বোমা বানাতে গিয়ে জামায়াত কর্মী নিহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামে বোমা বানাতে গিয়ে জামায়াত কর্মী ইসমাইল হোসেন ওরফে সুমন (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওয়ার্ড জামায়াতের নেতাসহ দুজনকে আটক করা হয়েছে।পুলিশ জানায়, বিস্ফোরণের ঘটনায় বাড়ির মালিক জামায়াতের কর্মী মো. মোহাদ্দেছসহ আরও অন্তত তিন-চারজন আহত হয়েছেন। তবে তাঁরা কোথায় আছেন, সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। নিহত ইসমাইল কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলী আহমঞ্চদের ছেলে এবং স্থানীয় জামায়াতের কর্মী। অবশ্য নিহত ইসমাইল হোসেন ও আহত মোহাদ্দেছের সঙ্গে জামায়াতের দলীয় কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন দলটির উপজেলা সেক্রেটারি মাওলানা মোশারফ হোসেন। মুঠোফোনে মোশারফ প্রথম আলোকে বলেন, ‘তাঁরা একসময় জামায়াত-শিবির সমর্থন করলেও বর্তমানে জামায়াতের কোনো কর্মকাণ্ডে তাঁদের ডাকা হয় না।’পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার রাত ১২টার দিকে সিরাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের এনু মিয়ার বাড়ির প্রবাসী জামায়াতের কর্মী মো. মোহাদ্দেছের ঘরে বোমা বানানোর সময় বিকট শব্দে একটি বোমার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে বোমা বানানোর কাজে নিয়োজিত ইসমাইল হোসেন ওরফে সুমনসহ অজ্ঞাত আরও তিন-চারজন গুরুতর আহত হন এবং টিনসেড ঘরটির ওপরের চাল ও আশপাশের বেড়া বিধ্বস্ত হয়।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহামঞ্চদ সাজেদুর রহমান জানান, বিস্ফোরণের খবর শুনেই তিনি ঘটনাস্থলে গিয়ে বাড়িটিতে কাউকে পাননি। পরে বসুরহাট-কবিরহাট সড়কের করালিয়া এলাকা থেকে আহত ইসমাইলকে আটক করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপতালে নেওয়ার পর সেখানে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাতে সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি জামাল উদ্দিন (৩২) ও শাহজাদপুর গ্রামের শিবিরের কর্মী সামছুদ্দিন মানিককে (২২) আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।