বোদায় মৎস্য রেণু উৎপাদনের হ্যাচারিটি ১৬ বছর ধরে বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদা উপজেলা সদরে স্থাপিত সমন্বিত মৎস্য রেণু উৎপাদনের মিনি হ্যাচারিটি ১৬ বছর ধরে বন্ধ রয়েছে। সঠিক ব্যবস্থাপনা ও উন্নত কারিগরি সুবিধা না থাকা, প্রয়োজনীয় জনবলের অভাব ও আর্থিক সংকটের কারণে এটি চালু করা যাচ্ছে না। এ সুযোগকে কাজে লাগিয়ে একশ্রেণীর অসৎ রেণু ও পোনা ব্যবসায়ী উন্নত জাতের নামে নিম্নজাতের রেণু ও পোনা বিক্রি করছেন। আর এই রেণু ও পোনা কিনে সাধারণ মৎস্যচাষিরা প্রতারণা শিকার হচ্ছেন। আবার পোনার সংকটের কারণে অনেক মৎস্যচাষি পুকুর এমনিতেই ফেলে রাখছেন।মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় মাছের উৎপাদন বৃদ্ধি ও আমিষ জাতীয় খাদ্য ঘাটতি পূরণের লক্ষ্যে রেণু পোণা উৎপাদনের জন্য ১৯৯৩ সালে বোদা উপজেলা সদরে মিনি হ্যাচারি স্থাপন করে। এতে খরচ হয় দেড় কোটি টাকা। এ খাতে বছরে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয় ৭০ লাখ টাকা। ১৯৯৪ সাল থেকে এই মিনি হ্যাচারিটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বোদা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফয়সাল আজম জানান, জেলার একমাত্র রেণু পোনা উৎপাদনের মিনি হ্যাচারিটি বোদা উপজেলা সদরে অবস্থিত। এ হ্যাচারিটি উৎপাদনে যেতে না যেতেই এক বছরের মধ্যে বন্ধ হয়ে যায়। তিনি স্বীকার করে বলেন, ১৬ বছর ধরে বন্ধ থাকায় এই মিনি হ্যাচারির অনেক যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে। মৎস্য বিভাগের অবসরপ্রাপ্ত উপপরিচালক হাসমত আলী হ্যাচারিটি সম্পর্কে বলেন, ১৯৯৩ সালে বোদা উপজেলাসহ ১৭টি উপজেলায় মিনি হ্যাচারি স্থাপন করা হয়। এই হ্যাচারিগুলো স্থাপনে খরচ হয় ২৮ কোটি ৯০ লাখ টাকা। এ খাতে বছরে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয় ১২ কোটি টাকা। তিনি আরও বলেন, এ প্রকল্পের প্রস্তাবনায় কারিগরি বিষয়সহ জনবল ও উন্নত জাতের বীজ সংগ্রহের জন্য প্রয়োজনীয় বরাদ্দের কথা সুনির্দিষ্ট ছিল না, শুধু অবকাঠামো স্থাপন করে রেণু উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছিল। জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় মোট পুকুরের সংখ্যা সাত হাজার ১৮৩, জলাশয়ের আয়তন এক হাজার ৫১৮ হেক্টর। মাছের চাষ হয় পাঁচ হাজার ৫২২টিতে। অনাবাদি পুকুরের সংখ্যা এক হাজার ১৬৬। জেলায় মাছের চাহিদা ১৩ হাজার ১২৩ মেট্রিক টন আর উৎপাদন হয় চার হাজার ১৮৬ মেট্রিক টন। মাছের ঘাটতি আট হাজার ৯৩৪ মেট্রিক টন। জেলায় পোনার চাহিদা এক কোটি ২৪ লাখ আর বেসরকারিভাবে উৎপাদন হয় ৪৯ লাখ।মৎস্যচাষিরা অভিযোগ করে বলেন, বর্ষা এলেই বগুড়া ও নাটোর এলাকা থেকে কিছু অসৎ রেণু ও পোনা ব্যবসায়ী উন্নত জাত বলে সাধারণ মৎস্যচাষিদের প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। ফলে প্রতারণার ভয়ে এখন মৎস্য চাষও কমে গেছে। সরকারিভাবে রেণু ও পোনা না পাওয়ায় বেসরকারিভাবে উৎপাদিত রেণু ও পোনা সংগ্রহ করে পুকুরে বা জলাশয়ে অবমুক্তির পর দেখা যায়, এসব পোনা নিম্ন জাতের। অপুষ্টিজনিত কারণে এদের মোটা, তাগড়া হওয়ার শক্তি নেই।বোদা উপজেলার আমতলা গ্রামের মৎস্যচাষি মো. আনোয়ার হোসেন একই অভিযোগ করেন। মৎস্য উৎপাদন বৃদ্ধি ও আমিষের ঘাটতি পূরণের লক্ষ্যে অকিলম্বে বোদা উপজেলা সদরের মিনি হ্যাচারিটি চালুর দাবি জানান তিনি। জেলা মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান বলেন, জেলায় মৎস্য চাষ বৃদ্ধির জন্য কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। মিনি হ্যাচারি চালু করতে পারলে রেণু পোনার চাহিদা কিছুটা হলেও মেটানো সম্ভব হবে। জেলার করতোয়া নদীতে দুটি মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে।