বোমা হামলাকারী ধরতে বোস্টনে পুলিশের চিরুনি অভিযান
বোস্টনের সন্দেহভাজন বোমা হামলাকারীদের ধরতে যুক্তরাষ্ট্রের পুলিশ আজ শুক্রবার বোস্টন শহর ও এর আশপাশের এলাকা ঘিরে চিরুনি অভিযান শুরু করেছে। সকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক সন্দেহভাজন ব্যক্তি নিহত হওয়ার পর দ্বিতীয়জনকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে আল জাজিরা। বোস্টনের পুলিশ কমিশনার এড ডেভিস বলেন, ‘বোস্টন শহরের কোনো এক স্থানে হামলাকারী আশ্রয় নিয়েছে। ওয়াশিংটনের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমরা নিবিড়ভাবে কাজ করছি। সব ধরনের ডেটাবেজ ও গুরুত্বপূর্ণ নথি খুঁজে দেখা হচ্ছে। যদি আপনারা সন্দেহ করার মতো কিছু খুঁজে পান, আমাদের দয়া করে জানাবেন।’ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির ক্যাম্পাসে গতকাল বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের গুলিতে পুলিশের এক সদস্য নিহত হওয়ার পর এ চিরুনি অভিযান শুরু হয়।পুলিশ বলছে, বর্তমান ‘অস্থির পরিস্থিতিতে’ আজ শুক্রবার তারা ঘরে-ঘরে, পথে-পথে তল্লাশি শুরু করেছে।এনবিসি নিউজ ও অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, পুলিশের ধারণা, সন্দেহভাজন বোমা হামলাকারীরা রাশিয়ার চেচনিয়ার বংশোদ্ভূত।নিউইয়র্ক টাইমস সংবাদপত্রের ওয়েবসাইটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, পলাতক জোকার এ সারনায়েভ একজন ১৯ বছর বয়সী, যিনি এসেছেন কেমব্রিজ থেকে। তাঁর ভাই তামেরলেন সারনায়েভ, যিনি গতরাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।এলাকাবাসীকে হুঁশিয়ারিম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের পুলিশ স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে দিয়ে বলেছে, যতক্ষণ তল্লাশি চলবে, ততক্ষণ যেন কেউ নিজের বাসার দরজা না খোলে। এড ডেভিস বলেন, ‘আমাদের ধারণা, হামলাকারী একজন সন্ত্রাসী। আমাদের বিশ্বাস, সে এখানে এসেছে মানুষ খুন করতে। তাকে আটক করা খুবই জরুরি।’যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই) এর আগে সন্দেহভাজন হামলাকারীদের ভিডিও ও স্থিরচিত্র প্রকাশ করেছে। বোমা বিস্ফোরিত হওয়ার কয়েক মিনিট আগে সন্দেহভাজনের ধারণ করা যে ছবি এফবিআই প্রকাশ করেছে তাতে দেখা গেছে, তাঁদের কাঁধে ব্যাগ আর মাথায় ছিল বেসবল টুপি। তাঁদের ধরিয়ে দিতে জনগণকে আহ্বান জানিয়েছে পুলিশ।বোস্টন পুলিশ আজ শুক্রবার জানিয়েছে, তল্লাশিকাজে সুবিধার জন্য ম্যাসাচুসেটসের জনপরিবহন কর্তৃপক্ষকে সব যান চলাচল বন্ধ করে দিতে বলা হয়েছে। জনসাধারণকেও ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।