বোমা মারার হুমকির অভিযোগে আমিনীর বিরুদ্ধে জিডি
বোমা মেরে হুমকি দেওয়ার অভিযোগে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির ফজলুল হক আমিনীর বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রাজধানীর চকবাজার থানায় আজ সোমবার মামলাটি করেন চকবাজারের বড় কাটরার হজরত মাওলানা আবদুল ওয়াহাব পীরজি হুজুর ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লী মাওলানা রশীদ আহমদ।মামলায় রশিদ আহমদ অভিযোগ করেন, ক্ষমতার অপব্যবহার করে আমিনী ২০০৩ সালে ওয়াকফ এস্টেটের আওতাধীন হোসাইনিয়া আশরাফুল উলুম মাদ্রাসাটি দখল করে সেটিকে জঙ্গি আস্তানায় পরিণত করেছেন। গতকাল রোববার তিনি এর বিরুদ্ধে ঢাকা রিপোর্টারস ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে আমিনী তাঁর সন্ত্রাসীদের দিয়ে তাঁকে হুমকি দিচ্ছেন।রশিদ অভিযোগ করেন, আমিনী তাঁর পেছনে সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছেন। আমিনীর কর্মী পরিচয় দিয়ে একজন তাঁকে রাতে ফোন করে গালিগালাজ করেন এবং পরিবারসহ সবাইকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। তাই নিরাপত্তাহীনতার কারণে তিনি জিডি করলেন।তবে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির প্রচার সম্পাদক ওহালুল্লাহ ওয়াসেল বলেছেন, আমিনীর বিরুদ্ধে এ ধরনের মামলার অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট।চকবাজার থানার দায়িত্বরত কর্মকর্তা আমিরুল ইসলাম প্রথম আলোকে জানান, আজ বিকেলে মাওলানা রশীদ আহমদ এ জিডিটি করেছেন। ঘটনার তদন্ত চলছে।