বোনকে অভিনন্দন জানালেন সোহেল তাজ
গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ায় সিমিন হোসেন রিমিকে খুদেবার্তা (মেসেজ) পাঠিয়ে অভিনন্দন জানিয়েছেন তাঁর ছোট ভাই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। আজ রোববার রাজধানীর বনানীর ডিওএইচএসের বাসায় সাংবাদিকদের কাছে রিমি এ কথা জানান। সিমিন হোসেন বলেন, ‘ভাই সোহেল তাজের প্রতিদ্বন্দ্বী নয়, কাপাসিয়ার “অভিভাবকহীন” জনগণের দায়িত্ব নেওয়ার জন্যই আমি এই আসনের আসন্ন উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছি। কাপাসিয়াবাসীর অনুরোধ ও ভালোবাসার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচনে বিজয়ী হয়ে কাপাসিয়ার জনগণের সেবায় আমি নিজেকে নিয়োজিত করতে চাই।’ মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দেশের প্রাচীনতম দল আওয়ামী লীগ এই আসনে তাঁকে দলীয় মনোনয়ন দিয়ে জনকল্যাণে কাজ করার সুযোগ দেওয়ায় রিমি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী ৩০ সেপ্টেম্বর উপনির্বাচনকে সামনে রেখে সিমিন হোসেন রিমি বলেন, ‘নির্বাচনের ব্যাপারে আমি বলেছিলাম চিন্তা করে দেখব। আর এটাকেই অনেকে পজিটিভ মনোভাব হিসেবে দেখেছেন। কাপাসিয়ার জনগণের এমন মনোভাব দেখে একপর্যায়ে মনে হলো নির্বাচন করাই যুক্তিযুক্ত। আর তাই সম্মত হয়েছি। আশা করি নির্বাচনে সবার সহযোগিতা ও সমর্থন পাব।’ কাপাসিয়া আওয়ামী লীগের নেতা-কর্মীরা আজ সিমিন হোসেন রিমির বাসায় গিয়ে তাঁকে অভিনন্দন জানান এবং নির্বাচনে বিজয়ী হতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। ভাই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজের পদত্যাগের পর শূন্য হওয়া আসনে নির্বাচন করা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিমি বলেন, ছোট ভাই সোহেল তাজের প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, তিনি নির্বাচন করছেন কাপাসিয়ার জনগণের দায়িত্ব নিতে।ছোট ভাই সোহেল তাজ প্রসঙ্গে রিমি আরও বলেন, ‘সবার একটা ব্যক্তিস্বাতন্ত্র্য রয়েছে। ওর কর্মক্ষেত্রে হয়তো ও (সোহেল তাজ) সঠিক ছিল। তবে আমি বলতে পারি, ভাইয়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে আমি নির্বাচন করছি না।’ রিমি বলেন, কাপাসিয়ায় আমি ছোটবেলা থেকেই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। সেখানে একটি পাঠাগার নির্মাণ, শিশুদের সচেতন করার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা, স্কাউটস আন্দোলন এবং কাপাসিয়ার প্রায় ৫০টি স্কুলকে এতে সম্পৃক্ত করেছি। এ ছাড়া মাদকবিরোধী আন্দোলনও পরিচালনা করে আসছি।গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে বিএনপিকে অংশ নেয়ার আহ্বান জানিয়ে রিমি বলেন, ‘আমি একটি বার্তা দিতে চাই, সেটা হচ্ছে রাজনীতি মানে জনকল্যাণ, মানুষের সেবা করা। আমি সারা জীবন এ কাজটি করে যেতে চাই।’সোহেল তাজ রাজনীতিতে এসেও কোনো ছাড় দেননি, আপনি কি ছাড় দেবেন? সাংবাদিকের এমন প্রশ্নের জবাব এড়িয়ে গিয়ে রিমি বলেন, ‘আমি মনে করি বুদ্ধি করে চললে সমস্যা হওয়ার কথা না।’ মন্ত্রিত্ব দেওয়া হলে তা গ্রহণ করবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘মন্ত্রিত্ব বড় কথা নয়, বরং কর্মী হিসেবে কাজ করে যেতে চাই।’