সাতটা নয়, পাঁচটা নয়, একটাই বোন। তার বয়স এখন ষাটোর্ধ্ব। সেই মেয়েবেলা থেকে সংসারের ঘানিটা টেনে এখন বড় ক্লান্ত। গত ঈদে সবাই যখন ঈদের আনন্দে ব্যস্ত, সে তখন হাসপাতালে পোস্ট অপারেশন স্টেজে। সেদিন দেখতে গেলাম, তার চলাফেরায় কষ্ট হচ্ছে। কখনো ছোট ছেলে, কখনো বড় মেয়ে (গৃহিণী) তার দেখাশোনা করছে। বোনটির বিয়ে হয়েছে সেই চল্লিশের দশকের শেষের দিকে। একান্ত বাল্যবিবাহই বলা যায়। সেখানে গ্রাম-গঞ্জে অনেক বাল্যবিবাহ হতো। ব্রিটিশ আমলে তো আইনি বিয়েও হয়েছে। আমার এক বোনের নাকি দুই বছর বয়সে বিয়ে হয়ে গেছে। বিয়ের পরপর সে মারা যায়। সেই আইনি দুলাভাইকে আমি দেখেছি।আমার ভগ্নিপতি ছিল আমারই সহপাঠী। পরে অবশ্য এক বছরের জুনিয়র হয়ে যায়। সে যুগে গ্রামবাংলায় বিয়ে-শাদির আগে সবাই বংশ দেখে যাচাই-বাছাই করে পাত্র-পাত্রী ঠিক করত। নিজেদের আত্মীয়স্বজনের মধ্যে বেশি আত্মীয়তা করা হতো। মামাতো ভাই, ফুফাতো বোন, চাচাতো বোন, চাচাতো ভাই কিংবা খালাতো ভাই, খালাতো বোনদের মধ্যে আত্মীয়তার বন্ধন গড়ে উঠত। প্রেম, প্রীতি কিংবা ভালোবাসা এতটা ছিল না। বিয়ের পর ভালোবাসায় অটুট বন্ধন গড়ে উঠত। ধার্মিক পরিবার কিংবা যাদের দশ গ্রামে নাম আছে, এমন পরিবারের মধ্যে আত্মীয়তা হতো। তেমনই একজন গনি হাজির নাতির সঙ্গে ওয়াজদ্দি হাজির নাতনির বিয়ে হয়। সেই মেয়েবেলায়, অর্থাৎ ১০-১২ বছর বয়সেই দুটি পরিবারই ছিল নামকরা গৃহস্থ পরিবার।অনেক কৃষিজমির মালিক, গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি কোনো কিছুর অভাব নেই। গোলা ভরা ধান, পুকর ভরা মাছও ছিল। সেই পরিবারে বউ হয়ে আসে আমার বোন। একদিকে কৃষক পরিবারের নানা কাজ, তার ওপর সন্তান পালন, কষ্ট করেই সংসার চালাতে হতো। খাওয়া-পরার অভাব নেই। হঠাৎ ভগ্নিপতি একটা বিয়ে করে বসে। আমাকে অবশ্য জানিয়েছিল। আমি তাকে নিষেধও করিনি, ওই বিয়েতে মতও দিইনি। কারণ, তার মা-বাবার নাকি ইচ্ছা। আমার ডাক্তার ভগ্নিপতি দ্বিতীয় বিয়ে করলেন। ‘সতিনের ঘর করে নড়বড়’—তা-ই হলো। তিনি আর্থিক দৈন্যদশায় পড়লেন। ধানি জমি বিক্রি করে সংসার চালাতে লাগলেন। আমার বোন ছোট বাচ্চাদের লালন-পালন করে তাদের মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে। তাকে রত্নগর্ভা মা বলা যেতে পারে। এখন তার চার ছেলেই বিদেশে, মেয়েরাও সমাজে প্রতিষ্ঠিত। এত কষ্টের পর যখন একটু সুখ অনুভব করবে, তখনই সে নিজের শরীরের রোগব্যাধি নিয়ে মানসিক অশান্তিতে ভুগছে। দোয়া করি, সে ভালো হয়ে যাক। নাতি-নাতনিদের নিয়ে সুখে থাক।এ এন ওয়াহিদঝিগাতলা, ঢাকা।