বোদা সোনালী ব্যাংকে লোকবল সংকট, গ্রাহক হয়রানির শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংকের বোদা শাখার গ্রাহকেরা লোকবল সংকটের কারণে হয়রানির শিকার হচ্ছেন। গ্রাহকদের লম্বা লাইনে দাঁড়িয়ে টাকা জমা দেওয়া ও উত্তোলন করতে হচ্ছে। ব্যাংক সূত্রে জানা গেছে, ১৯৬৯ সালের ১৫ জুলাই সোনালী ব্যাংক বোদা শাখার কার্যক্রম চালু হয়। চালুর সময় এই শাখায় ৩৩ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তখন কাজের পরিধিও ছিল কম। এখন কাজের পরিধি বাড়লেও কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ১৪ জনে নেমে এসেছে। ১৪ জন কর্মকর্তা-কর্মচারী ব্যাংকটির কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছেন। অনেক কর্মকর্তা-কর্মচারীকে রাত অবধি কাজ করতে হয়। লোকবল সংকটের কারণে টাকা গ্রহণ ও প্রদান কাউন্টার মাত্র একটি করে। এ শাখায় চলতি ও সঞ্চয়ী হিসাবের সংখ্যা আট হাজারের ওপর। ঋণের হিসাব আছে ৬,৫০০টি। এ ছাড়া প্রতিদিন অসংখ্য এমটি, টিটি, ডিডি, ট্রেজারি চালান করতে হয়। এ শাখায় প্রতিদিন তিন থেকে ৫০০ লোকের লেনদেন হয়। এর বাইরেও ২২০০ জনের বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষকদের বেতন ভাতা প্রদান, প্রায় ১৫০০ বিদ্যুত্ গ্রাহকের বিদ্যুত্ বিল জমা নিতে হয়। একটি করে গ্রহণ ও প্রদান কাউন্টার হওয়ায় মাথার ওপর দাঁড়িয়ে থাকেন গ্রাহকেরা। সাবেক ইউপি চেয়ারম্যান ও ব্যাংকের গ্রাহক আবদুল মান্নান বলেন, একটি করে গ্রহণ ও প্রদান কাউন্টার হওয়ায় গ্রাহকদের টাকা জমা দেওয়া এবং উত্তোলন করতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। আরও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ করে কাউন্টারের সংখ্যা বাড়ানো উচিত। এ শাখায় প্রতিদিন দুই থেকে তিন শ গ্রাহক লেনদেন করেন। গ্রহণ কাউন্টারের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা আজিমউদ্দিন আহাম্মদ বলেন, একটি মাত্র কাউন্টারের কারণে বাধ্য হয়ে গ্রাহকদের লাইনে দাঁড়াতে হয়। প্রদান কাউন্টারের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা অভিনাশ চন্দ্র ঘোষ বলেন, একটি মাত্র কাউন্টারের মাধ্যমে টাকা প্রদান করতে হয়। ফলে গ্রাহকদের দাঁড়িয়ে থাকতে হয়। অনেক সময় গ্রাহকেরা মাথার ওপর দাঁড়িয়ে থাকেন। ব্যাংকের ব্যবস্থাপক মো. ইজাজুল হক বলেন, ১৯৬৯ সালে এই শাখা চালুর সময় ৩৩ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। বর্তমানে ১৪ জন কর্মকর্তা-কর্মচারী নিয়ে কাজ করতে হচ্ছে। কমপক্ষে ২৫ জন কর্মকর্তা-কর্মচারী দরকার। প্রতিদিন নানাভাবে ৩০০ থেকে ৫০০ গ্রাহকের লেনদেন হয়। আমরা কমসংখ্যক জনবল নিয়েও গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। তা ছাড়া কম্পিউটারাইজড হলে গ্রাহকের অসুবিধা দূর হবে। জনবল সংকটের কারণে আমাদের আনেক রাত পর্যন্ত কাজ করতে হয়।