বোথাম হবেন পিটারসেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন ছিলেন পুরোদস্তুর অলরাউন্ডার। দুরন্ত ফাস্ট বোলার, ব্যাট হাতে বিধ্বংসী। আরেকজনের ব্যাটিংয়ের ধরন একই, তবে বোলিং করেন শুধু দলের খুব প্রয়োজনেই। সেটাও অফ স্পিন। ইয়ান বোথামের সঙ্গে তাই কেভিন পিটারসেনকে মেলানো কঠিন। কিন্তু পিটারসেনের মাঝেই বোথামের ছায়া দেখতে পাচ্ছেন মাইক গ্যাটিং। খটকা লাগছে? ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ দুটো খুব ভালো করে অনুসরণ করলে খুঁজে পাবেন যোগসূত্রটা।না, হঠাৎ ফাস্ট বোলিং শুরু করে দেননি পিটারসেন। শুরু করেছেন ওপেনিংয়ে ব্যাটিং করা। গ্যাটিংয়ের বোথাম-যোগসূত্র এখানেই। ক্যারিয়ার-জুড়ে মিডল অর্ডার, লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করলেও ১৯৯২ বিশ্বকাপের ঠিক আগে বোথামকে তুলে আনা হয় ওপেনিংয়ে। ফাটকাটা কাজে লেগে যায়। বিশ্বকাপেও ধারাবাহিক থেকে দলকে ফাইনালে তুলে দিয়েছিলেন বোথাম। গ্যাটিংয়ের ধারণা, এবারের পিটারসেন হতে পারেন ১৯৯২-এর বোথাম, ‘পদক্ষেপটা দারুণ কৌতূহলোদ্দীপক, এটা অবশ্যই আলোচনার ঝড় তুলবে। তবে পেছন ফিরে তাকালে মনে পড়ে আমরা বোথামকে দিয়ে ওপেন করিয়েছিলাম, ওটা কাজে লেগে গিয়েছিল। পিটারসেন দারুণ প্রতিভাবান, প্রচুর শট আছে হাতে, বাতাসে উড়িয়েও খেলতে পারে, ইনিংসটাকে গতি দিতে পারে ও।’পিটারসেনকে ওপেনিংয়ে আনাটা দারুণ চমক হয়ে এসেছে ইংল্যান্ডের পুরো ক্রিকেট মহলেই। ম্যাট প্রিয়রকে নিচে নামিয়ে আনার পর অ্যান্ড্রু স্ট্রাউসের সঙ্গে ওপেন করবেন কে, এ নিয়ে বেশ জল্পনা-কল্পনা চলছিল। সবার ভাবনায় ছিল ইয়ান বেল নয়তো জোনাথন ট্রট। কিন্তু অ্যান্ডি ফ্লাওয়ার সবাইকে চমকে দিলেন পিটারসেনকে ওপেনিংয়ে এনে। দুটি প্রস্তুতি ম্যাচে ২৪ ও ৬৬ রান করে পিটারসেনও ইঙ্গিত দিয়েছেন নতুন পজিশনে দ্রুত মানিয়ে নেওয়ার। শুধু গ্যাটিং নন, ইংল্যান্ড কোচের ফাটকাটা মনে ধরেছে অনেকেরই। একজন যেমন পিটারসেনের সাবেক সতীর্থ ম্যাথু হগার্ড।সাবেক পেসার হগার্ড দ্য টেলিগ্রাফকে বলেছেন, ‘পিটারসেনের ওপেনিং পরীক্ষা দারুণভাবে কাজে লেগে যেতে পারে। সে বিধ্বংসী ব্যাটসম্যান, যদি ৫০ ওভার খেলার সুযোগ পায়, নিশ্চিতভাবেই বড় স্কোর গড়বে। ছন্দ পেয়ে গেলে ওকে থামানো মুশকিল হবে।’ পিটারসেনকে বেশি ওভার খেলানোর ভাবনাটা মনে ধরেছে গ্যাটিংয়েরও, ‘দলের সেরা ব্যাটসম্যানের দ্রুত উইকেটে যাওয়া ও যতটা বেশি সময় সম্ভব উইকেটে থাকা উচিত। কেপি যদি ৫০ ওভার সময় পায় আর উইকেটে থাকতে পারে, প্রতিপক্ষের জন্য এর চেয়ে ভয়ংকর আর কিছু হতে পারে না।’ইংল্যান্ডের প্রতিপক্ষরা এবার প্রমাদ গুনতে পারেন! ওয়েবসাইট