বোঝার ওপর শাকের আঁটি!
একদল শিক্ষার্থী বিদ্যালয়ের বারান্দায় বসে পড়ছে। অন্যরা খেলছে। আর একটি শ্রেণীকক্ষে একজন শিক্ষিকা পড়াচ্ছেন। ৭ জুলাই তারাগঞ্জের সয়ার ডারারপাড় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এ রকম দৃশ্য দেখা যায়।বারান্দায় পড়তে থাকা পঞ্চম শ্রেণীর ছাত্রী আয়শা খাতুন বলে, ‘আপা আমাদের পড়া দিয়ে ওই ক্লাসে গেছে। থ্রি আর ফোরের ক্লাস নিয়ে তারপর আবার আমাদের ক্লাস নিবার আসপে।’এমন সময়ই এগিয়ে এলেন বিদ্যালয়ের একমাত্র শিক্ষিকা আমেনা বেগম। আক্ষেপ করে তিনি বলেন, ‘ভাই, এই ক্লাসে পড়া দিয়া অন্য ক্লাসে যাই। সেখানে পড়া বদলায়ে পরদিনের নতুন পড়া দিয়া আবার অন্য ক্লাসে যাই। এভাবে সারাদিন দৌড়াই। কোনো শিক্ষার্থীকে পড়া ধরার সময়ও পাই না। কোনো কাজে শিক্ষা অফিসে গেলে স্কুল ছুটি দিয়ে দিই।’উপজেলা সদর থেকে নয় কিলোমিটার দূরে সয়ার ইউনিয়নের ডারারপাড় গ্রামে মনোরম পরিবেশে বিদ্যালয়টির অবস্থান। প্রাকৃতিক পরিবেশ সুন্দর হলেও বিদ্যালয়ের লেখাপড়ার অবস্থা খুবই নাজুক।বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭৫ সালে স্থাপিত হয় বিদ্যালয়টি। বর্তমানে এর শিক্ষার্থীসংখ্যা ১৭৭। চারজন শিক্ষকের মধ্যে বিলকিছ জাহান ইস্তেফা দেন ২০০৩ সালে। আর প্রধান শিক্ষক অহিদুল হক অবসর নেন ২০০৮ সালে। অন্য সহকারী শিক্ষক শামসুল আলম ২০০৯ সালে অবসর নেওয়ায় বর্তমান কর্মরত রয়েছেন শুধু সহকারী শিক্ষিকা আমেনা বেগম। তাই তাঁকেই সব ক্লাস নিতে হয়। সেই সঙ্গে করতে হয় দাপ্তরিক কাজও। স্থানীয় লোকেরা জানায়, শিক্ষক না থাকায় ক্লাসই হয় না। এ অবস্থায় অনেক অভিভাবকই তাঁদের সন্তানদের এ বিদ্যালয় থেকে সরিয়ে নিয়েছেন।ডারারপাড়া গ্রামের সমাজসেবক মকছুদার রহমান বলেন, ‘আমার দুই সন্তান এখানে পড়ে বলে প্রায় দিনই আসি। আমেনা আপাকে দৌড়ে দৌড়ে ক্লাস নিতে দেখি। কিন্তু এভাবে কি লেখাপড়া হয়? তাই ছেলেমেয়েকে অন্য স্কুলে ভর্তি করার কথা ভাবছি।’এদিকে গ্রামের শিক্ষিত যুবক ফিরোজুল ইসলাম বলেন, এমনিতেই শিক্ষক নেই, এর ওপর বিদ্যালয়ের পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্ব চলছে। এতে লেখাপড়া আরও ব্যাহত হচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়ের পুরোনো কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন করে অভিভাবক মোজাম্মেল হককে সভাপতি করে ১২ সদস্যের এক কমিটি করা হয়। কিন্তু মোজাম্মেল হককে সভাপতি মানতে নারাজ আগের সভাপতি জালাল উদ্দিন। তিনি উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অভিযোগ করেন। ফলে ওই কমিটি আর কার্যকর হয়নি।মোজাম্মেল হক বলেন, ‘আমি বিধি মোতাবেক সভাপতি নির্বাচিত হয়েছি। কিন্তু সাবেক সভাপতি তা মানছেন না।’এদিকে জালাল উদ্দিন বলেন, ‘অবৈধভাবে কমিটি করায় ওই কমিটির বিরুদ্ধে অভিযোগ করেছি।’একমাত্র শিক্ষিকা আমেনা খাতুন বলেন, ‘বিধি অনুযায়ী কমিটি করে শিক্ষা অফিসে পাঠিয়েছি। সাবেক সভাপতি এর বিরোধিতা করে অভিযোগ করায় তা অনুমোদিত হচ্ছে না। আর এ কারণে বেতন-ভাতাও পাচ্ছি না।’উপজেলা শিক্ষা কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, বিদ্যালয়ের সমস্যাগুলোর সমাধানে চেষ্টা করা হচ্ছে।