বোমা প্রস্তুতকারী ডিকেন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাংসদ আফাজ উদ্দিন আহমেদের বাড়িতে বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে আবদুস সালাম ওরফে ডিকেন (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানার পুলিশ।আজ শুক্রবার ভোরে পার্শ্ববর্তী মেহেরপুর জেলার গাংনি উপজেলার মোহাম্মদপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে এ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। কাল শনিবার ডিকেনকে আদালতে হাজির করা হবে।দৌলতপুর থানার পুলিশ সূত্র জানায়, সাংসদের বাড়িতে বোমা হামলায় গ্রেপ্তার হওয়া আসামিদের তথ্যের ভিত্তিতে পুলিশের অভিযান অব্যাহত ছিল। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সাংসদের বাড়িতে বোমা হামলায় জড়িতদের অন্যতম আসামি ডিকেন মোহাম্মদপুর গ্রামে অবস্থান করছেন। গতকাল মধ্যরাতেই দৌলতপুর থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। ডিকেনকে গ্রেপ্তারের পর তাঁকে নিয়ে জড়িত অন্যদের ধরতে আজ দুপুর পর্যন্ত অন্যান্য জায়গায় আরও অভিযান চালানো হয়।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন আজ বিকেলে প্রথম আলোকে বলেন, ডিকেন বোমা হামলার ঘটনায় জড়িত থাকার কথা প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করেছে। সাংসদের বাড়িতে যে বোমাটি বিস্ফোরিত হয়েছিল, সেটি তৈরির সঙ্গে ডিকেন জড়িত ছিল। এ মামলার প্রধান আসামি জাহিদুলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা আছে।আলমগীর হোসেন আরও জানান, ডিকেন পেশায় একজন বৈদ্যুতিক কারিগর। সে দৌলতপুর উপজেলার কামালপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।উল্লেখ্য, গত ১৩ নভেম্বর রাতে সাংসদ আফাজ উদ্দীন আহমেদের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় এক শিক্ষকসহ দুই হামলাকারী নিহত হয়। এ ঘটনায় মামলার প্রধান আসামি জাহিদুল ইসলাম, জামিরুল ইসলাম ওরফে বোমারু মরু ও মিন্টু নামের তিনজন জেলে আছেন।