বোমা তৈরির উপকরণসহ আটক ৭
রাজধানীর জুরাইন ও মহাখালীতে অভিযান চালিয়ে ১১টি গুলি ও বোমা তৈরির উপকরণসহ সাতজনকে আটক করা হয়েছে। আজ বুধবার সকালে মহাখালীর সাততলা বস্তি ও গতকাল মঙ্গলবার জুরাইনের মমিনবাগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পৃথক দুটি দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে।জুরাইন: র্যাবের কর্মকর্তারা জানান, গতকাল রাতে জুরাইনের মমিনবাগ এলাকার একটি টিনশেড বাড়িতে র্যাবের সদস্যরা অভিযান চালান। এ সময় ককটেল তৈরির উপকরণ হিসেবে ১০০ গ্রাম সালফার, ৫০ গ্রাম গান পাউডার ও এক কেজি পাথরদানা উদ্ধার করা হয়। হরতাল উপলক্ষে এসব উপাদান দিয়ে ককটেল বানিয়ে তা বিক্রি করা হয় বলে কর্মকর্তারা জানান।আটক ব্যক্তিরা হলেন: মোস্তাফিজুর রহমান (৩২), রফিকুল ইসলাম (২৬), মোহসীন (৩০), আবদুস সাত্তার (৩২), আলিম মিয়া (২৫) ও জামাল হোসেন (২৫)।মহাখালী: গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল আটটার দিকে সাততলা বস্তি এলাকায় অভিযান চালিয়ে ১১টি গুলি ও বোমা তৈরির বিস্ফোরকসহ একজনকে আটক করেছে র্যাব-১-এর একটি দল। র্যাব-১-এর পরিচালক লে. কর্নেল কিসমত হায়াত জানান, আটক ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য জায়গায় অভিযান চালানো হবে।