বোটানিক্যাল গার্ডেনে দুর্বৃত্তদের হামলা, আহত ৫
মিরপুরে অবস্থিত জাতীয় উদ্ভিদ উদ্যানে (বোটানিক্যাল গার্ডেন) একদল দুর্বৃত্ত আজ শনিবার দর্শনার্থীদের মারধর করে তাঁদের কাছ থেকে অর্থ লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।প্রধান ফটকের ইজারাদার মোহাম্মদ শোভন জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় আওয়ামী লীগের দুই নেতার নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল উদ্যানের ভেতরে ঢুকে পড়ে। তারা দশনার্থীদের মারধর করে তাদের টাকা লুট করে নেয়। এ ব্যাপারে পুলিশকে জানালেও পুলিশ আসেনি। ১৯ এপ্রিল বোটানিক্যাল গার্ডেনের প্রধান ফটকে টেন্ডারবাজি করতে না পেরে ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতারা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে তিনি অভিযোগ করেন।জানতে চাইলে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ বলেন, ১৯ এপ্রিল উদ্যানের প্রধান ফটকের সামনে দরপত্র জমা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ অবস্থা হয়েছে বলে তিনি শুনেছেন। এ ব্যাপারে তিনি পুলিশকে খোঁজ নিতে বলেছেন।