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দুই দফায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তালিকা আসায় বাধ্য হয়ে তাদেরও ভর্তি করতে হয়েছে।’ শিক্ষক ও কক্ষস্বল্পতার বিষয়ে তিনি বলেন, ‘এই সমস্যাগুলো লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো সমাধান আসেনি। তার পরও চাকরি করার তাগিদে এখানে কর্তব্য পালন করে যাচ্ছি।’