বোনের লাঞ্ছনার প্রতিবাদ করায় প্রাণ গেল রেজাউলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বোনের লাঞ্ছনার প্রতিবাদ করতে গিয়ে লাঞ্ছনাকারীদের মারধরে গতকাল শনিবার রেজাউল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে চারজনকে। এদিকে মেয়েদের উত্ত্যক্ত (ইভ টিজিং) করার দায়ে ফরিদপুর, মুন্সিগঞ্জ ও শেরপুরে তিন বখাটে যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:চাঁপাইনবাবগঞ্জ: নাচোল উপজেলার চন্দনা গ্রামের আবদুল লতিফের ছেলে আসাদুল্লাহর (৩৮) কাছে গত শুক্রবার বিকেলে পাওনা টাকার জন্য যান একই গ্রামের জিল্লুর রহমানের এক মেয়ে (৩৫)। কিন্তু আসাদুল্লাহ টাকা না দিয়ে উল্টো তাঁকে লাঞ্ছিত করেন। বিষয়টি জানতে জিল্লুর রহমানের দুই ছেলে রেজাউল ইসলাম ও তহরুল ইসলাম সন্ধ্যার দিকে আসাদুল্লাহর বাড়িতে যান। এতে ক্ষিপ্ত হয়ে দুই ভাইকে প্রচণ্ড মারধর করেন আসাদুল্লাহ ও তাঁর পরিবারের লোকজন। গুরুতর আহত দুই ভাইকে প্রথমে রহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে গতকাল সকালে রেজাউল (৪০) মারা যান। নাচোল থানার পরিদর্শক (তদন্ত) মতিউর রহমান জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী তানজিলা খাতুন বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ আসাদুল্লাহসহ চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন আসাদুল্লার বাবা আবদুল লতিফ, ভাই কুরবান আলী ও তার সহযোগী আশরাফুল ইসলাম।ফরিদপুর: মধুখালী উপজেলার গোপালদী উচ্চবিদ্যালয়ের দুই ছাত্রী গত বৃহস্পতিবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে মুঠোফোনে তাদের ছবি ধারণ করে বখাটে যুবক জিয়াউর রহমান। এর প্রতিবাদ জানালে দুই ছাত্রীকে গালিগালাজও করা হয়। এ ঘটনায় পরের দিন মধুখালী থানায় অভিযোগ করা হয়। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ জিয়াউরকে গ্রেপ্তার করে।মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মোস্তফা কামাল জানান, গতকাল দুপুরে উপজেলা পরিষদে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জিয়াউরকে এক বছরের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়। জিয়াউর একজন টাইলস মিস্ত্রি। সে বগুড়ায় কাজ করে। ছুটিতে সে বাড়িতে এসেছিল।মুন্সিগঞ্জ: টঙ্গিবাড়ী উপজেলার বিক্রমপুর কলেজের কয়েকজন ছাত্রী গতকাল দুপুরে বাড়ি ফেরার পথে তাদের উত্ত্যক্ত করছিল নাঈম নামের এক বখাটে যুবক। এ সময় পুলিশ তাকে হাতেনাতে আটক করে। পরে ইউএনও আবদুল জলিল ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নাঈমকে এক বছরের কারাদণ্ড দেন। তার বাড়ি একই উপজেলার আড়িয়ল গ্রামে।শেরপুর: সদর উপজেলার ভীমগঞ্জ হাইস্কুলের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল বখাটে যুবক শাকিল হাসান। গতকাল সকালেও স্কুলে যাওয়ার পথে তাকে উত্ত্যক্ত করা হয়। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় থানায় মামলাও হয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শাকিলকে ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড দেন। তার বাড়ি সদর উপজেলার বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়নে।