পঞ্চগড়ের বোদা উপজেলার তিনটি সাংস্কৃতিক সংগঠনকে কার্যক্রম গুটিয়ে নিতে চরমপত্র দেওয়া হয়েছে। বোদা উপজেলা পরিষদের সাধারণ সভার সিদ্ধান্তের আলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এই চরমপত্র দিয়েছেন। এ ঘটনায় সাংস্কৃতিক কর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।গত ২৬ সেপ্টেম্বর বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সারোয়ার আলম স্বাক্ষরিত এক সরকারি আদেশে বলা হয়েছে, যেসব সংগঠন সরকারি ভবনে তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করছে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে তাদের সেসব ঘর ছেড়ে দিতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ আদেশ পাওয়ার পর বোদার সাংস্কৃতিকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ আর হতাশা। জানা গেছে, বোদা উপজেলা পরিষদের কয়েকটি পরিত্যক্ত ঘরে সরকারি পৃষ্ঠপোষকতায় স্বল্পমূল্যের ভাড়ায় ১৯৮৩ সালে উপজেলা সাংস্কৃতিক পরিষদ, ১৯৯৩ সালে অঙ্কুর সংগীত বিদ্যালয় এবং বহুব্রীহি নাট্যগোষ্ঠী প্রতিষ্ঠা লাভ করে। নানা সীমাবদ্ধতা আর অর্থনৈতিক সংকটের মধ্যেও উপজেলার সাংস্কৃতিক অঙ্গনকে সচল করে রেখেছে এই সংগঠনগুলো। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান মানুষের হূদয়কে নাড়া দেয়। এসব প্রতিষ্ঠানে ৩০০ শিশু-কিশোর সংগীত, বাদ্যযন্ত্র, চিত্রাঙ্কন ও নাট্য বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করছে। অঙ্কুর সংগীত বিদ্যালয়ের পরিচালক আবু বক্কর ছিদ্দিক মহব্বত বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বেচ্ছাচারিতায় উপজেলা পরিষদ এ অনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন। এ সিদ্ধান্ত প্রত্যাহারে দাবি জানাচ্ছি।উপজেলা সাংস্কৃতিক পরিষদের সভাপতি হুমায়ুন কবীর মজুমদার বলেন, ইউএনওর এমন চিঠি হতবাক করেছে। সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধের চক্রান্ত কোনোভাবেই মেনে নিতে পারছি না।উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বোদা উপজেলা সাংস্কৃতিক পরিষদের উপদেষ্টা মিজানুর রহমান বলেন, যেখানে সরকার অসামপ্রদায়িক সাংস্কৃতিক চর্চাকে উদ্বুদ্ধ ও পৃষ্ঠপোষকতা করছে, সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বন্ধের ঘৃণ্য চক্রান্ত করছেন। সেবামূলক এসব সাংস্কৃতিক সংগঠনকে উচ্ছেদের ষড়যন্ত্রের অন্তরালে মৌলবাদীদের গভীর ষড়যন্ত্র আছে বলে মনে করেন তিনি। ইউএনও সারোয়ার আলম বলেন, উপজেলা পরিষদের জায়গা সংকুলান হচ্ছে না, তাই প্রতিষ্ঠানগুলো সরিয়ে নিতে এই চিঠি দেওয়া হয়েছে। পঞ্চগড়-২ আসনের সাংসদ অ্যাডভোকেট নূরুল ইসলাম বিষয়টি তাঁর নজরে আছে বলে জানান।