বোমা হামলাকারীদের খোঁজে পুলিশ, জাতিসংঘের নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মুম্বাই নগরে গতকাল বুধবারের বোমা হামলায় দায়ীদের খোঁজে নেমেছে পুলিশ। মুম্বাইয়ের পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। গতকাল সন্ধ্যায় মুম্বাইয়ে পরপর তিনটি বোমা বিস্ফোরিত হয়। আজ বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই হামলায় ১৮ জন নিহত ও ১৩১ জন আহত হয়েছে। তবে গতকাল বলা হয়েছিল, তিন বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত ও ১৩১ জন আহত হয়।মুম্বাই পুলিশ হামলার জন্য দেশটির স্বল্প পরিচিত সন্ত্রাসী সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনকে (আইএম) সন্দেহ করে। আইএম পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার অন্যতম সহযোগী সংগঠন।তবে স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম জানিয়েছেন, এ পর্যায়ে হামলার জন্য কারা দায়ী তা বলার সময় আসেনি।মুম্বাই পুলিশও জানিয়েছে, প্রাথমিকভাবে তারা এমন কোনো তথ্যপ্রমাণ পায়নি, যার ভিত্তিতে এ হামলার জন্য পাকিস্তানভিত্তিক কোনো গোষ্ঠীকে দায়ী করা যায়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী গতকালের হামলার দায় স্বীকার করেনি। মার্কিন প্রেসিডেন্ট বরাক ওবামার পর জাতিসংঘের মহাসচিব বান কি মুনও এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। ফ্রান্সের পক্ষ থেকেও হামলার নিন্দা জানানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম জানিয়েছেন, গতকালের বিস্ফোরণ দূর নিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমে ঘটানো হয়নি। বিস্ফোরণ ঘটাতে অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়েছে। তিনি জানান, গতকালের হামলার বিষয়ে গোয়েন্দাদের কাছে কোনো আগাম তথ্য ছিল না। তবে এটাকে তিনি গোয়েন্দাদের ব্যর্থতা মানতে অস্বীকৃতি জানিয়েছেন।