বোনকে খুন করে পুলিশের হাতে ধরা দিলেন ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোনকে খুন করে পুলিশের হাতে ধরা দিয়েছেন কলেজছাত্র মিঠুন বালা (২০)। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর সবুজবাগ থানার পুলিশ এ যুবককে গ্রেপ্তার করে।পুলিশ জানায়, রাজধানীর মাদারটেকের একটি বাসায় মিঠুন তাঁর সৎ বোন রেখা রহমানকে (৩৫) কুপিয়ে খুন করেন। এরপর নিজেই পুলিশের হাতে ধরা দেওয়ার বিষয়টি বাড়ির মালিককে জানান। তাঁরা পুলিশ ডেকে মিঠুনকে তাদের হাতে তুলে দেন। মিঠুন কবি নজরুল কলেজের ব্যবস্থাপনা বিভাগের সম্মান প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে।থানার পুলিশ জানায়, পশ্চিম মাদারটেকের একটি বাড়ির চতুর্থ তলায় এ খুনের ঘটনা ঘটেছে। এ বাসায় রেখা রহমান তাঁর ছোট ভাই কলেজছাত্র মিঠুন বালাকে নিয়ে ভাড়া থাকতেন। রেখার কোনো সন্তান নেই, স্বামী কামরুল হাসান সিঙ্গাপুর-প্রবাসী। ওই বাড়ির মালিকের ফোন পেয়ে বৃহস্পতিবার রাত সোয়া দুইটায় পুলিশ গিয়ে রক্তমাখা চাপাতি হাতে মিঠুনকে দেখতে পায়। মিঠুন পুলিশকে জানান, ‘আমি আমার বোনকে খুন করেছি। পাশের রুমে সে মরে পড়ে আছে। আমি ধরা দিতে চাই।’ এরপর পুলিশ বাসার ওই কক্ষ থেকে মিঠুনের বোনের মৃতদেহ উদ্ধার করে। পরে মিঠুনকে গ্রেপ্তার করা হয়।বাড়িওয়ালা আবদুল মোতালিব প্রথম আলোকে জানান, চতুর্থ তলা থেকে চিৎকার শুনে তাঁর ছোট ছেলে ফয়জুল হাসান সেখানে গিয়ে দরজার কড়া নাড়ে। মিঠুন ভেতর থেকে উত্তর দেয়, ‘আমি আমার বোনকে খুন করেছি। পুলিশে খবর দাও।’ খবর পেয়ে তিনি ওপরে গিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে পুলিশকে জানান।থানা হেফাজতে মিঠুন প্রথম আলোকে জানান, আট মাস আগে রেখার স্বামী কামরুল দেশে আসেন। তিনি পশ্চিম মাদারটেকের বাসায় বোনের সঙ্গে মিঠুনকে থাকতে বলেন। ভগ্নিপতি সিঙ্গাপুরে চলে যাওয়ার পর মিঠুন রেখার সঙ্গেই থাকতে শুরু করেন। বৃহস্পতিবার সকালে রেখা বাসা থেকে বের হন এবং বেলা দুইটার দিকে ফিরে আসেন। দীর্ঘক্ষণ বাইরে থাকা নিয়ে তাঁর সঙ্গে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। এভাবে ঝগড়া করে রাত ১০টার দিকে রেখা তাঁর কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে মিঠুন চাপাতি নিয়ে ওই কক্ষে ঢুকে রেখাকে ঘুম থেকে ডেকে তোলেন। এরপর উপর্যুপরি কোপাতে থাকেন। একপর্যায়ে রেখা মেঝেতে পড়ে নিস্তেজ হয়ে যান।মিঠুন দাবি করেন, তাঁর বোনের সঙ্গে অনেক লোকের অনৈতিক সম্পর্ক ছিল। প্রায় প্রতি সন্ধ্যায় তাঁর বাসায় অচেনা লোক আসত। এটা তিনি সহ্য করতে পারতেন না। এ কারণে তাঁকে খুন করার সিদ্ধান্ত নেন।মিঠুন পুলিশের কাছে স্বীকার করেন, খুনের তিন-চার দিন আগে তিনি খিলগাঁও রেল গেট এলাকা থেকে ৩৮০ টাকা দিয়ে একটি চাপাতি কেনেন। সেটা ব্যাগে করে বাসায় নিয়ে লুকিয়ে রেখেছিলেন। এ ঘটনায় তিনি অনুতপ্ত নন, তাঁর ফাঁসি হোক বলে তিনি পুলিশকে জানান।তবে বাড়িওয়ালা আবদুল মোতালিব জানান, রেখার বাসায় বাইরের কোনো লোক আসতে তিনি দেখেননি।সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, মিঠুনের দেওয়া বক্তব্য যাচাই করা হচ্ছে।সিঙ্গাপুরে অবস্থানরত কামরুল হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তাঁর স্ত্রীর সঙ্গে কারও কোনো সম্পর্ক নেই। এ ধরনের কোনো বিষয় তাঁর চোখে পড়েনি। কিংবা মিঠুনও এ ব্যাপারে তাঁকে কিছু জানাননি। তিনি আরও জানান, চার মাস আগে রেখা তাঁর ভাইদের কাছ থেকে গোপালগঞ্জে দেড় লাখ টাকায় ১২ কাঠা জমি কেনেন। ইতিমধ্যে ৬১ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। জমি কেনার পর মিঠুনের পুরো দায়িত্ব তাঁরা নিয়েছেন।গতকাল ঢাকা মেডিকেল কলেজ মর্গে রেখার আরেক ভাই যতীশ বালা জানান, রেখা এর আগেও দুটি বিয়ে করেন। সেসব বিয়ে টেকেনি। আট বছর আগে ঢাকায় এসে হিন্দুধর্ম ত্যাগ করে কামরুলকে বিয়ে করেন। দুই পক্ষের পরিবার প্রথম দিকে এটা মেনে না নিলেও পরে মেনে নেয়। কামরুলের মামা ইদ্রিস আলী এই প্রতিবেদককে জানান, কামরুল সিঙ্গাপুরে নির্মাণশ্রমিকের কাজ করেন। চার বছর আগে তিনি সিঙ্গাপুরে যান। তিনি জানান, জায়গাজমি নিয়ে মিঠুনদের সঙ্গে রেখার দ্বন্দ্ব চলছে বলে তিনি শুনেছেন। নিহত রেখার গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিয়ারচর গ্রামে। বাবার নাম জিতেন বালা।