বোতলজাত সয়াবিন তেলের দাম কমেছে
অবশেষে কমল সয়াবিন তেলের দাম। সরকার দাম নির্ধারণ করে দেওয়ার দুই দিন পর গতকাল বৃহস্পতিবার বোতলজাত সয়াবিন তেলের দাম কমিয়েছে কোম্পানিগুলো।বাংলাদেশ এডিবল অয়েল কোম্পানির রূপচাঁদা ব্র্যান্ডের প্রতি লিটার সয়াবিন তেলের বোতলের দাম ছিল ১১৪ টাকা। দাম কমিয়ে তা নির্ধারণ করা হয়েছে ৯৬ টাকা। অন্যান্য কোম্পানির বাজারজাত করা সয়াবিন তেলের দামও কমানো হয়েছে।কোম্পানিগুলোর পক্ষ থেকে বলা হয়, সরকার দাম নির্ধারণ করে দেওয়ার পর দাম কমানো হলো। এতে দেখা গেছে, প্রতি লিটারে দাম কমেছে পাঁচ থেকে ১৮ টাকা পর্যন্ত। তবে খোলা সয়াবিন তেল নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।পুরান ঢাকার মৌলভীবাজারের ব্যবসায়ীরা জানান, ৯৬৬ টাকার আট লিটার বোতলের নতুন দাম ঠিক করা হয়েছে ৭৭৯ টাকা। ৫৪৯ টাকার পাঁচ লিটারের বোতল ৪৮৪ টাকা। এ ছাড়া ২২১ টাকা ৫০ পয়সার দুই লিটার তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৯৩ টাকা ৫০ পয়সা এবং ১১৪ টাকার এক লিটারের বোতল এখন ৯৬ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া সিটি গ্রুপের তীর মার্কা ৭৯০ টাকার আট লিটার গতকাল বিক্রি হয়েছে ৭৭৫ টাকায়, ৫০৪ টাকার পাঁচ লিটার ৪৮৫ টাকায়, ২০৪ টাকার দুই লিটার ১৯৪ টাকা এবং ১০৫ টাকার এক লিটারের বোতল ৯৭ টাকায়।কারওয়ান বাজারের মাহমুদ জেনারেল স্টোরের ব্যবসায়ী মাসুদ আহমেদ জানান, গত দুই দিন ধরে বোতলজাত ভোজ্যতেলের দাম কোম্পানিগুলো কমিয়েছে। পুরান ঢাকার মৌলভীবাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, খোলা সয়াবিন তেলের লিটার ৮৬ টাকা নির্ধারণ করায় তা কেজিতে দাম পড়ে ৯৬ টাকা। নয়াবাজারের ব্যবসায়ী আবুল কালাম জানান, তিনি প্রতি কেজি খোলা সয়াবিন ১০০ টাকায় বিক্রি করছেন। কারণ জানতে চাইলে তিনি বলেন, ৯৭ টাকা ৫০ পয়সা দরে পাইকারি বাজার থেকে কেনা হয়েছে। গতকাল মৌলভীবাজারের সিটি গ্রুপের বিক্রয়কেন্দ্রে প্রতি কেজি সয়াবিন তেল বিক্রি হয়েছে ৯৩ টাকা ৭৮ পয়সায়।গত রোববার সচিবালয়ে ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকদের সঙ্গে তিন ঘণ্টার বৈঠক শেষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী ফারুক খান সয়াবিনের নতুন দাম ঘোষণা করেছিলেন।